post
বাংলাদেশ

দেশবাসীর উদ্দেশে ড. ইউনূসের বার্তা

দেশবাসীর উদ্দেশে নোবেলবিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। এই নোবেল নোবেলবিজয়ী অর্থনীতিবিদ বলেন, অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।

post
বাংলাদেশ

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। কার্যত পাথরের মতো হয়ে গিয়েছেন তিনি। সোমবার ভারতে আসার পরই রাতে তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাসিনার মানসিক অবস্থা দেখে, তার কাছে পরবর্তী কোন দেশে আশ্রয় নিতে চান, এই প্রশ্ন নাকি করতেই পারেননি অজিত দোভাল। ধাক্কা সামলানোর জন্য আপাতত তাকে কিছুটা সময় দিতে বলেছেন শেখ হাসিনা। আপাতত হিন্দন এয়ারবেসের আশেপাশেই কোনো সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। শিগগিরই তাকে আরো বড় ও নিরাপদ কোনো জায়গায় স্থানান্তর করা হতে পারে। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনার জন্য। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, দু-তিনদিন নয়, তারও বেশি সময় ভারতে থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্য়েই শেখ হাসিনার দীর্ঘমেয়াদে থাকার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো দেশে আশ্রয় পাচ্ছেন না, ততক্ষণ ভারতেই থাকবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যায় দিকে ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ।

post
বাংলাদেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলো বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম

বাংলাদেশে সাধারন শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পূঁজি করে, জামাত-বিএনপি ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম। এর প্রতিকার চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট পাঠানো স্মারক লিপিতে এ অভিযোগ করে সংগঠনটি।৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধান মন্ত্রীর অফিসে গেলে,১০নং ডিউনিং ষ্ট্রীটের এক কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন। স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদ,সহসভাপতি বাতিরুল হক সরদার, সাধারন সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বাছির ও সদস্য আতিয়ার রসুল কিটন। এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা শিক্ষার্থীদের মিছিলে প্রবেশ করে, জেল ভেঙ্গে কয়েক হাজার অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও মেট্রারেলসহ বেশ কয়েককটি সরকারী স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এতে নষ্ট হয় সকারের হাজার হাজার কোটি টাকার সম্পদ।

post
বাংলাদেশ

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি কোটা বিরোধী আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদের বর্বরতা প্রত্যক্ষ করেছে। তিনি বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবেনা। তাদের প্রধান শক্তি জামায়াতে ইসলাম ও শিবিরকে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ১৮ ধারায় নিষিদ্ধ করা হবে।’ প্রধানমন্ত্রী আবারও জাতিসংঘ (ইউএন) এবং অন্যান্য দেশের কাছে তাদের দক্ষতার মাধ্যমে দেশব্যাপী তা-ব চলাকালীন প্রতিটি ঘটনার তদন্তে অপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য সহযোগিতা চেয়েছেন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ এই কর্মসূচির আয়োজন করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক করেছেন, জামায়াত ও শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং নিষিদ্ধ হওয়ার পর তাদের ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাবে। তিনি বলেন, ‘সবাইকে এ লক্ষ্যে সতর্ক থাকতে হবে এবং আমি দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’ প্রধানমন্ত্রী বলেন, তাদের নির্মিত সম্পত্তি ধ্বংস করে দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা তা আর সহ্য করা হবে না।

post
বাংলাদেশ

রেমিট্যান্সে বড় ধাক্কা খেলো জুলাইতে

সদ্য বিদায়ী জুলাই মাসে ১৯০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২২ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগের মাস জুনে এসেছিল ২৫৪১ মিলিয়ন বা ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার বা ৭ হাজার ৪৫৭ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সদ বিদায়ী জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৯০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা তার আগের মাসের চেয়ে ৬৩ কোটি ২০ লাখ ডলার কম এসেছে। গত বছরের (জুলাই ২০২৩) একই সময়ের তুলনায় প্রায় ৭ কোটি ডলার কম এসেছে। গত বছরের জুলাই মাসে এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ৪০ থেকে ৫০ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে ১ থেকে ২০ জুলাই আসে ১৪২ কোটি ৯৩ লাখ ডলার। ২৭ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায়, ১ থেকে ২৮ জুলাই প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, ইন্টারনেট ও ব্যাংক বন্ধ থাকার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারেননি। এসব কারণে কমেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এর প্রভাব পড়েনি বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ও তাদের সব অঙ্গসংগঠনকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৪টার দিকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই-ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং এর অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশনের রায়ে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ নির্বাচন কমিশন এই দলের নিবন্ধন বাতিল করেছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছে। এছাড়া সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। এ কারণে সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করলো।

post
বাংলাদেশ

চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন। তাঁদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন। এ সময় এনেক্স ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন।  দেখা যায়, সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট–সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকায় রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১২টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক–সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান। শিক্ষার্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন। সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা ওপরে উঠতে তাঁদের বাধা দেন। তখন মৃদু ধাক্কাধাক্কি হয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

post
বাংলাদেশ

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না সংগীতশিল্পী জুয়েলকে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  জুয়েলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী উপস্থাপক সংগীতা আহমেদ।জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবা চলছিল। গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের মঙ্গলবার, অর্থাৎ আজ চিরবিদায় নিলেন এই শিল্পী।ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাঁকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা–বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে। ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি–কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটতে শুরু করেজুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)।

post
বাংলাদেশ

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখ, বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

post
বাংলাদেশ

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই - শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.