post
বাংলাদেশ

আরও ৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি। এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

post
বাংলাদেশ

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। ফলে, ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিলে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটি। তিনি আরও বলেন, ইসলামী দলগুলো সরকারকে নামাতে, সকাল-বিকেল আন্দোলন করে,তবে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায় না।

post
বাংলাদেশ

বিদেশি ইন্ধনে আওয়ামী লীগ ক্ষমতায়

বিদেশি শক্তির ইন্ধন না থাকলে,আওয়ামী লীগও ক্ষমতায় থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার প্রেসক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দীন পিন্টুর মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের ওপর ভর করে দেশ পরিচালনা করেছে সরকার। এছাড়া সরকার নিরাপদে থাকলেও, জনগণ নিরাপদে নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। এদিকে, ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা কোরে বাংলাদেশে প্রবেশের দাবি জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

post
বাংলাদেশ

কোনো ছাড় নয়: বিএনপিকে কাদের

বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবিলা করবে, তবে সন্ত্রাস করলে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবিলা করা হবে। তবে যদি দলটি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পাই না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদদ দেবে, সে পরিস্থিতি এখন আর নেই।

post
বাংলাদেশ

জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটি

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান। উপস্থিত রয়েছেন- জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

post
বাংলাদেশ

'যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সংঘাতে নেই'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। প্রশ্ন রেখে কাদের বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।

post
বাংলাদেশ

রেমিট্যান্সে প্রণোদনা বন্ধ করেছে ব্যাংকগুলো

প্রবাসী আয়ের ডলার নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি আড়াই শতাংশ অর্থ দিয়ে আসছিল। বর্তমানে ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান,ডলারের দামের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হওয়ায় ব্যাংকগুলোকে নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে সরকারি প্রণোদনা বহাল থাকবে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এর আগে, বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর ঘোষণা দেয়। নতুন পদ্ধতি চালু হওয়ায় প্রণোদনা দেওয়া বন্ধ করা হয়। কারণ,সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম ১২০ টাকার কাছাকাছি হয়ে যায়।

post
বাংলাদেশ

সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করার অনুমতি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল শুক্রবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত। সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা। তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু। প্রায় পৌনে একঘণ্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের (১০ মে) সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। তবে তাপপ্রবাহের কারণে সেটি পিছিয়ে আগামীকাল শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে।

post
বাংলাদেশ

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। গোলাগুলি, সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত করা এবং প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ নানা ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সারা দেশে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। বিকেল পর্যন্ত সেটি ৩০-৪০ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুপুরের দিকে সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেকরকম ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। প্রকৃত হার আরো পরে পাব। প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে। এই ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৫ উপজেলার ৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী। উপজেলাগুলো হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলা, বাগেরহাট জেলার সদর উপজেলা, ফেনী জেলার পরশুরাম উপজেলা ও মাদারীপুর জেলার শিবচর। যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানে তিনটি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা ও বৈধ প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সেসব পরিষদে ভোটগ্রহণ হবে।

post
বাংলাদেশ

নির্বাচন বর্জনের সমর্থনে রিজভীর লিফলেট বিতরণ

উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর বাংলামোটর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৬ মে) দুপুরে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সিগন্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিশু, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা রাফসান হোসেন, মুশফিক ও আশরাফুল আসাদ প্রমুখ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.