post
এনআরবি বিশ্ব

চীনের চিয়াংশি ইউনিভার্সিটিতে 'স্টুডেন্ট ইউনিয়ন’ নির্বাচনে জয়ী দুই বাংলাদেশি শিক্ষার্থী

চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে প্রথম অনুষ্ঠিত ‘ইন্টারন্যশনাল স্টুডেন্ট ইউনিয়ন’ এর প্রতিযোগিতামূলক নির্বাচনে দুই বাংলাদেশি শিক্ষার্থী জয়লাভ করেছেন।  মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং নির্বাচনের ফল ঘোষণা করেন।স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে জয়লাভ করা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম এবং মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত মোহাম্মদ আকবর হোসেন। মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন পদে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে আগামী এক বছরে জন্য দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ ছাইয়েুদল ইসলাম চেয়ারপারসন পদের জন্য তিন প্রতিযোগীকে হারিয়ে এবং মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।ফলাফল ঘোষণার আগে স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক এ নির্বাচনটি দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই এবং নির্বাচনী বক্তব্য উপস্থাপন করে। দ্বিতীয় ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক বছরের জন্য শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন করে।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে বাংলাদেশি কারি শিল্প বিসিএ-র ১৬তম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত

ব্রিটেনে বাংলাদেশি কারি শিল্পের বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৬তম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) লন্ডনের পার্ক প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর রেস্টুরেন্ট ও টেকওয়ে থেকে নির্বাচিত সেরা দশটি ‘বেস্ট কারি হাউস’, সেরা দশ জন ‘শেফ অফ দ্য ইয়ার’, ৩টি ‘কমিউনিটি ওনার’, একটি ‘নিউ কামার’ ও একটি ইউরোপিয়ান রেস্টুরেন্টকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।কারি শিল্প নিয়ে বিসিএ’র ধারাবাহিক কাজের প্রেরণা ও সাফল্যগুলোকে ক্যাটারার্স ও কারি প্রেমীদের আরও কাছে নেওয়ার লক্ষ্যে এবারের অ্যাওয়ার্ডের ‘সেলিব্রেটিং সাকসেস অ্যান্ড ইন্সপায়ারিং আদারার্স’ স্লোগান নির্ধারণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সেক্রেটারি অব স্টেইট ফর ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস মিশেল ডোনেলান। তিনি বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশি কারি শিল্পের চিহ্নিত সমস্যাগুলো আমি সরকারের সংশ্লিষ্টদের সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরব।যুক্তরাজ্যে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব না হলেও সরকার কারি ইন্ডাস্ট্রির সমস্যা ও দাবির বিষয়ে অবগত আছে। ব্রিটেনের অর্থনীতিতে অব্যাহত অবদান রাখায় কারি শিল্পের সংকট মোকাবিলার জন্য সরকার অত্যন্ত আন্তরিক।নিজেকে একজন বাংলাদেশি কারিপ্রেমী হিসেবে তুলে ধরে মিশেল ডোনেলান আরও বলেন, আমি বিশ্বাস করি এখানে আমার মতো উপস্থিত সকলেও নানা পদের কারি পছন্দ করেন এবং যা এদেশের খাবার সংস্কৃতি বিকাশেও অত্যন্ত গুরুত্ব বহন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেডো সেক্রেটারি অব স্টেইট ফর জাস্টিজ স্টিভ রীড ওবিই, স্যার স্টিপেন টিমস, স্যার গ্যারী স্ট্রিটার, পল স্কলি, রোশনারা আলী, রোড ক্যাডবারী, নীয়া গ্রেফথ প্রমুখ।বিশেষ অতিথির বক্তব্যে শেডো সেক্রেটারি অব স্টেইট ফর জাস্টিজ স্টিভ রীড ওবিই কারি ইন্ড্রাস্ট্রির অব্যাহত স্টাফ সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে স্টাফ আনার দাবির প্রতি সমর্থন জানান এবং বলেন, বাংলাদেশি কারি ব্রিটেনের প্রবৃত্তি ও খাবার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।স্টিভ রীড ওবিই ইন্ডাস্ট্রির সংকট সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বলেন, লেবার পার্টির সদস্য হিসেবে আমি কারি শিল্পের সমস্যা সমাধানে কাজ করব। ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা দরকার।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরব ও বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠন

সৌদি আরব ও বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনে সম্মত হয়েছে। টাস্ক ফোর্স জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের নিয়মিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিয়াদের ডিজিটাল সিটিতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর দুই দিনব্যাপী যৌথ কমিশন সভার আয়োজন করা হয়।সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। সৌদি পক্ষে নেতৃত্ব দেন সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মাদ আবুথনাইন।এছাড়া জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট দুই প্রকল্পে সৌদি বিনিয়োগের জন্য বাংলাদেশ সৌদি আরবকে অনুরোধ জানালে সৌদি আরব সহযোগিতার আশ্বাস দেয়।সভায় সৌদি আকওয়া পাওয়ারের বাংলাদেশে ১০০০ মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াটের গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় দুই দেশের নৌ পেশাজীবীদের মধ্যে নিয়োগ, প্রশিক্ষণসহ অন্যান্য সম্ভাব্য সবক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।বাংলাদেশের পক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সৌদির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন মেরিটাইম ট্রান্সপোর্টের ডেপুটি আব্দুল রহমান এম আল থুনায়েন।বৈঠকে এফবিসিসিআই, বাংলাদেশ ও ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন স্বাক্ষর করেন। সৌদি চেম্বারের পক্ষে ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তারিক আল হায়দারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।সৌদি আরবের স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে পেশাজীবী নিয়োগের বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য দ্রুত চুক্তি স্বাক্ষরের বিষয়ে সমঝোতা হয়।এছাড়া, দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার সবক্ষেত্রে কার্যকরী দ্বিপাক্ষিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করা হয়।যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি, পরিবেশ, ধর্মীয় মূল্যবোধ, ইত্যাদি বিষয়ে স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শেষে একটি যৌথ কার্যবিবরণী স্বাক্ষর করা হয়।যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ৮ সদসস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ কনস্যুলেটের কর্মকর্তারা এতে যোগ দেন।গতকাল যৌথ অর্থনৈতিক কমিশনের উদ্বোধনী সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্তিম ভাতৃপ্রতিম বন্ধু দেশ। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যায়ক্রমিকভাবে পর্যালোচনা করার জন্য যৌথ কমিশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এটি আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণ করার, সহযোগিতার জন্য নতুন সম্ভাবনাগুলো চিহ্নিত করার এবং আমাদের যৌথ লক্ষ্য অর্জনের জন্য একটি ঐকমত্যে পৌঁছানোর সুযোগ দেয়।তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন।সচিব শরিফা খান আশা প্রকাশ করেন আগামী বছর সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন, যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।এছাড়া আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এস এফ ডি)- এর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আব্দুল রহমান আল মারশেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সচিব বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি সহযোগিতা বৃদ্ধির জন্য এসএফডিকে অনুরোধ জানান।

post
এনআরবি বিশ্ব

আমিরাতের 'বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের' আয়োজনে পণ্যমেলা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে 'বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের' আয়োজনে দিনব্যাপী পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে এ মেলার আয়োজন করা হয়। মেলায় আমিরাত সরকারের নিবন্ধিত ক্ষুদ্র ও মাঝারি ধরনের ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে দেশীয় পোশাক, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, খাবার, মসলা, প্রসাধনী, পাহাড়ি বস্ত্রসহ নানা পণ্য স্থান পায়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো। মেলার উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখায় নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ প্রবাসে ব্যস্ততার মাঝেও কীভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সাফল্য তুলে ধরা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। নারী উদ্যোক্তারা অনলাইন ও অফলাইনে ব্যবসা পরিচালনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ৷ উদ্যোক্তা আবাদা বুশরা বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে লাইসেন্স পেয়ে আমরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।' 'আমরা প্রত্যাশা করি ছোট ছোট উদ্যোগ দূর প্রবাসে নারীদের অনেক বড় সফলতা এনে দেবে,' যোগ করেন তিনি। আরেক নারী উদ্যোক্তা সুলতানা বিলকিস বলেন, 'আমিরাতে আইন মেনে যে কোনো ব্যবসা নিরাপদ। লাইসেন্স নিয়ে আমরা ঘরে বসে ব্যবসা পরিচালনা করছি। পরিশ্রম ও সততায় অনেকেই এখানে সফল হচ্ছেন।' মেলায় অংশ নেন নারী উদ্যোক্তা নিশা মোহাম্মদ, কামরুন্নেছা, নাজমা সুলতানা, রোকসানা মজুমদার, দুলালী হোসেন, নাজমান নাহার বুবলী, আবাদা বুশরা, সাদিয়া হায়দার, সাবেরা সনি কোরাইশি, নাসরীন সুলতানা, তানিয়া সালাহউদ্দিন, নাসরীন আক্তার, ফেরদৌসী আক্তার, সুলতানা বিলকিস, রাবেয়া বাসরী এবং ফাতেমা জাহান।

post
এনআরবি বিশ্ব

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দিন দিন বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা

মধ্যপ্রাচ্যে দিন দিন বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা। কুয়েতের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসার সম্প্রসারণে বাংলাদেশে সংশ্লিষ্টদের সহযোগিতা চান কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা।কুয়েতে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটি জনগণের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। স্থানীয় আইন মেনে কোনো ঝামেলা ছাড়া দেশটিতে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি নিজ মেধা দিয়ে সেখানে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। মান ভালো হওয়ায় কুয়েতের বিপণিবিতানগুলোতে পাওয়া যায় বাংলাদেশি পোশাকও। মার্কেটগুলোয় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশের পণ্য বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে তুলে ধরতে কার্পণ্য করেন না।সাধারণ মার্কেটগুলোতে ক্রেতাদের বেশির ভাগই ভারত, শ্রীলংকা, মিসর, পাকিস্তান, নেপাল, ফিলিপিন্সসহ এশিয়ার বিভিন্ন দেশের। এসব দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাকের চাহিদাও বেশি।  কুয়েতে বর্তমানে অনেক ব্যবসায়ী আছেন, যারা একই সেক্টরে কাজ করে নিজ অভিজ্ঞতা আর মেধায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কুয়েতের বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। তবে বাংলাদেশে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও সহযোগিতা চান প্রবাসী ব্যবসায়ীরা।  কুয়েতে বেশির ভাগ প্রবাসী ব্যবসায়ী নিজ কর্মস্থল থেকে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শিখেছেন। কিন্তু বিদেশের সুশৃঙ্খল আইন মেনে ব্যবসা করে অভ্যস্ত প্রবাসীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জটিলতার মুখে পড়ে দিন দিন অন্য দেশের দিকে ঝুঁকছেন।  দেশের স্বার্থে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশসহ তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দিবে ভারত

বাংলাদেশসহ তিনটি দেশ থেকে ভারতের গুজরাটে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।বাংলাদেশ ছাড়া অন্য দেশ দুটি হলো- পাকিস্তান ও আফগানিস্তান। সোমবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর না হওয়ায় ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।   জানা গেছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের।  গত বছর থেকেই এই প্রক্রিয়া শুরু করে মোদি সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসরত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদনের নির্দেশ দিয়েছিল সরকার। সেখানে অবিলম্বে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নিয়ম অনুযায়ী এই নির্দেশকে কার্যকর করতে বলা হয়। কারণ ২০১৯ সালে আইনে পরিণত হলেও এখন পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত নিয়ম প্রণয়ন করেনি কেন্দ্রীয় সরকার। মুসলিম দেশগুলো থেকে ‘নিপীড়িত’ সংখ্যালঘুদের জন্য তৈরি নাগরিকত্ব সংশোধনী আইন এখনও বলবৎ করেনি ভারত সরকার। ফলে এই গোটা প্রক্রিয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। এখনই কার্যকর হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইনও।মোদি সরকারের আবেদনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএএ কার্যকর করার সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্যসভা। ২০২৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত তা বাড়িয়েছে লোকসভার সংসদীয় কমিটি।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইতালির বন্দর নগরী মিলানোতে শুক্রবার (২৮ অক্টোবর) সেন্ট্রাল মিলানোর তাজমহল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এক্সচেঞ্জের ইতালির ম্যানেজার মো. হামিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ আহমেদ ভুঁইয়া, এক্সিকিউটিভ অফিসার রাহাত জামানসহ বিভিন্ন এজেন্ট স্বত্বাধিকারী ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে সৈয়দ ওয়াসেক মো. আলী এজেন্ট ও সাধারণ প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে আশ্বস্ত করেন। ভবিষ্যতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ইতালিতে পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে এজেন্ট ও মিলানোস্থ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধান অতিথি সৈয়দ ওয়াসেককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের পক্ষ থেকে এজেন্টদের তাদের সন্তোষজনক পারফরমেন্সের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

post
এনআরবি বিশ্ব

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে জঙ্গলেই নিখোঁজ বাংলাদেশি যুবক সাগর

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি যুবক সাগর খাঁন। তখন তাকে ফেলেই চলে যায় দালাল ও সঙ্গীরা। এর পর থেকেই নিখোঁজ আছেন বরিশালের এই যুবক।প্রায় দেড় মাস আগে তুরস্ক থেকে গ্রিসে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ২৫ বছর বয়সী সাগর খাঁন। সঙ্গীরা গ্রিসে পৌঁছালেও, তার কোনো খোঁজ পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।সাগর খাঁনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার সফিপুর এলাকায়। বিদেশে পাড়ি দেওয়ার পরই তার বাবা মারা যান। পরিবারে আছেন মা, ৩ বোন ও ২ ভাই।স্বজনরা জানান, জীবিকার তাগিদে সাগর প্রায় ৮ বছর আগে প্রথমে ওমান যান। সেখানে দীর্ঘদিন থাকার পর স্বপ্ন দেখেন ইউরোপে প্রবেশের। এক দালালের সঙ্গে চুক্তি করে বিভিন্ন পথে ইরানের সীমান্ত পাড়ি দিয়ে প্রায় ২ বছর আগে তুরস্ক পৌঁছান তিনি। ইউরোপ প্রবেশ করতে প্রথমে গ্রিসে যেতে হয়। তাই তুরস্কে অবস্থানরত এক বাংলাদেশি দালালের তিনি গ্রিসে প্রবেশের চুক্তি করেন বলে জানান স্বজনরা।তার চাচা রবিউল খাঁন সানাউল জানান, গ্রিসে যাওয়ার জন্য সাগর তুরস্কে মাদারীপুরের মোবারক নামের এক দালালের সঙ্গে ৪ লাখ টাকার চুক্তি করেছিল সাগর। চুক্তি অনুযায়ী দালালকে ৪ লাখ দেওয়া হয়েছিল।তিনি বলেন, 'সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ গ্রিসে প্রবেশের কথা ছিল, ১৬ তারিখ সাগর ফোন করে বাড়িতে জানিয়েছিল। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।'তিনি আরও জানান, ভাতিজার খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টের সূত্র ধরে সাগরের সঙ্গে গ্রিসে অনুপ্রবেশকারী দলের আরেক বাংলাদেশি যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাদের।ওই যুবকের বরাত দিয়ে সাগরের পরিবারের সদস্যরা জানান, ২৪ ঘণ্টা হাঁটলেই গ্রিসের সেলোনিকা পৌঁছে যাওয়া যাবে বলে দালালরা তাদের বলেছিল। কিন্তু টানা ৪ দিন হাঁটার পরও তারা গ্রিসের সীমানায় পৌঁছাতে পারেননি।ওই যুবক আরও জানান, একসময় পথের মধ্যে জঙ্গলে অসুস্থ হয়ে পড়েন সাগর। তার হাঁটার শক্তি ছিল না। তিনি উঠে দাঁড়াতেও পারেননি। এ অবস্থায় তাকে জঙ্গলে রেখেই দালালচক্র ও সঙ্গীরা চলে যায়।দলের সবাই এক সময় গ্রিসে গিয়ে পৌঁছালেও, সাগর জঙ্গলেই রয়ে যান। এরপর থেকে সাগরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তার নাম আজিজুর রহমান মোল্লা (২৬)। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্লার ছেলে।শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিহত হন আজিজুর।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজিজুর রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি গত প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় যান। শনিবার তার পরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথার মাঝারদিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, প্রায় এক বছর আগে আজিজুর মালয়েশিয়ায় যান। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলতো তার বাবা-মায়ের সংসার। শনিবার সন্ধ্যার পরে মালয়শিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়।তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মালশিয়ায় সালথা এলাকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়।

post
এনআরবি বিশ্ব

ইতালিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের রিপল সেন্টার ব্যাংকিংয়ে সংগঠনটির আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কার্যকরী পরিষদের অভিষেক করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, বিশেষ অতিথি রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সায়মা আহাম্মেদ, নিউহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাব্বির হাসান, বরিশাল ফ্রেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক গাজী রফিক, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বাংলাদেশি কমিনিটির ব্যক্তিরা।সভার শুরুতে কোরআান থেকে তেলাওয়াত করেন ইউসুফ আলী পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ ও সভা যৌথভাবে পরিচালনা করেন মনিরুজ্জামান খান টিপু ও আতিয়ার রসুল কিটন।এ সময় প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ নতুন কমিটির (২০২২-২০২৪) সবাইকে পরিচয় করিয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ টুটুল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার কামাল সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা মামুন আহসান, মহসিন সিকদার বাবুল সহ-সভাপতি মফিজুল ইসলাম, কবিরুল ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, গোকুল দাস প্রমুখ।অনুষ্ঠানের তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠন পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মুনা আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন সাহনাজ সুমী, ফামিয়া খান, রানা, হান্নান খান, ইলভা ফিরোজ, মেহেদী হাসান বাবু এবং নিত্য পরিবেশনায় তাল তরংঙ্গ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.