post
বাংলাদেশ

১১ প্রকল্পের অনুমোদন একনেকে

পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি বড় প্রকল্পসহ, বিভিন্ন মন্ত্রনালয়ের ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে, একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে, মোট ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ছয় হাজার ৫৪১ কোটি ৫২ লাখ,আর বৈদেশিক ঋণ থেকে সাত হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে। এছাড়া, সভায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে, গত দুইদিন ধরে মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছেন উপকূলীয় এলাকার কয়েক হাজার মানুষ। এ জন্য আগামীতে সাধারণ মানুষ যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়,সেজন্য ল্যান্ডফোনে গুরুত্ব দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন, এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে, তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়া একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের কাছের লোকেরাই সিন্ডিকেট কোরে জনগণের পকেট কাটছে।

post
বাংলাদেশ

২৪ দিনে ১৭৮ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৪ দিনে ১৭৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার রেমিট্যান্স। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।

post
বাংলাদেশ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যার বিষয়ে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা… যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন… তারা বলছেন, তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন-সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোববার (২৬ মে) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’র বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে… আজ বিভিন্নজনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে।’ তিনি বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না।’

post
বাংলাদেশ

আইএমএফ’র তৃতীয় কিস্তির অর্থ জুনেই আসবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ, জুনেই পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে, সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী জানান,ডলারের প্রবাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখানে অনেক নেগোসিয়েশন আছে। তবে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন মন্ত্রী।

post
বাংলাদেশ

বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি এখনও মাথাচাড়া দিয়ে উঠছে।’ আজ শনিবার (২৫ মে) সকালে সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আজ জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধেই বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনও অনেক কাজ বাকি। সংহত করার পথে অন্তরায় হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটিই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্থকতা।’

post
বাংলাদেশ

ফের ফিরছে কালোটাকা সাদা করার সুযোগ

আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে আগের তুলনায় বাড়বে কর। নতুন বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হতে পারে। অপ্রদর্শিত অর্থকে অর্থনীতির মূলধারায় আনতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুরোনো আয়কর আইনের ১৯এ ধারা বর্তমান আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পদ্ধতিতে কর দিয়ে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না। এর আগে ২০২০-২১ অর্থবছরে মাত্র ১০ শতাংশ কর পরিশোধ করে কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। ২০২১-২২ অর্থবছরে মাত্র সাড়ে ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ কেউ কাজে লাগায়নি।

post
বাংলাদেশ

ব্যক্তি যতই প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে: ওবায়দুল কাদের

যত বড় প্রভাবশালীই হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিচারবিভাগ স্বাধীন,তাই অপরাধকারীকে প্রচলিত আইনে শাস্তি পেতেই হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসিয়ে দেবে,বিএনপির সেই স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে বলেও মন্তব্য করেন, ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি যতো প্রভাবশালী হোক না কেন, বিচার বিভাগ ও দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে সরকার তাকে রক্ষা করতে যাবেনা। এসময় বুয়েট শিক্ষার্থী আবরার ও বিশ্বজিৎ হত্যাকারীদেরও সরকার রক্ষা করেনি বলে উল্লেখ করেন কাদের। বলেন, শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। এছাড়া বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

post
বাংলাদেশ

আজিজ-বেনজীরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না: দুদু

সাবেক সেনাপ্রধান এম এ আজিজ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও। এছাড়া দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

post
বাংলাদেশ

নয় মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকায়

বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী,২০২৩ সালে ব্যাংকের মাধ্যমে দেশে মোট ২ হাজার ১শ ৯০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গতবছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকায়। এছাড়া গতবছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে। যার পরিমান ৩৫ হাজার ৮শ ৯০ কোটি টাকা। প্রবাসী আয় আসা শীর্ষ দশটি দেশের মধ্যপ্রাচ্যের আরো ৫টি দেশ রয়েছে। সৌদি আরব থেকে এসেছে ২১ হাজার ৫শ ৭৭ কোটি টাকা, কুয়েত থেকে ১২ হাজার ৮৪ কোটি টাকা, কাতার থেকে ৯ হাজার ১শ ৯৭ কোটি টাকা, ওমান থেকে ৭ হাজার ৬শ ৪৯ কোটি টাকা ও বাহরাইন থেকে ৪ হাজার ৮শ ৫১ কোটি টাকা। প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে মোট ২৩ হাজার ৫৩১ কোটি টাকার প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৩শ ২৫ কোটি টাকা। অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে ১১ হাজার ৯শ ৭৪ কোটি টাকা, কানাডা থেকে ১ হাজার ৫৩ কোটি টাকা এবং অস্ট্রেলিয়া থেকে ৮৮৯ কোটি টাকা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.