post
খেলা

বিপিএল থেকে বিরতিতে যাচ্ছেন মাশরাফি

দল সিলেট স্ট্রাইকার্স ভালো করছে না। হাফফিট মাশরাফি বিন মর্তুজার এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। এদিকে মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সকে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপাতত বিরতি নিলেও পুরো আসরেই মাশরাফিকে ছাড়তে চাইছে না সিলেট। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, এমন আশা তাদের। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি ছিলেন খেলার মাঠে। মাশরাফি সংসদে ফিরবেন, এমনটা তাই প্রত্যাশিতই ছিল। এমনিতেই ধুঁকতে থাকা সিলেট মাশরাফিকে ছাড়া কেমন করে, সেটাই এখন দেখার।

post
খেলা

কুমিল্লাকে হারিয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

বাজে শুরুর পর দলের হাল ধরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ধীর গতির শুরুতে দলকে পথ দেখালেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। বল আর প্রয়োজনীয় রানের মধ্যে দূরত্ব বাড়িয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। শেষদিকে সেই দূরত্ব ঘুচানোর আগেই সাজঘরে ফিরেছেন অঙ্কন। ফলে ৮ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর রাইডার্স।মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। ভিক্টোরিয়ান্স অধিনায়ক এদিন গোল্ডেন ডাক খেয়েছেন। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও ২১ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। দুই ওপেনার রান না পেলেও দলের হাল ধরেন অঙ্কন ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫৩ রান। ৫৫ বলে ৬৩ রান এসেছে অঙ্কনের ব্যাট থেকে। আর হৃদয় করেছেন ২৮ বলে ৩৯ রান। এরপর খুশদিল শাহ-রেইমন রেইফাররা দ্রুত ফিরেছেন। শেষ ওভারে উইকেটে এসে জাকের আলী ৪ বলে অপরাজিত ১৮ রান করেও জয়ের সমীকরণ মেলাতে পারেননি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচগুলোতে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস গড়তে পারেননি রংপুরের ক্যারিবীয় ওপেনার ব্রান্ডন কিং। আজও ব্যত্যয় হলো না। ১২ বলে ১৪ রান করে তানভির ইসলামের বলে স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার বিদায়ে দলীয় ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাবর আজম ‘ধীরে চলো’ নীতিতে ব্যাট চালালেন। মন্থর ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে গেছেন। রনি তালুকদারের পরিবর্তে চলমান বিপিএলে প্রথম সুযোগ পাওয়া ফজলে মাহমুদ রাব্বি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছেন। ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩০ রান। শামীম হোসেন পাটোয়ারীও ব্যর্থ হয়েছেন এদিন। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় রংপুর। আফগান এ অলরাউন্ডার ২০ বলে ১৮০ স্ট্রাইকরেটে ৩৬ রান করেছেন। ৭ বলে ১৩ রান করেন মোহাম্মদ নবি ও ৬ বলে ১৫ রানের দারুণ ক্যামিও খেলেছেন সোহান।

post
খেলা

গ্রিস অলিম্পিয়াডে বাংলাদেশের বড় সাফল্য

গ্রিসের রাজধানী এথেন্সে বসা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বড় সাফল্য এনেছে বাংলাদেশ দল। ২৫তম এ আসরে দলের অর্জন ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ এবং দুটি টেকনিক্যাল পদক।১৬ থেকে ১৯ জানুয়ারি আন্তর্জাতিক এ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রোবটিক্সের আন্তর্জাতিক এ উৎসবে এবার বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। বিশ্বের ২৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ রহমান, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান। এছাড়া টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

post
খেলা

বিপিএলে প্রতি ম্যাচেই পুরস্কার জেতার সুযোগ দর্শকদের

শুক্রবার ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগকে আরো আকর্ষণীয় করে তুলতে এবার দর্শকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতি ম্যাচে একজন দর্শক 'ফ্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হবেন।দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে খুঁজে বের করা হবে ম্যাচের সবচেয়ে আগ্রহী দর্শককে। তার ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর সাথে ছবি তোলারও সুযোগ পাবেন তিনি। তাছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচের সিগনেচার করা ব্যাট উপহার পাবেন নির্বাচিত সেই দর্শক। এমনকি 'ফ্যান অব দ্য ম্যাচের' ছবি BPL T20-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করা হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১ মার্চের ফাইনালের মধ্য দিয়ে ৭ দলের এই আসরের পর্দা নামবে।

post
খেলা

বিপিএল থেকে সরে দাঁড়াতে চায় কুমিল্লা

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এসে বিপিএল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো বর্তমান ও চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদি এবারের আসর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে গভর্নিং কমিটি রাজস্ব ভাগাভাগি না করে তাহলে আগামী আসর থেকে কুমিল্লা আর বিপিএলে অংশগ্রহণ করবে না জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।নাফিসা কামাল জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান কাঠামো পরিবর্তন করা না হলে আগামী আসর থেকে কুমিল্লার পক্ষে বিপিএলে অংশগ্রহণ করা সম্ভব হবে না। বিপিএলের বর্তমান কাঠামো অনুসারে, টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেই অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করে না সংস্থাটি। ২০২২ সালের আসরের আগে এনিয়ে আলোচনা হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকেই নাফিসা কামাল দাবি করে আসছেন টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেটি যেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়। পরে এটি নিয়ে বৈঠক হলেও চার বছরেও এর কোনো সমাধান হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নাফিসা বলেন, ‘হ্যাঁ, শতভাগ। আমি বিপিএলে থাকব না (যদি আয় ভাগ না হয়)। টিকিট রাইট্স, গ্রাউন্ড রাইটস এবং মিডিয়া রাইটস- এ তিন রাজস্বের একটি অংশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চায়।’ ২০২২ সালের শিরোপা জয়ের পর নাফিসা বলেন, তারা কবে আমার সঙ্গে আলোচনায় বসেছে, সেটি আমি ভুলে গেছি। এ বছর আমি তাদের বলেছি সামনাসামনি বসে একটি সভা করতে। কিন্তু সেটি তারা করেনি।

post
খেলা

মানহানির মামলায় পড়লো ধোনি

সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ এনে নিজের ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার মানহানির অভিযোগ এনে সেই সহযোগীরাই মামলা করলেন ধোনির বিরুদ্ধে। সঙ্গে বিশাল অংকের ক্ষতিপূরণও দাবি করলেন তারা।ধোনির বিরুদ্ধে মামলার অভিযোগকারীরা হলেন, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের দুই কর্ণধার মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। ২০১৭ সালে তাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ধোনি।তাদের অভিযোগ, ধোনি যে প্রতারণার অভিযোগ করেছেন সেটি মিথ্যা ও ভিত্তিহীন। সেই সঙ্গে ধোনি যেন এ ধরনের কোনো অভিযোগ বা মন্তব্য করতে না পারেন এবং সংবাদমাধ্যমে যেন এই ধরনের সংবাদ ছাপা না হয়, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন তারা। এর আগে জানুয়ারির প্রথম দিকে মিহির এবং সৌম্যার নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন ধোনি। অভিযোগে বলা হয়েছে, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আর্কা স্পোর্টসের। চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি। ধোনি শুরুতেই তাদের বিরুদ্ধে মামলা করেননি। প্রথমে দিবাকর এবং সৌম্যার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি। এরপর ২০২১ সালের মাঝামাঝিতে চিঠি দিয়ে আর্কা স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন ধোনি। তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেওয়া হয় তাদের। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার।

post
খেলা

প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ রাজা

দুয়ারে বিপিএল। ফ্র্যাঞ্চাইজিরা শেষ মুহূর্তে অধিনায়কদের নাম ঘোষণা করছেন। পুরোদমে প্রস্তুতিও চলছে বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে দেশের সবচেয়ে প্রসিদ্ধ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের। এর মধ্যেই আজ (১৭ জানুয়ারি) টুর্নামেন্টে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে যারা থাকবেন, তাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিসিবি।বিপিএলে এবার ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি ৯ ধারাভাষ্যকার। এর মধ্যে চারজন বাংলাদেশি এবং পাঁচজন বিদেশি। ধারাভাষ্যকারদের বাংলাদেশি নামগুলো পরিচিত। বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলোতে নিয়মিত মুখ আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমিকে দেখা যাবে বিপিএলের কমেন্ট্রি বক্সে।তবে বিদেশি ধারাভাষ্যকারদের নামগুলোতে চমক রয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবি কর্তা রমিজ রাজা যুক্ত হয়েছেন বিপিএলের ধারাভাষ্য প্যানেলে। তার সঙ্গী হচ্ছেন স্বদেশী আমির সোহেলও।এছাড়া শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকেরম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসও মাইক্রোফোন হাতে বিপিএলে কথার ঝড় তুলবেন।বিপিএলের আগের আসরগুলোতে বিদেশি ধারাভাষ্যকারদের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ক্রিকেট দুনিয়ার প্রথিতযশা নামদের দিয়ে ধারাভাষ্য প্যানেল সাজানোর চেষ্টা করেছে বিসিবি।

post
খেলা

ক্রিকেটার নাসিরকে দুই বছর নিষিদ্ধ করলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনকে ক্রিকেট সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি। আগেই নাসিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এবার আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করা হলো। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। নাসিরের বিপক্ষে অ্যান্ট করাপশন বিধিতে মোট তিনটি অভিযোগ প্রমাণিত। নাসির নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি সেই তিনটি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। যে কারণে ২ বছর নিষেধাজ্ঞার শাস্তি থেকে ৬ মাস বাদ দেয়া হয়েছে। অর্থ্যাৎ, মোট দেড় বছর নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হবে নাসিরকে এবং এই শাস্তিকে মেনে নেয়ার কারণে ২০২৫ সালের ৭ এপ্রিল নিষেধাজ্ঞা থেকে তার মুক্তি মিলবে বলেও জানানো হয় আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে। গত বছর সেপ্টেম্বরে নাসিরসহ মোট আট ক্রিকেটারের বিরুদ্ধে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ গঠন করে আইসিসি। যদিও আজ শাস্তি ঘোষণা করা হয়েছে শুধু নাসিরের বিরুদ্ধেই। যে তিনটি অভিযোগ আনা নাসিরের বিরুদ্ধে, সেগুলো হলো- ২.৪.৩ ধারা লঙ্ঘণ। নাসির ৭৫০ ইউএস ডলারের উপহারের রসিদ নিয়োগকৃত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। মূলত, ৭৫০ ডলার মূল্যের আইফোন-১২ উপহার পেয়েছিলেন তিনি জুয়াড়িদের পক্ষ থেকে। ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দিতে অপারগতা প্রকাশ করেন নাসির। ২.৪.৬ ধারাও ভেঙেছেন তিনি। তাতে বলা আছে, সম্ভাব্য দুর্নীতির তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হয়েছিলেন নাসির। আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইবুন্যালের শুনানিতে নাসির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব স্বীকার করে নেন। যে কারণে, বাড়তি শুনানির প্রয়োজন হয়নি এবং ট্র্যাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে রায় প্রদান করেন ৬ মাসের শাস্তি মওকুফ সহ।

post
খেলা

চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন সাকিব

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনো বাড়ে আবার কখনো কমে। বিপিএল শুরুর আগে আবারো সেই সমস্যায় বেড়েছে। আজ রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পড়ে এসেছিলেন সাকিব।চোখের জন্য প্রাথমিকভাবে দেশে চিকিৎসা নিয়েছেন সাকিব। তবে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, 'প্রাথমিকভাবে রুটিন চেক আপ করানো হয়েছে। সমস্যাটা এখনো আছে। কখনো কমে আবার কখনো বাড়ে।' এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’ সাকিব নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে। আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই।' চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যা

post
খেলা

পরবর্তী বিসিবি প্রধান কে হবেন জানালেন পাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এর আগে গত বুধবার মন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা চলছিল তবে কী বোর্ড সভাপতির পদটা ছেড়েই দেবেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি।সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে নতুন বিসিবি সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নামটাই ভেসে আসছে সবার আগে। জাতীয় ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া সদ্য সংসদ সদস্য হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও গুঞ্জন আছে। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর শুক্রবার দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়েছেন পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে পাপন বলেন, 'আইনে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসাথে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা এটা অস্বাভাবিক কিছু না।' আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই। পাপনের মনে ক্রিকেট সবসময় থাকবে, 'যদিও আমি বলে রাখি, আমি যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি তাও ক্রিকেট সবসময় আমার সাথে থাকবে। এটা মন থেকে তো আর সরানো যাবে না। সেটা আছে কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে ভালো হবে কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমি গুরুত্ব সবগুলোকে দিতে চাই। তবে প্রায়োরিটি ভিত্তিক।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.