কুসংস্কার,হিংসা,হানাহানি,যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রত্যাশায় ধ্বনিত হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বর্ণিল আয়োজনে যোগদেয় সর্বস্তরের মানুষ। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল অন্ধকার ভেদ কোরে আলো ছড়াতে-আমরা তিমিরবিনাশী। অন্যায় -অনাচার দূর কোরে নতুন সম্ভাবনায় ভরে উঠবে নতুন বর্ষ,এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া সকলের।
বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দিনটির অপেক্ষায় থাকে। ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩১ সালকে স্বাগত জানিয়েছেন, নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা সফল করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে থাকে নানা বয়সী মানুষ। পুরোনো গ্লানি আর হতাশা ভুলে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায়, নতুন বছর বরণ করে নেয় তারা।
বর্ষ বরণের এই আনন্দ শুধু বাঙ্গালীদের নয়, ভিনদেশীদের কাছেও এই আয়োজন ছিল আনন্দময়। এবারের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছেন সবাই।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।
মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত ছিল সোয়াত,র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
