post
বাংলাদেশ

শিক্ষার্থীদের কেউ যাতে উস্কানি না দেয়,সতর্ক থাকার আহ্বান

শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে কেউ যাতে উস্কানি না দেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে, তাই ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অ-রাজনৈতিক এই আন্দোলনের ফায়দা তুলে যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের এ আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

ছয়দিনে দেশে রেমিট্যান্স এলো ৩৭ কোটি ডলার

চলতি মাস জুলাইয়ের প্রথম ছয়দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ চার হাজার ৩৬৬ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ১৬ লাখ ডলার বা ৭২৭ কোটি ৬৬ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে তিন কোটি ৭২ লাখ ৬০ হাজার ডলার আর বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

post
বাংলাদেশ

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য,মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ,অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।সকাল থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। এদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ একত্রীকরণসহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন ও মানহীন মালামাল ক্রয় এবং গ্রাহক ভোগান্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। আন্দোলনকারীরা জানান,পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান তারা।

post
বাংলাদেশ

বগুড়ায় রথযাত্রা অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০ জন

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হ‌য়ে ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন অন্তত ৩০ জন। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহ‌রের সেউজগাড়ী মো‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে। বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হ‌লেন, অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ বের হয় বিকেল ৫টায়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত প্রায় ৩০ জন আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানা‌র ওসি সাইহান ওলিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এ দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের মধ্যে মে‌ডি‌কেল কলেজে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতা‌লে এক জন মারা যান।

post
বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে আজ বিকেলে সারাদেশে ‘বাংলা ব্লকেড’

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে গুরুত্বপূর্ণ সড়ক–মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন “বাংলা ব্লকেড”। শনিবার (৬ জুলাই) ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিকেল ৩টা থেকে “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করা হবে। শনিবার শিক্ষার্থীরা দাবি আদায়ে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শেষে শাহবাগ অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন মানুষ। অবরোধ তুলে নেওয়ার আগে আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “(রবিবার) বিকেল ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন” পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কোটাবিরোধী আন্দোলনকারীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এছাড়াও টাঙ্গাইল, রাজশাহী, রংপুর ও কুষ্টিয়ায় মহাসড়ক এবং ঢাকার তাঁতীবাজার মোড় ও খুলনায় সড়ক অবরোধ করেন তারা।

post
বাংলাদেশ

কোটা সংস্কার এবং পেনশনবিরোধী আন্দোলনে সমর্থন বিএনপির

সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পেনশনবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি।শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। তবে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্বব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। সেই সঙ্গে সর্বজনিন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটা কৌশল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

post
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়নের সম্পর্ক, আর ভারতের সঙ্গে রাজনৈতিক: ওবায়দুল কাদের

বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়নের সম্পর্ক, আর ভারতের সঙ্গে রাজনৈতিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সম্পর্ক ভালো থাকলে আলাপ-আলোচনা করে সমাধান করা যায়। আর উন্নয়নের জন্য যেখানে সুযোগ-সুবিধা পাওয়া যাবে, সেখান থেকেই সুবিধা নেয়া হবে। এছাড়া চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় সরকারের কিছু করার নেই বলে জানান ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ১২ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২১ জুন দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুতই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ওইদিন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লকও ধরা পড়েছিল। সেখানে একটা রিং লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। এরও আগে গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে দুদিন সিসিইউতে রেখে চিকিৎসা দেন।

post
বাংলাদেশ

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানান তামাক বিরোধী মায়েদের ফোরাম।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১ টায় রাজধানী কৃষিবিদ ইনষ্টিটিউট বাংলাদেশে নারী মৈত্রী আয়োজিত ‘‘তামাক বিরোধী মায়েদের ফোরাম‘’ গঠন বিষয়ক সভায় এ দাবি জানান তারা।নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে ১৫ জন বিশিষ্ট মা নিয়ে গঠিত তামাক বিরোধী মায়েদের ফোরাম এর আহ্বায়ক ছিলেন সাবেক এমপি এবং তামাক বিরোধী সংসদীয় নারী ফোরামের সাবেক সদস্য জনাব শিরিন নাঈম পূনম। সহ আহ্বায়ক ছিলেন সাবেক এমপি নার্গিস রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, লীড পলিসি এডভাইজর, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ এবং প্রাক্তন চেয়ারম্যান,বিসিআইসি, বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম মিয়া, প্রোগ্রাম ম্যানেজারস ,ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না।নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন “ তামাক নারী স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান না করে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন তারা।“ এছাড়া পাবলিক প্লেস, গণ পরিবহণ, রেস্টুরেন্ট এবং ধূমপানের জন্য সকল নির্ধারিত স্থান বাতিলের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য মায়েদের ফোরামের কাছে আহ্বানে জানান তিনি।তামাকমুক্ত বাংলাদেশ গড়তে ফোরামের সদস্যগণ যথাযথ ভূমিকা রাখবেন বলে মনে করেন ফোরাম এর আহ্বায়ক শিরিন নাঈম পূনম। তিনি বলেন “তামাকের কারনে প্রতিদিন ৪৪২ জন মানুষের প্রান ঝরছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে এই ফোরাম তামাক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে নিরলস সমর্থন ও পরামর্শ দেবেন। পাশাপাশি নিজের পরিবারকে তামাকের প্রভাবমুক্ত রাখবেন এবং অন্যান্য মায়েদের সাথে এই বিষয়ে কথা বলবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে মন্ত্রীসভায় সংশোধিত আইনটি দ্রুত উত্থাপন করেন সে লক্ষ্যে সহযোগিতা করা এবং অনুমোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো দাবী জানানোর জন্য ফোরাম কাজ করে যাবে।“এছাড়া তামাক দ্রব্যের উপর কার্যকর কর আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের কাছে জোর দাবী জানানো এবং তামাক কোম্পানীর কূটকৌশল বা তামাক নিয়ন্ত্রণ আইনকে বাধাগ্রস্ত করার বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহন করবেন বলে আশ্বাস জানান তিনি।ক্যাম্পেইন ফর ট্যোবাক ফ্রি কিডস বাংলাদেশ প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া বলেন, তামাকের প্রতি আসক্তি যুবসমাজকে ফেলে দিচ্ছে এক অন্ধকার জগতে। অল্প বয়সেই শিশু-কিশোররা ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। ভয়ঙ্কর শারীরিক অসুস্থতার মুখোমুখি হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিভিন্ন দেশে ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো জরিপ’ শিরোনামে একটি জরিপ পরিচালনা করা হয়। ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে পরিচালিত এ জরিপ প্রতিবেদনে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে ধূমপান আসক্ত কিশোর-কিশোরীর হার সবচেয়ে বেশি। বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত।মোস্তাফিজুর রহমান বলেন, “পরোক্ষ ধূমপান নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর। পরোক্ষ ধূমপানের কারনে নারীদের অকালে গর্ভপাত, অপরিণত শিশুর জন্ম, স্বল্প ওজনের শিশু, গর্ভকালীন রক্তক্ষরণ, প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, মৃত শিশুর জন্ম দেয়াসহ নানা সমস্যা দেখা দেয়। গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ তথ্য মতে, ধুমপান না করওে পরোক্ষভাবে ধূমপানরে শকিার হয় ৩ কোটি ৮৪ লাখ মানুষ। যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নারী ও শিশু। তাই আমার দৃঢ় বিশ্বাস “তামাক বিরোধী মায়েদের ফোরাম” ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিতে তামাকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন “এছড়াও ফোরামের অন্যান্য সদস্যগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী প্রস্তাব দ্রুত পাশের জোর দাবি জানান।

post
বাংলাদেশ

পূর্ব রাজাবাজারে বাড়ির মালিকের গাড়ি চাপায় দারোয়ানের মৃত্যু

রাজধানীর পূর্ব রাজাবাজারে অবস্থিত বাসার মালিকের গাড়ির চাপায় ফজলুল হক নামের এক দারোয়ানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।চালক ছিলেন মফিদুল ইসলাম, গাড়ির স্টিকারে দেখা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা।বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার খান।আনোয়ার খান বলেন, সকালে পূর্ব রাজাবাজারের একটি বাসা (১৯/এ, ১৯/১) থেকে মালিক গাড়ি বের করছিলেন। এসময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় ধাক্কা দেয়। এ সময় গাড়িটি গ্যারেজের দরজার দাঁড়িয়ে থাকা ফজলুল হকের ওপরে উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, তিনি বলেন প্রাথমিক তদন্তে যা দেখলাম তাহলো গাড়িটির মালিক দারোয়ানকে সজোরে আঘাত করার ফলে তার মৃত্যু হয়। এখানে দুটি বিষয়ে গুঞ্জন শুনছি, ফ্লাটের মালিক গাড়ি চালনায় অজ্ঞ হতে পারে অথবা ক্ষোভ থেকে দারোয়ান কে গাড়ি চাপা দিতে পারে। তবে এবিষয়ে পুলিশের তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিষয় জানতে পারবো।ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে দারোয়ানের পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন কাউন্সিলর ইরান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.