মধ্যপ্রাচ্যে দিন দিন বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা। কুয়েতের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসার সম্প্রসারণে বাংলাদেশে সংশ্লিষ্টদের সহযোগিতা চান কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা।
কুয়েতে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটি জনগণের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। স্থানীয় আইন মেনে কোনো ঝামেলা ছাড়া দেশটিতে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি নিজ মেধা দিয়ে সেখানে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত।
মান ভালো হওয়ায় কুয়েতের বিপণিবিতানগুলোতে পাওয়া যায় বাংলাদেশি পোশাকও। মার্কেটগুলোয় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশের পণ্য বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে তুলে ধরতে কার্পণ্য করেন না।
সাধারণ মার্কেটগুলোতে ক্রেতাদের বেশির ভাগই ভারত, শ্রীলংকা, মিসর, পাকিস্তান, নেপাল, ফিলিপিন্সসহ এশিয়ার বিভিন্ন দেশের। এসব দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাকের চাহিদাও বেশি।
কুয়েতে বর্তমানে অনেক ব্যবসায়ী আছেন, যারা একই সেক্টরে কাজ করে নিজ অভিজ্ঞতা আর মেধায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কুয়েতের বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। তবে বাংলাদেশে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও সহযোগিতা চান প্রবাসী ব্যবসায়ীরা।
কুয়েতে বেশির ভাগ প্রবাসী ব্যবসায়ী নিজ কর্মস্থল থেকে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শিখেছেন। কিন্তু বিদেশের সুশৃঙ্খল আইন মেনে ব্যবসা করে অভ্যস্ত প্রবাসীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জটিলতার মুখে পড়ে দিন দিন অন্য দেশের দিকে ঝুঁকছেন।
দেশের স্বার্থে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
