মালয়েশিয়ায় অভিযানে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার
মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। অভিযানে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে ১০ স্থানীয় নাগরিকও রয়েছেন। গত একমাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ছাড়াও ৫২ জনের চীনের, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যান্ডের, তিনজন ইন্দোনেশিয়ার, একজন লাওস, চারজন মিয়ানমারের, পরিচয়পত্র ছাড়া রয়েছেন একজন। এছাড়া স্থানীয় ১০ জন নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।
