post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
এনআরবি লাইফ

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৩ জানুয়ারি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের নিউবাড়ি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছে দেশটির পুলিশ।লন্ডনের ইলফোর্ডের ফ্রেন্ডস ক্যাফে সুইটসের কর্ণধার ও ওই বাড়ির কর্তা হানিফ মোহাম্মদ মুকুল গণমাধ্যমকে জানান, পরিবার নিয়ে তিনি বাঙালিপাড়া ইলফোর্ডের নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় দেড় দশক যাবৎ বসবাস করছেন। ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান জানালা ভেঙ্গে ঘরে চুরি করা হয়েছে।

post
আন্তর্জাতিক

লর্ডসে আটকে গেলো রুয়ান্ডা বিল

হাউস অব লর্ডসে আটকে গেলো টরি সরকারের রুয়ান্ডা বিল। প্রথম ভোটাভোটিতে লর্ডস সদস্যরা বলেছেন, রুয়ান্ডার রাজধানী কিগালি এসাইলাম আবেদনকারীদের জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত বিলটি কার্যকর করা যাবে না। চুক্তিটি অনুমোদন না করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে উত্থাপিত বিলে ২১৪ জনের মধ্যে বিলটির পক্ষে ভোট পড়েছে ১৭১ টি। ইউরোপের আদালত এবং ব্রিটেনের হাইকোর্ট বিলটি নিরাপদ নয় এবং মানবাধিকার বিরোধী বলে রায় দেন। সেই রায় পাশ কাটিয়ে ঋষি সুনাক সরকার রুয়ান্ডার সাথে ‘নিরাপদ বিল‘ নামের নতুন আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভোটিতে ঋষি সুনাক জয়লাভ করলে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয় হাউস অব লর্ডসে। বিলটিকে অনুমোদন দেয়া না দেয়ার পক্ষে বিপক্ষে ভোট গ্রহনের মধ্য দিয়ে লর্ডসে আটকা পড়েছি বিলটি। টেন ডাউনিং স্ট্রীট এ বিষয়ে কোন মন্তব্য করেনি এখনো। আগামী সপ্তায় হাউস অব লর্ডসে এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

post
এনআরবি সাফল্য

ইংল্যান্ডে ৩৮ প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান

ইংল্যান্ডে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে ব্যতিক্রমি অনুষ্ঠান করেছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে।লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান,পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন আজমল আলী। এসময় সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য এবং প্রাক্তন সকল সভাপতির হাতে। তারা হলেন হাফিজ মাওলানা আবু সাঈদ, মখলিছুর রহমান, সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমেদ, বেরিস্টার কুতুব উদ্দিন আহমেদ সিকদার, ইজ্জত উল্লাহ ও নাজিরুল ইসলাম।এছাড়াও বিলেতে বেড়ে ওঠা এবং বাংলাদেশ থেকে এসে বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩৮ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

post
এনআরবি বিশ্ব

ইতালির বায়তুস সালাত খুলে দেয়ার আহবান

ইতালির মনফালকনে ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালাম ও বায়তুস সালাত জামে মসজিদ খুলে দেয়ার দাবিতে ও কন্যসুলেট সার্ভিস সেবাদানে সহায়তা না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশীরা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালামের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন খন্দকার,বায়তুস সালাতের সভাপতি রেজাউল হক রাজু,সোশ্যাল এক্টিভিস্ট মাসুম আহমেদ।পরে লিখিত বক্তব্যে হামিম আহমেদ মনফালকনে দু‘টি ইসলামিক কালচারাল সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ভ্রাম্যমান কন্যসুলেট সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদানের অনুরোধ করেন।

post
ক্যাম্পাস লাইফ

বিদেশী শিক্ষার্থীদের জন্য কঠোর যুক্তরাজ্য

অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বরাবরই পছন্দের শীর্ষে থাকে যুক্তরাজ্য। উন্নত জীবনের স্বপ্নে ইউরোপের এ দেশটিতে প্রতি বছর পাড়ি জমাচ্ছেন হাজারও বাংলাদেশী। তবে দেশটিতে সম্প্রতি শিক্ষা অর্জনসহ নানান ক্ষেত্রে এসেছে কঠোর পরিবর্তন। তাই সঠিক নির্দেশনা মেনে দেশটিতে যাওয়ার পরামর্শ স্থানীয় বাংলাদেশীদের।সংশ্লিষ্টরা জানান,অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাজ্যে বসবাস করছেন বহু বাংলাদেশী। উন্নত বিশ্বের এই দেশটিতে জীবন গড়ার স্বপ্ন থাকে প্রায় প্রতিটি অভিবাসন প্রত্যাশীর। তবে দেশটিতে শিক্ষা অর্জনের ক্ষেত্রে সম্প্রতি আনা হয়েছে বড় পরিবর্তন। তাই দেশটিতে যাওয়ার পূর্বে অর্থনৈতিক নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে জানার পরামর্শ দেন দেশটির আইনজীবি ব্যারিষ্টার এম কামরুল হাসান। প্রবাসী বাংলাদেশী ব্যারিষ্টার এম কামরুল হাসান বলেন, দেশটিতে শ্রমশক্তি রপ্তানীর ক্ষেত্রেও এসেছে আইনের পরিবর্তন। যেখানে কপাল খুলছে দক্ষ কর্মীদের। তিনি আরও জানান, অদক্ষতা নিয়ে বৃটেনে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন অনেক বাংলাদেশী। তাই দেশের ভাবমূর্তি রক্ষায় আইন মেনে দেশটিতে যাওয়ার পরামর্শ তার।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে দেশীয় পোশাক শিল্পের প্রচারণা

ফ্রান্সে আমাদের কথা পত্রিকার দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে প্রথমবারের মতো ফ্যাশন শো'র মাধ্যমে দেশীয় পোশাক শিল্পকে তুলে ধরা হয়।প্রবাসী নারী উদ্যোক্তাদের চারটি প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্পকে ফ্যাশন শো'র মাধ্যমে তুলে ধরে। তারা হলেন সাথী ফ্যাশন, ফ্যাশন কর্নার‌ প্যারিস, জয়নাব ফ্যাশন,নাভা হ্যান্ডক্রাপস। এর আগে সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও নুসরাত জাহান নাবিলার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।এতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও হেড অব চ্যান্সরী ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মাজহারুল বার্নার্ড মির্জা, বিডি ফার্নিচার'র চেয়ারম্যান মিয়া মাসুদ,এস এ ওয়ার্ল্ড'র চেয়ারম্যান সাব্বির আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ অনেকে।

post
অভিবাসন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা হবে: প্রতিমন্ত্রী

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করে লিবিয়ায় বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস.এম সুলিমান সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সময় দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। এর আগে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান লিবিয়ার রাষ্ট্রদূত সুলিমান। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

দেশে হয়রানীর শিকার হচ্ছেন অনেক প্রবাসী

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন প্রায় দেড়কোটি প্রবাসী বাংলাদেশী। যাদের শ্রমে-ঘামে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতির চাকা। তাইতো এই অভিবাসীদেরকে বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এ সংগ্রামীরা খোদ নিজ দেশেই হচ্ছেন নানাভাবে হয়রানীর শিকার। ভূক্তভোগীরা বলছেন, সকল ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হচ্ছেন তারা। আর স্বাধীনতার ৫০ বছর পরও এমন ঘটনাকে হতাশাজনক মনে করছেন প্রবাসীরা।সংশ্লিষ্টরা জানান, জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার। কেউ আবার নিকট স্বজনের থেকেও পাচ্ছেন প্রতারণার তিক্ত স্বাদ। এদিকে প্রবাসীদের আইনী সমাধানের ক্ষেত্রেও হয়রানীর শিকার হতে হয় বলে জানান লেবানন প্রবাসী মশিউর রহমান টিটু। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও সাধারণ নাগরীকদের অধিকার না থাকাকে,কলঙ্কের মনে করছেন বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল। প্রবাসীদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও তারা সেই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মনে করছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী এস কে আহমেদ আলীসহ অনেক বাংলাদেশী।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির উদ্যোগে ইতালিতে শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া। সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল ওহাব, নুরুল আবছার, রায়হান কামাল ও শাহ মোঃ তৌহিদ কাদের সহ অনেকে। এসময় বক্তারা বলেন, বছরব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে ব্যস্ত থাকলেও নিজেদের পারস্পরিক সম্পর্ককে সমুন্নত করতেই এই আয়োজন। এছাড়াও দেশটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে নবজাগরণ নারী কল্যাণ সমিতি। রোমে অনুষ্ঠিত পিঠা উৎসবে আবহমান বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি নারীরা। সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার লিপি, সিনিয়র সহসভাপতি রেহানা আক্তার শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকুর আমন্ত্রণে প্রায়অর্ধ শতাধিক বাহারি পিঠা তৈরি করেন নারী সদস্যরা। মেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উম্মে হানি চৌধুরী, হালিমা খাতুন মান্নান ও শামসুন্নাহার বেগমসহ অনেকে।  

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.