স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো গুলিবিদ্ধ
বন্দুকধারীর হামলায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে একটি সরকারি বৈঠক থেকে বেরিয়ে হামলার শিকার হন তিনি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন,প্রধানমন্ত্রী হত্যাচেষ্টার শিকার হয়েছেন। তাঁকে একাধিকবার গুলি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ আটক করেছে বলে স্লোভাকিয়ার বিদায়ী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, এই ভয়াবহ ও জঘন্য হামলায় তারা মর্মাহত। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ ফিকোকে তুলে নিয়ে একটি কালো গাড়িতে ওঠাচ্ছেন। পরে গাড়িটি দ্রুতগতিতে চলে যায়।
