post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হচ্ছে বইমেলা

প্রবাসী বাঙ্গালীদের মাঝে বাংলা বই ও সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষে আজ শনিবার শুরু হতে যাচ্ছে বৃহত্তর ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা। ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস বলরুমে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী বইমেলার এবারের স্লোগান 'বিশ্বজুড়ে বাংলা বই'।এবারের বইমেলার প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবিন মিতু জানান, বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। এছাড়া সাহিত্যিক ও কবি আসাদ চৌধুরী, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, গবেষক ও কবি হাসান মাহমুদসহ প্রখ্যাত কবি এবং বইমেলার প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবারের বইমেলায় উপস্থিত থাকবেন।ঘরে বাংলা চর্চা, বাংলা ভাষায় অবাঙালিদের অবদান, এপার বাংলার সাহিত্য ওপার বাংলার সাহিত্য থেকে স্বতন্ত্র কেন, বাংলা গদ্য সাহিত্যের বর্তমান অবস্থা, বাংলা সাহিত্যে অবাঙালিদের অবদান, কবিতায় ছন্দ তত্ত্ব, বেগম রোকেয়া: প্রথম সার্থক কল্পবিজ্ঞান রচয়িতা, খেলার ছলে পড়া, অজানা একাত্তর, স্থাপত্যের চোখে ভাষা আন্দোলন এবং বাঙালি চেতনা, জনপ্রিয় সাহিত্য বনাম উঁচু মানের সাহিত্য-দেশের সাহিত্য পুরস্কারগুলো বিতর্কের সম্মুখীন কেন ইত্যাদি বিষয়ের ওপর সেমিনারের পাশাপাশি এবারের বইমেলায় প্রায় অর্ধশত লেখক ও কবিদের সাথে তাদের লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।  এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, গানের ছোঁয়ায় কবিতা, কবিতা পাঠ, ক্লেমেন্ট, শব্দ অংকন, মেরি স্টেলা, পুঁথিপাঠ, শ্রুতি নাটক, কবির কণ্ঠে কবিতা, রবীন্দ্র সঙ্গীত, প্রেম ও প্রকৃতিতে রবীন্দ্রনাথ, বাংলা গান, হারানো দিনের সুর, রাগাশ্রয়ী গান, দেশের গান-প্রেমে, দ্রোহে, হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ প্রদর্শিত হবে। এর পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য ছবি: দ্রোহ (রিভোল্ট), ডকুমেন্টারি ফিল্ম: একাত্তর, মাতৃভাষা (Mother Tongue), নারী অধিকার নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য ছবি 'নারী' এবং একাত্তরের ওপরে নির্মিত ছবি 'নাওফিল' প্রদর্শিত হবে।বৃহত্তর ওয়াশিংটন ডিসি'র ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি), বাংলা ইশকুল, বর্ণমালা, বিসিডিডিআই বাংলা স্কুলসহ বিভিন্ন সংগঠন বইমেলায় অংশগ্রহণ করবে।

post
এনআরবি বিশ্ব

কাতারের আমিরের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আমিরের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত-পত্নী শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তনময় ইসলাম।সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা জানান।রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন, এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা জানান।কাতারের আমির বলেন, কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণখাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান আছে। নতুন কিছু ক্ষেত্র, যথা- জ্বালানি, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা ও কৃষিতে কাতারের সঙ্গে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে।আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে গণচীনে তার নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদ জানান।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে বিজনেস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

'নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা' -এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী (সা.) ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহ্বায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি মারুপ উল হকের যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি বক্তব্য বি এম জামাল হোসেন বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশিদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে। বিশেষ অতিথি কমিউনিটি নেতা ইসমাইল গনি ,এয়াকুব সৈনিক ,কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদের সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নবনির্বাচিত সদস্য ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে পারবেন

সংযুক্ত আরব আমিরাত থেকে মোবাইল অ্যাপস ব্যবহার করে সহজে ও দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।আগামী এক মাসের মধ্যে এই অ্যাপ চালু করবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক। মঙ্গলবার (অক্টোবর ২৫) দেশটির বাণিজ্যিক শহর দুবাইয়ে জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশে মোবাইল অ্যাপস চালুর ঘোষণা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বর্তমান বিশ্ব মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের ও দেশের স্বার্থে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। জনতা ব্যাংকের ই ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুস সালাম আজাদ বলেন, 'সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং পদ্ধতি সহজ করতে মোবাইল অ্যাপ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বাংলাদেশ মিশনকে নিয়ে প্রবাসীদের দুয়ারে দুয়ারে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার আশা জানান। অনুষ্ঠানে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল আমিন ও কয়েকজন প্রবাসী সিআইপি ও কমিউনিটি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। আমিরাতে জনতা ব্যাংকের গ্রাহক প্রবাসী বাংলাদেশিরা অনেকদিন ধরে আন্তর্জাতিক মানের আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএমবুথ চালু, দ্রুত রেমিটেন্স পাঠাতে প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন দাবি করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের শুরুতে আমিরাতের ৪টি শাখাকে আধুনিকায়নের উদ্যোগ নেয় জনতা ব্যাংক। ইতোমধ্যে আধুনিকায়নের মাধ্যমে আমিরাতের সারজাহ ব্রাঞ্চ তাদের গ্রাহক সেবা শুরু করলেও বাকি ৩টি ব্রাঞ্চের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। দ্বিতীয় পর্যায়ে দুবাইয়ের শাখাটি আধুনিকায়নে পর উদ্বোধন করা হলো।

post
এনআরবি বিশ্ব

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো দেশপ্রেমের একটি অংশ

‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এটি দেশপ্রেমের একটি অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন একজন দেশপ্রেমী। হিজরতের সময় যখন তাকে দেশ ছাড়তে হয়েছিল তখন অঝোরে কাঁদছিলেন। তাই আমাদের সবার উচিত মহানবীকে অনুসরণ করে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা।’সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল এবং অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ কথা বলেন। মাহফিলে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, যার যার পছন্দের রাজনৈতিক দল থাকতে পারে। সবাইকে নিয়ে বিজনেস অ্যাসোসিয়েশন নাম নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও মূলত এটি মানবতার সংগঠন। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। কেবল মানবতার কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নতুনত্বের পথে প্রবাসীদের সঙ্গে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানের আলোকে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল সিটি দুবাই সংগঠনটির নেতারা জানান আগামীতে মানবতার কাজে নিজেদের সংগঠনকে জড়িয়ে নিতে চান। এ সময় অনুষ্ঠানে মারুপ উল হককে সভাপতি শাহ আলমকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রিজুকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, এয়াকুব সুনিক, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, সাংবাদিক কামরুল হাসান জনি, মৌলানা ওমর ফারুক প্রমুখ। সংগঠনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহমেদ রশিদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিক সহ সংগঠনের সব নেতারা।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে রিক্রুটিং এজেন্সিতে আটকে থাকা ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার

সৌদি আরবে এক রিক্রুটিং এজেন্সিতে আটকে রাখা ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটির রাজধানী রিয়াদ হতে প্রায় এক হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরআর শহর থেকে সম্প্রতি তাদের উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৫ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ দূতাবাস জানায়, এক সৌদি রিক্রুটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে এমন খবর পাওয়া যায়। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) তাদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠাতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজের মাধ্যমে এসব নারী কর্মীদের সৌদি আরবে নিয়ে যান। তবে সৌদি আরবে নেওয়ার পর তাদের নিয়োগ কর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। এমনকি পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়এ অবস্থায় সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই ২৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়। পরে তাদের সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। উদ্ধার করা নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার করা নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

post
এনআরবি বিশ্ব

স্পেনের মাদ্রিদে‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজের চিত্রকর্ম নিয়ে ‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে মাসব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে।সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।চিত্রপ্রদর্শনীতে চিত্রশিল্পী ব্লাজকেজের ৩৩টি চিত্রকর্ম ছাড়াও নির্মম নিপীড়ন ও গণহত্যার শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর রাজনৈতিক জীবন, জাতিসংঘে ১৯৭৪ সালে তার প্রদত্ত ঐতিহাসিক বক্তব্য ও বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠকসমূহের অসাধারণ কিছু মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বঙ্গবন্ধু প্রণীত স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি-সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়- আজও আদর্শ বৈদেশিক সম্পর্ক নিরূপণের উজ্জ্বল আলোকবর্তিকা।রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতে ভূমিকা রাখার জন্য আগত অতিথিদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয়দানের জন্য ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মানবতার জননী আখ্যা দিয়েছে।চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজ বলেন, মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিশ্বশান্তি, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের পক্ষে আঁকা আমার চিত্রকর্মের এ প্রদর্শনী আমার জন্য সম্মানের। চিত্রপ্রদর্শনীটি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম, যিনি আজীবন ন্যায় ও সাম্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।ফ্রান্সিসকো ব্লাজকেজ বাংলাদেশকে অপার সৌন্দর্য এবং অফুরন্ত সম্ভাবনার দেশ উল্লেখ করে আরও বলেন, বাংলাদেশের লোকেরা উদ্যোগী, সৃজনশীল, দৃঢ প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রমী। এবং সর্বোপরি তারা শান্তিপ্রিয়। আর শান্তিতেই মানবতার ভবিষ্যত নিহিত।বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী চলবে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক।

post
এনআরবি বিশ্ব

ছয় মাসের বেশি বাইরে থাকলে কুয়েতের ভিসা বাতিল

কুয়েতের ভিসাধারীরা ছয় মাস বা এর বেশি সময় দেশটির বাইরে অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে প্রবাসীদের ভিসা বাতিল হয়ে যাবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ (অংশীদার ভিসা), ২২ (ফ্যামিলি ভিসা), ২৩ (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারী প্রবাসীদের বাসস্থান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে আছেন। কুয়েতের বাইরে থাকার সময় গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে। আর প্রবেশের শেষ সময় ধরা হবে ৩১ জানুয়ারি ২০২৩। যেসব প্রবাসী ছয় মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের বাসস্থান অনুচ্ছেদ ১২ এর প্যারাগ্রাফ ৩ এর বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।আগে এমন সিদ্ধান্ত অনুচ্ছেদ ১৮ (প্রাইভেট ভিসা) ধারী প্রবাসীদের জন্য নেওয়া হয়েছিল। তখন সময় গণনা শুরু হয়েছিল ২০২২ সালের মে থেকে। প্রাইভেট ভিসা ধারীদের ৩১ অক্টোবরের মধ্যে কুয়েতে প্রবেশ করতে হবে।মহামারির কারণে কিছু দেশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। এ কারণে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক বিবেচনায় অনলাইনে আকামা নবায়নের মাধ্যমে প্রবাসীদের দুই বছরের বেশি সময় ধরে বাইরে থাকার সুযোগ দিয়েছিল।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুয়েতের জাহারা অঞ্চলের মাতলা এলাকায় নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস আলীর ছেলে। নিহতের সহকর্মী মোহাম্মদ নবী জানান, আলমগীর নির্মাণ কাজ চলা ওই ভবনের দেখাশোনার কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভবনের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। দেশ থেকে ছুটি কাটিয়ে কিছুদিন হলো সে কুয়েতে ফিরেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।নিহতের চাচা মোস্তফা জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।আলমগীরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় গ্রিস

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স। এবার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় ১৯ নম্বরে রয়েছে গ্রিস। তবে গ্রিসে অনিয়মিত প্রবাসীদের উপার্জিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়। তাই গ্রিস প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহী করতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশনের অংশ হিসেবে শনিবার (২২ অক্টোবর) রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এর সভাপতি আব্দুল কুদ্দুস, বৃহত্তর খুলনা বিভাগীয় সংগঠন এর সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান উপদেষ্ঠা লতিফ গাজী, গ্রিস আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গার্মেন্টস এসোসিশেন ইন গ্রিসের প্রধান উপদেষ্ঠা মুক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় পরিষদ এর সভাপতি এস এম রাফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এর ম্যানেজার আব্দুল কাইয়ুম, সহকারী ম্যানেজার ঐশ্বর্য প্রমূখ। পরিদর্শনকালে পর্যায়ক্রমে সকল ফ্যাক্টরি পরির্দশন করবেন বলেও জানান রাষ্ট্রদূত। এসময় দূতাবাস কর্মকর্তাবৃন্দও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীদের উৎসাহিত করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.