post
বাংলাদেশ

সামান্য বেড়েছে রিজার্ভ

আসছে কোরবানির ঈদ। সব সময় ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ে। এছাড়া, ডলার রেট বাড়ায় রপ্তানি আয়ও বাড়ছে। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কিছুটা বেড়েছে। তবে, ব্যবহারযোগ্য রিজার্ভ এখনো ১৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ১৮ দশমিক ৬ বিলিয়ন। গত সপ্তাহে অর্থাৎ ১৫ মে গ্রস রিজার্ভ নেমেছিল ২৩ দশমিক ৭২ ‍বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৩০ বিলিয়ন। তবে, বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ দশ‌মিক ৯৮ বিলিয়ন ডলার। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

post
বাংলাদেশ

নারীদের অংশগ্রহণে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের পুঁজিবাজারে নারীদের আরও বেশি ভূমিকা রাখার সুযোগ আছে। নারীদের অংশগ্রহণে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে।বুধবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত ‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার- ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান। ড. শিরীন শারমিন বলেন, পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ অধিকতর করার লক্ষ্যে আজকের যে অনুষ্ঠান এজন্য আমি বিএসইসিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ সমগ্র বিশ্বে নারী ক্ষমতায়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অগ্রদূত। প্রধানমন্ত্রী বাংলাদেশকে সমগ্র বিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতে হবে যেন নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রে শক্ত অবস্থান তৈরি করতে পারে। পুঁজিবাজারে নারীদের বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। নারীরা বিনিয়োগের ক্ষেত্রে যেসকল প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেগুলো দূর করতে হবে। স্পিকার অরো বলেন, পুঁজিবাজার একটা বিশেষায়িত ক্ষেত্র। পুঁজিবাজারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা অপার। মেয়েরা যেভাবে সকল ক্ষেত্রে এগিয়ে আসছে, পুঁজিবাজারেও তারা এগিয়ে আসবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। পুঁজিবাজারে জেন্ডার গ্যাপ দূর করতে হবে। পুঁজিবাজারে নারীদের সেভাবে অংশগ্রহণ বাড়াতে পারিনি। শতকরা ২৪ ভাগ নারীদের অংশগ্রহণ পুঁজিবাজারে৷ ২০০৭ সালে যা সাড়ে ৭ লাখ ছিল তা কমে ৪ লাখের কাছাকাছি নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পুঁজিবাজারে অংশগ্রহণ অনেক বেশি। তাই এই বিষয়টিকে নিয়ে এনালাইসিস করার সুযোগ আছে। আমি মনে করি যেহেতু নারীরা প্রতিটি খাতে ভূমিকা রাখছে, সেহেতু পুঁজিবাজারেও নারীরা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিও অনেক বেশি শক্ত হবে। বিশেষ অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে তথ্য ও প্রযুক্তির উন্নয়ন হয়েছে। তিনি অনলাইন ও অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালু করেছেন। পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য সকলকে সহযোগিতা করতে হবে। পুঁজিবাজার দেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ। পুঁজিবাজারের উন্নয়নে ১৯৭২ সালে দেশের অর্থনীতিকে পুনরূদ্ধার করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন ডিজিটাল বাংলাদেশ না হলে আমাদের ট্রানজেকশনগুলো হতো না। অনুষ্ঠানে বিশেষ অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খান বলেন, আমাদের স্টক মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ কম হবার কারণ হচ্ছে যেসব কোম্পানি বাজারে এসেছে সেগুলো ভালো পারফর্ম করতে পারেনি। আমরা যারা সুযোগ দিয়েছি যেসব কোম্পানিকে সেগুলোকে আমরা সহনীয় হয়ে সুযোগ দিয়েছি। সেক্ষেত্রে সম্পূর্ণ রুলস মেনে সিদ্ধান্তগুলো নিতে হবে। এই কাজটি শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। যেগুলো কোম্পানি অনেকগুলোর শেয়ার ১০ টাকার গুলো ৫ টাকায় নেমে আছে। যেসব ভালো কোম্পানি ভালো ব্যবসা করে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে তাদের শেয়ারের দাম কিন্তু কমছে না। তাই আমাদের কোম্পানি অনুমোদন দেওয়ার আগে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক বিষয়ের ওপর প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার। বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ, অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার এবং অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি মনিজা চৌধুরী ডিশকাসনে অংশ নেন।

post
বাংলাদেশ

বিএনপি দেশ-বিদেশে অপপ্রচার চালিয়েছে

গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে বিএনপি দেশ-বিদেশে ক্রমাগত অপপ্রচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও বাংলাদেশের সংগে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় দাবি কোরে মন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করতে চায় । সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন,এটা নির্বাচনের আগে দেয়া ইউএসএ ভিসা নীতির আওতায় পড়েনা । 

post
বাংলাদেশ

অপকর্ম ঢাকতেই বিরোধীদের ওপর জুলুম

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতেই, বিরোধী নেতা-কর্মীদের ওপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে,শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন । ফখরুল বলেন,রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে, বিএনপির ওপর নিপিড়ন নির্যাতন চালাচ্ছে সরকার । বলেন,একদলীয় শাসন প্রতিষ্ঠায়, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার কোরে বিরোধী মত দমনে নানা কৌশল অবলম্বন করা হছ্ছে। ফখরুল আরও বলেন, ক্ষমতার জন্য নয়,বিএনপি লড়াই করছে গনতন্ত্র পুণরুদ্ধারে। আর এ আন্দোলন সফল না হওয়া পরযনত লড়াই চলবে বলে জানান তিনি।

post
বাংলাদেশ

নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের কর্মসূচি

পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ মে) দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। তারা ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। আর এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে-দেশের বিরোধী দলগুলো যেন তাদের সমালোচনা করতে না পারে। বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।’ ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

post
বাংলাদেশ

ঢাকা জেলা আ.লীগের কার্যালয় পরিদর্শন করলেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ ও সিএফও ফারহানা হানিপ

ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শন করলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়টির সিএফও ফারহানা হানিপ।রবিবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের আমন্ত্রণে রাজধানীর তেজগাঁওয়ে শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগের নিজস্ব অফিসে যান চ্যান্সেলর হানিপ ও তার সহধর্মিণী ফারহানা হানিপ।পরিদর্শন শেষে চ্যান্সেলর হানিপ ও ফারহানা হানিপ বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শন করে আমরা আনন্দিত এবং পনিরুজ্জামান তরুণ ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ও আমাদের এই চমৎকার জায়গাটি দেখার অনুমতি দেওয়ার জন্য।তাঁরা বলেন, ঢাকা শহরটি আমাদের শৈশবকালের অনেক স্মৃতি ধারণ করে, ঢাকা জেলা আওয়ামীলীগ অফিসে এসে আমরা অনেক সম্মানিত বোধ করছি। তাঁরা আরো বলেন, 'স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বাংলাদেশের জন্য গভীর মিশন এবং দৃষ্টি ছিল। জাতির পিতার আজীবন স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।'এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জিএস সরকারী ইস্পাহানি কলেজ ছাত্র সংসদ, আবুল হোসেন খান মুকুল।

post
বাংলাদেশ

বিভিন্ন দূতাবাসে ধরনা দিতো বিএনপি

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধরনা দিতো। দেন-দরবার করতো, নির্বাচনটা যাতে বন্ধ করা যায়। কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, নির্বাচন হয়েছে, ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা না থাকতো বেশি মানুষ ভোট দিতো। গত দু’তিন বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে। সেখানে অনেক দেশে ৪০ শতাংশের কম ভোট পড়েছে। যদিও বা সেখানে নির্বাচনে বর্জন ও প্রতিহতের কোনো হুমকি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন চমৎকার না হলে বিশ্বের ৮০ দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সর্বশেষ দুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এজন্য বিএনপির মাথা খারাপ। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছিলেন। দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিতেই এ সফরে এসেছিলেন তিনি। আমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কীভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এজন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ।

post
বাংলাদেশ

আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার

২০২১ সালের ১৯ ডিসেম্বর কুয়ালালামপুরে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে খোলে, বহুল আলোচিত মালয়েশিয়া শ্রমবাজার। সেসময় চুক্তিটি স্বাক্ষর করেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ চুক্তির ফলে দীর্ঘ তিন বছর পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হয়। উন্মুক্ত হলেও নানা বিতর্কে জড়িয়ে পড়ে শ্রমবাজারটি। এরপর ২০২২ সালের আগস্ট থেকে বৈধভাবে দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির তথ্য মতে, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার লাখ কর্মী মালয়েশিয়া গেছেন। এদিকে, চলতি মাসের ৩১ তারিখ থেকে আবারো বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। যেসব কর্মী এর মধ্যে ভিসা পেয়েছেন বা পাবেন, তাঁদের আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। এরপর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে মালয়েশিয়ার সাথে আবারো কোন চুক্তি হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হয়েছে। আবারো কোটা পেতে কাজ করছে সরকার । অন্যদিকে, মালয়েশিয়া শ্রমবাজার খোলার পর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেজ লিমিটেড- বোয়েসেল বিনা অভিবাসন খরচে দশ হাজার কর্মী পাঠানো কথা থাকলেও গত বিশ মাসে কর্মী পাঠিয়েছেন মাত্র ১ হাজার ৩শ ৮ জন। এ বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তবে,দায়সারা জবাব দেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেজ লিমিটেড- বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। এর আগে, দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। আবারো একই অনিয়মে একই পরিণতি বরণ করতে হলো কর্মীদের।

post
বাংলাদেশ

ফখরুলের কথার দাম নেই

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে আছে- মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল কী করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুলের যে বক্তব্য- এ বক্তব্যের কোনো মূল্য নেই। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের কোনো মিল নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে। পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া

post
বাংলাদেশ

জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে

বর্তমান সরকার পুরোপুরিভাবে নতজানু বলেই, দেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফখরুল বলেন,জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর‌যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারকে নির্যাতন নিপীড়ক সরকার মন্তব্য কোরে তিনি বলেন,জনগণের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। তাই সকল বিভেদ ভুলে গিয়ে,ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যদেশের প্রভুত্ব মেনে,সেদেশের স্বার্থ রক্ষা কোরে চলেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.