post
অনুষ্ঠান

কুয়েতে প্রবাসীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত এর সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ ফুয়াদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান ও সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতে'র সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ,মোঃ সুরুক মিয়া এবং জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদসহ অনেকে। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।

post
এনআরবি বিশ্ব

রাইসির মৃত্যুর ঘটনায় হামলার প্রমাণ পাওয়া যায়নি

ইরানের সামরিক বাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় কোনো নাশকতা বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। গত রোববার ইরানের উত্তরাঞ্চলে আজারবাইজানের সীমান্তের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে রাইসিকে বহনকারী হেলিকপ্টার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়, তাতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও ক্রুসহ আরও ছয় আরোহী ছিলেন। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রকাশ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ গুলি বা এ ধরনের কিছুর কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি, এটি উঁচু পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরণে আগুন ধরে যায়। কন্ট্রোল টাওয়ার ও ফ্লাইট ক্রুদের কথোপকথনেও সন্দেহ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি। তদন্ত এগিয়ে যাওয়ার পর আরও বিস্তারিত প্রকাশ করা হবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ফের ৩ জাহাজে হামলা চালালো হুতিরা

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরের তিনটি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্যসাগরের এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরাইলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনও হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এই মাসের শুরুর দিকে ইয়েমেনে হুতিদের নেতা আবদুল মালিক আল-হুতি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলি বন্দরে আসা সব জাহাজে আক্রমণ করবে হুতিরা। গেল বছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইসরাইলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী।

post
সংবাদ

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ১৮ মে বিশ্ব মিউজিয়াম ডে উপলক্ষে মিউজিয়াম কতৃপক্ষ দেশটির নাগরিক ও রেসিডেন্স ভিসাধারীদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ দেয়। দেশটির প্রাচীন এই শিল্পকর্ম ও ইতিহাস দেখার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা। আমিরাতের রাজধানী আবুধাবির আরব সাগরের উপকূলে সাদিয়াত দ্বীপে অবস্থিত আইকনিক গম্বুজ আকৃতির ছাদযুক্ত ল্যুভর মিউজিয়াম। ল্যুভর" একটি শিল্প ও সাংস্কৃতিক জাদুঘর। জাদুঘরটি ৮ নভেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আবুধাবি এবং ফরাসি সরকারের মধ্যে ত্রিশ বছরের চুক্তিতে নির্মিত। যা নির্মাণে খরচ হয় প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। যাতে রয়েছে বিশ্ববিখ্যাত প্রাচীন শিল্পকর্ম ও ইতিহাস ঐতিহ্য। মিউজিয়ামটিতে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ এবং ক্লদ মনেটের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের দ্বারা তৈরি আর্ট ক্লাসিক এবং মাস্টারপিসের একটি বিশাল সংগ্রহ। বিশাল এই শিল্পকর্ম ও আধুনিক স্হাপত্যে দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের নাগরিকরা। মিউজিয়াম বিনামূল্যে দেখার সুযোগ পেয়ে আবুধাবি সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাবাসীরা। সাধারনত ল্যুভর মিউজিয়ামে প্রবেশ করতে প্রতিটি টিকেটের দাম পড়ে ৬৩ দিরহাম, যা বাংলাদেশি মূদ্রায় ২ হাজার টাকা।

post
অভিবাসন

আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশটির বাংলাদেশী ব্যবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশটির বাংলাদেশী ব্যবসায়ীরা। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের নিজস্ব লাইসেন্সে কর্মচারী নিয়োগ দিতে না পেরে কর্মচারীদের ভিসা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে। যা একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব নতুন উদ্যোক্তাদের মাঝে একজন ওমর ফারুক সিদ্দিক। এলএলসি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তাকে। কক্সবাজার জেলার চকরিয়া থানার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক সিদ্দিক। ২০০৯ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চাকুরী দিয়ে শুরু করেন কর্মজীবন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজমান রাশেদিয়া ৩ এ তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আল মদিনা সুপার মার্কেট। আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় এলএলসি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তরুন এই ব্যবসায়ীর। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হতে পারে বলে মনে করেন এই রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশী ব্যবসায়ীদের সুবিধার্থে শিগগিরই সরকারি পদক্ষেপ নেয়ার আহবান প্রবাসী ব্যবসায়ীদের।

post
এনআরবি বিশ্ব

রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব ধরনর বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে। বুধবার ইরানি সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে। দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে কনসার্টও। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে। গত রোববার প্রেসিডেন্ট রাইসির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজার এ নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসিমুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জানাজাই আজ বুধবার পড়িয়েছেন খামেনি। রাইসির জানাজার নামাজে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। নারী ও পুরুষ উভয়ই কালো কাপড় পড়ে এসেছিলেন।

post
অনুষ্ঠান

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদকের বিদায়ী সংবর্ধনা

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, মুরাদুল হক চৌধুরী, রাশেদ পাঠান, আমিন খান, মানিক মোল্লা, ফয়েজ মৃধা ও কেরামত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরাফত মীনা, নুহু মোল্লা, রাজ্জাক, জুয়েল সরদার, জসিম, শওকত কাজী,মোঃ শহিদ ও মাসুদসহ অনেকে। এসময় বক্তার বলেন, প্রবাসে থেকেও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের সংস্কৃতি চর্চার পাশাপাশি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রবাসীদের স্বার্থেও কাজ করেছেন ।

post
এনআরবি বিশ্ব

রাইসি নিহত: ইরানিদের মিশ্র প্রতিক্রিয়া

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় সাধারণ ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের প্রতি অনুগত ইরানিরা মসজিদ ও স্কয়ারগুলোতে জড়ো হয়ে রাইসি এবং তার সঙ্গে নিহত হওয়া বাকি আটজনের জন্য প্রার্থনা করছেন। তাদের মৃত্যুতে সোমবার থেকে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আর সাত দিন দেশটিতে সব ধরণের সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে ইরানের বেশিরভাগ দোকান খোলাই ছিল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত করার খুব একটা প্রচেষ্টা কর্তৃপক্ষের মধ্যে দেখা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। রাইসির আমলেই তেহরানে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে ইরান জুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন নারীরা। হিজাব বিরোধী ওই আন্দোলন একসময় ইরানের কট্টোরপন্থি শাসকদের বিরুদ্ধে গণআন্দোলনে পরিণত হয়।

post
অনুষ্ঠান

লেবাননে মোকাল্লেস মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

লেবাননে মানব সেবার প্রত্যয় নিয়ে প্রবাসীদের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে মোকাল্লেস মানবিক ও সামাজিক সংগঠন। এ উপলক্ষে মোকাল্লেস এলাকায় সংগঠনটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ নিলয়। সভার শুরুতেই সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপদেষ্টা মিন্টু মাল। সভায় আরও বক্তব্য রাখেন, নূরে আলম সিদ্দিকী, মাহবুব আলী, সোহেল মিয়া, কবির হোসেন, মীর ইসমাইল ও রাজীব মিয়াসহ অনেকে। এসময় বক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনের তাগিদে এই সংগঠনের আত্মপ্রকাশ। অসহায় বাংলাদেশিদের যেকোন সমস্যায় পাশে থাকবে সংগঠনটি।

post
এনআরবি বিশ্ব

ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন মুখবের

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশের পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, “প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু হয়েছে।” রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা। কিন্তু ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। এরপর ৪০ জনের বেশি উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর এবং ড্রোন দিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। পরে সোমবার সকালে উদ্ধার অভিযানে যোগ দেওয়া একটি তুর্কি ড্রোন ‘হিট সোর্স’ শনাক্ত করলে দুর্ঘটনাস্থলের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মুখবের। দেশজুড়ে পালিত হবে ৫ দিনের জাতীয় শোক। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.