ইসরায়েলের হামলায় লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিক নিহত হয়েছেন। রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন এবং তার নাম ইশাম আব্দুল্লাহ। এক বিবৃতিতে সংবাদ সংস্থা রয়টার্স গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। তারা জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ অক্টোবর শুক্রবার সাংবাদিকদের একটি দল লেবাননের দক্ষিণাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে রয়টার্স, আল জাজিরা এবং এপির সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি পাহাড়ের উপর খোলা স্থানে সবাই একসাথে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সেখানে একটি বড় বিস্ফোরণের শব্দ হয় এরপর চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস গেজেট।
