post
এনআরবি বিশ্ব

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ড. হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সাথে কথা বলে প্রতীয়মান হয় যে, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের ‘ওভার-রিএকশন’ বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। খুব সহসাই আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি। বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন। তাদের খাবার-দাবারের কোনো সমস্যা নেই। আশ্রয় নিতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র‌্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে আছে। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সকল সামরিক সদস্যকে খুব শীঘ্রই নৌপথে ফেরত পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

দেশের উন্নয়নে প্রবাসীদেরই হাত বাড়িয়ে দিতে হবে: যুক্তরাষ্ট্রে প্রধান বিচারপতি

প্রবাসীরা যেন দেশকে ভুলে না যায়, দেশকে নিয়ে ভাবে, দেশের জন্য কাজ করে সেই অনুরোধ রেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২৮ মার্চ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।রাষ্ট্রীয় কাজে দশ দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন প্রধান বিচারপতি। তার সাথে এই সফরে আসা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, ও নারী বিচারপতি ফাহমিদা কাদের এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মকবুল হাসান টিটু অংশ নেন এই আয়োজনে।প্রধান বিচারপতি বলেন, "প্রবাসীদের উচিত তাদের সন্তানদের কাছে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা। এই ইতিহাস ঐতিহ্য জানলে দেশের প্রতি তাদের একটা টান তৈরি হবে। যার ফলে আটলান্টিক পাড়ি দিয়ে আসা বাবা-মায়ের শেকড়টা তারা কখনো ভুলতে পারবেনা।" তাই প্রবাসীদের দেশের বিষয়ে সন্তানদের নানাভাবে যুক্ত করার অনুরোধ রাখলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও অংশ নেন ইফতার অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।দেশের বিচার বিভাগের সব শীর্ষ ব্যক্তিদের একসাথে নিজের বাসায় অতিথি হিসেবে পেয়ে আপ্লুত সাবেক অ্যাটর্নি মোহাম্মদ আলমগির।তিনি বলেন," পুরো গ্রেটার ওয়াশিংটন বাসীর জন্য আজকের এই মুহুর্তটি গর্বের, যে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলকে একসাথে আমাদের মাঝে পেয়েছি। তাদের এই আগমন উপলক্ষ্যে আশে পাশের অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ ছুটে এসেছেন। আমাদের প্রধান বিচারপতি সম্পর্কে দিনে দিনে যতই জানছি ততোই অবাক হচ্ছি। তেমনি আমাদের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলতে হয়, মেধা আর যোগ্যতার ভিত্তিতেই তিনি এমন সম্মানজনক দায়িত্ব পেয়েছেন" ঘরোয়া এই ইফতার অনুষ্ঠানের আয়োজনে সকলে যে উপস্থিত হয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর।  একেবারে দেশীয় আমেজের ইফতার আয়োজনের প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, " শত চ্যালেঞ্জ মোকাবেলা করেও শেখ হাসিনার নেতৃত্বে দারুণ গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে।" উদাহরণ হিসেবে বলেন, "ঢাকা বিমানবন্দরের সেবার মান অনেক বদলে গেছে। তৃতীয় টার্মিনাল চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম বিমানবন্দরে পরিণত হবে।" অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "দেশে এতো উন্নয়নের পরও বহির বিশ্বে নানা রকম নেতিবাচক কথা হয়।" দেশের ভাবমূর্তি উজ্জলের জন্য ইতিবাচক বিষয়গুলো সবার সামনে প্রবাসীদের নিয়ে আসা  উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আয়োজনের শেষ দিকে এবছরের ৩১ অগস্ট ও ১লা সেপ্টেম্বর দুই দিন ব্যাপী কনভেনশনে অংশ নেবার জন্য চিফ জাস্টিস ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র তুলে দেন মোহাম্মদ আলমগির।২৭ মার্চ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেশটির প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোনো প্রধান বিচারপতির এটিই প্রথম বৈঠক। দুই দেশের বিচার বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এর ফলে দুই দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। বাংলাদেশের যাবার জন্য আমন্ত্রণ জানালে তাতে ইতিবাচক সাড়া দেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি। ৩১ মার্চ দশ দিনের সফর শেষে দেশে ফিরে যাবার কথা প্রধান বিচারপতির। তার এই সফরকালে এ পদে কার্যভার পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

post
শিক্ষা

স্প্রিং কোয়ার্টারের নবীনদের পদচারণে মুখরিত ডব্লিউইউএসটির ক্যাম্পাস

'এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নতুন কোয়ার্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করতে এভাবেই যেন স্বাগতম জানিয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষক ও কর্মকর্তাগণ।২৭ মার্চ বুধবার ছিল ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্প্রিং কোয়ার্টারের ওরিয়েন্টেশন। এদিন সকাল থেকে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার নতুন ক্যাম্পাসে ছিল নবীন শিক্ষার্থীদের আনাগোনা। নতুনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যার মধ্যে বেশিরভাগই ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাবা-মা, প্রিয়জনদের ছেড়ে বিদেশের মাটিতে স্বপ্ন পূরণের এক নতুন যাত্রা। সবার চোখে ছিল খুশির আমেজ। যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে তাদের উচ্চ শিক্ষা স্বপ্নের পূর্ণতা যেন খুশির আমেজকে বাড়িয়ে তুলে শতগুণ।এই আয়োজনে প্রায় শ'খানেক শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন সশরীরে। আরও দেড় শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছিলেন অনলাইনে। নতুনদের স্বাগতম জানান, ডব্লিউইউএসটির সকল বিভাগীয় প্রধান, প্রফেসরস ও কর্মকর্তাগণ। সূচনা বক্তব্যে চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নবাগতদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সকল সুবিধার সবোর্চ্চটা গ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রস্তুত করে তোলার অঙ্গীকারকে উচ্চে তুলে ধরে ডব্লিউইউএসটি তার মিশন ও ভিশন নির্ধারণ করেছে। জীবনের সকল বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানেই অন্যরকম এক অনুভূতি এবং নতুনত্বের হাতছানি। আর সেটি যদি হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো কোন বিশ্ববিদ্যালয়ে তাহলে স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসের প্রথম দিনটি একটু উচ্ছ্বাসের, রোমাঞ্চের। তাদের চোখের ভাষা বুঝতে পেরেই যেন বেশ কিছু পরামর্শ রাখেন প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক। বলেন, "অ্যাকাডেমিক কার্যকলাপের পাশাপাশি নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে, যা বিশ্ববিদ্যালয় এবং তার পরিবর্তে জীবনে প্রতিটি ধাপে সহযোগিতা করবে।" ১২০টি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে ডব্লিউইউএসটিতে। এ তালিকায় এবার যুক্ত হয়েছে আরও নতুন কিছু দেশের নাম। সাউথ আমেরিকার দেশ কলম্বিয়া, বলিভিয়া, আফ্রিকার দেশ আলজেরিয়া, তানজানিয়া, তিউনেশিয়া এবং নেপাল থেকে এসেছেন বেশ কিছু শিক্ষার্থী। ইন্টারন্যাশনাল এসব শিক্ষার্থীকে ক্যাম্পাস এবং আউট অব দা ক্যাম্পাসে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। ওরিয়েন্টেশনে সে সকল বিষয়গুলো বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ডিএসও কির্ম্বালি সিম্পসন। এমনিতেই ডব্লিউইউএসটি এফোর্ডেবল বিশ্ববিদ্যালয় হিসেবে সুনাম কুড়িয়েছে। এর বাইরেও প্রতি কোয়ার্টারে ভালো ফলাফলের ভিত্তিতে রয়েছে মেধাভিত্তিক স্কলারশিপ। তা পেতে কি কি করতে হবে সে সব তুলে ধরেন স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। তিন ঘণ্টা ব্যাপী এই ওরিয়েন্টশনটি সাজানো হয় বেশ কয়েকটি পর্বে। নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ, সময়ের মধ্যে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট ও ডিসকাশন করা, পরীক্ষা ও নাম্বার বন্টন পদ্ধতি,  প্ল্যাগারিজমের জন্য কঠিন নিয়ম, লাইব্রেরি ব্যবহার, আইটি সাপোর্ট, ক্যারিয়ার সার্ভিস, এই সব বিষয়ের উপর চমৎকার প্রেজেন্টেশন তুলে ধরেন বিভাগীয় প্রধানগণ।ওরিয়েন্টেশনের এক অংশে নতুনদের জন্য ছিল একটি প্রতিযোগিতার আয়োজন। যা পরিচালনা করেন মার্কেটিং ডিরেক্টর হুসে উর্তেগা। পাশাপাশি ডব্লিউইউএসটির সক্রিয় কয়েকটি স্পোর্টস ক্লাবের কথা উল্লেখ করে সে সব ক্লাবে যোগ দেয়ার অনুরোধ জানান তিনি।ছাত্রদের যে কোন প্রয়োজন সর্বদা পাশে থাকে ডব্লিউইউএসটির স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন ক্লাব। এসজিএর প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত সকলকে স্বাগতম জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যে কোন ধরনের সহযোগিতায় পাশে আছে এসজিএ ক্লাব। এছাড়া তুলে ধরেন এই ক্লাবের অধীনে থাকা শিক্ষামূলক ক্লাবগুলোর কার্যক্রম। জানিয়ে দেন, সারা বছর এসজিএ স্টুডেন্টদের জন্য আয়োজন করে থাকে বিনোদন মূলক নানা আয়োজন।পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডেন্ট সাকসেস এন্ড ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ। জব ফেয়ার, অন ক্যাম্পাস জব এবং সিপিটি- ওপিটিতে পেতে স্টুডেন্টদের তার টিম কীভাবে সহযোগিতা করে, রোজ তুলে ধরেন ওরিয়েন্টশেনর শেষ অংশে।এরপর শিক্ষার্থীদের জন্য ছিল ক্যাম্পাস পরিদর্শন পর্ব। ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি, লাউঞ্জ রুম ঘুরে দেখেন তারা। কুশল বিনিময় করেন চ্যান্সেলর আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. কারাবার্কের সাথে। ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের পর্বের পর গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় স্প্রিং-২০২৪ কোয়ার্টারের ওরিয়েন্টেশন। নবীনদের স্বপ্নময়ী চোখে নতুন স্বপ্নে আর উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শুরু হলো তাদের বিশ্ববিদ্যালয় জীবন। ২ এপ্রিল থেকে শুরু হবে তাদের ক্লাসসহ সকল শিক্ষা কার্যক্রম। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২০ দেশের সতেরোশ শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় বিচার দাবি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনায় বিচারের দাবি জনিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের ওজন পার্কের বাসায় নির্মমভাবে গুলি করে ইয়ন রোজারিওকে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চাওয়ার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা প্রমুখ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে আমেরিকা মায়াকান্না করলেও তারা তাদের দেশেই বাংলাদেশের তরুণকে হত্যার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকারহীনের পরিচয় দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দেশকে সবার আগে মানবিক করে তোলার আহ্বান জানাচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে হেরে গেলেন বাংলাদেশী শামীমা

যুক্তরাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী শামীমা বেগম তার নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য সুপ্রীম কোর্টে করা চ্যালেঞ্জেও হেরে গিয়েছেন। ২৪ বছর বয়েসী এই তরুণী তার মামলাটি সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার জন্য আপীল আদালতে অনুমতি চেয়েছিলেন। ২০১৯ সালে সরকার জাতীয় নিরাপত্তার স্বর্থে তার নাগরিকত্ব কেড়ে নেয়। এর আগে, শামীমা জঙ্গী গোষ্ঠি ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিযায় পালিয়ে যান।

post
দূতাবাস খবর

বিশ্বের কাছে পাকিস্তানের বর্বরতা তুলে ধরার আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

অ্যামেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ১৯৭১ সালের ২৫মার্চ বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ওইদিন ও পরবর্তী নয় মাসে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশিসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক সংঘটিত বর্বরোচিত গণহত্যাকে স্মরণ করে সোমবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ এর আলোচনা সভায় তিনি একথা বলেন। মঙ্গলবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ১৯৭১ সালের ঐদিন কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দূতাবাস বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।অ্যামেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ‘একাত্তরের গণহত্যা’ শীর্ষক সেমিনারের ওপর আলোচনায় অংশ নেন এবং কাউন্সেলর (পলিটিক্যাল) আরিফা রহমান রুমা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতাকে মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘পাকিস্তানের সামরিক জান্তা মুক্তিপাগল বাঙালিদের স্বাধীনতা আন্দোলনকে দমন এবং ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণকে প্রতিহত করার নীলনকশা বাস্তবায়নের জন্য ঢাকাসহ সারা বাংলাদেশে বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসলীলা চালায়।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আরিফা রহমান রুমা ১৯৭১ সালের ২৫মার্চ ও পরবর্তী নয় মাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক সংঘটিত বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিস্তারিত বর্ণনা দেন। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। কর্মসূচী পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা উইং) মুহাম্মদ আব্দুল হাই মিলটন।

post
আন্তর্জাতিক

জাহাজের ধাক্কায় বল্টিমোরে ভেঙে পড়েছে সেতু

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকের এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট।ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক কেভিন কার্টরাইট বলেছেন, বাল্টিমোরে ব্যাপক হতাহতের পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকারী কয়েকটি দলের সদস্যরা নদীতে পড়ে যাওয়া কমপক্ষে ২০ জনকে উদ্ধারে কাজ শুরু করেছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি ও ট্রাক ছিল। তিনি বলেন, ‌‌‘‘দুর্ভাগ্যজনকভাবে আমরা প্যাটাপস্কো নদীতে ২০ জন মানুষ ও একাধিক যানবাহন পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’’বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট সিবিসিএস নিউজকে বলেছে, ভেঙে পড়ার সময় সেতুটিতে ট্রাকের বিশাল সারি ছিল। সেতুতে আঘাতকারী জাহাজের আশপাশের পানিতে প্রচুর পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে। তাদের ডুবুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ‘‘পানিতে’’ পড়ে যাওয়া লোকজনকে শনাক্তের কাজ শুরু করেছে।কার্টরাইট বলেছেন, সেতু ধসের এই ঘটনায় নিখোঁজ লোকজনের সন্ধানে তারা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সাথে কাজ করছেন। ডুবুরিদের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য নদীতে নেমেছে। তবে সেখানকার তাপমাত্রা বর্তমানে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পোহাতে হচ্ছে। এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটের দিকে বাল্টিমোরের প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত তিন কিলোমিটার দীর্ঘ ওই সেতুতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আঘাত হানে। এতে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ম্যারিন ট্রাফিক বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘‘দ্য ডালি’’ মঙ্গলবার প্যাটাপস্কো নদীর ওই সেতুতে আঘাত হানে। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন কিলোমিটার দীর্ঘ সেতুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, জাহাজের ধাক্কায় সেতুটির বিশাল একটি অংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ছে।

post
এনআরবি সাফল্য

মুক্তিযুদ্ধ নিয়ে প্রজেক্ট বানিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন কিশোরীর স্বর্ণপদক জয়

অর্চিতা শ্বেতার জন্ম সিঙ্গাপুরে। রিফাইয়া ফয়সালের যুক্তরাষ্ট্রে। জন্ম দুই দেশে হলেও দুজনের মধ্যে একটা মিল আছে। তা হলো, তাদের মা-বাবা বাংলাদেশি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারমেল হাইস্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রকল্প (প্রজেক্ট) বানিয়ে সম্প্রতি অর্চিতা ও রিফাইয়া স্বর্ণপদক জয় করেছে। ‘দ্য ফরগটেন জেনোসাইড, ফ্রিডম বারিড আন্ডার ব্লাড: দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার’ শিরোনামের এ প্রকল্পে ভাস্কর্যের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের নানা দিক উপস্থাপন করে অর্চিতা ও রিফাইয়া। প্রতিযোগিতার আয়োজক ছিল ইন্ডিয়ানা হিস্ট্রিক্যাল সোসাইটি। অর্চিতার বাবা চন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, আঞ্চলিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে তাঁর মেয়ে এবং রিফাইয়া। এরপর অঙ্গরাজ্যসহ বিভিন্ন ধাপে স্বর্ণপদক পেলে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অর্চিতা ও রিফাইয়া জানায়, ওয়ার্ল্ড হিস্ট্রি প্রজেক্ট হিসেবে দলীয়ভাবে ‘টার্নিং পয়েন্ট ইন হিস্ট্রি’, অর্থাৎ বিশেষ কারণে এক ব্যক্তির নেতৃত্বে বিশ্বের ইতিহাস নতুন মোড় নিয়েছে—এমন কিছু পরিকল্পনা করতে বলেছিলেন তাদের শ্রেণিশিক্ষক (২০২৩-২৪ স্কুল ইয়ার)। পরে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিস্ট্রি ডের প্রতিযোগিতায় উপস্থাপন করে তারা। বিচারকদের ৮টি ভিন্ন প্রশ্নের প্রায় প্রতিটি ক্ষেত্রে ‘উদাহরণযোগ্য’ প্রকল্প হিসেবে স্বীকৃতি পায় এটি। প্রতিযোগিতায় অন্তত ৩০০টি প্রকল্প উপস্থাপিত হয়। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে অর্চিতার বয়স যখন দেড় বছর, তখন সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে থিতু হন চন্দ্রনাথ। আর রিফাইয়ার বাবা আবু নাসের ফয়সাল যুক্তরাষ্ট্রে যান গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে। বাংলাদেশে জন্ম না নিলেও মা–বাবার সূত্রে এই দুই কিশোরীর শিকড় বাংলাদেশে। ঘরে তারা বাংলায় কথা বলে। মা-বাবার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনে তারা বড় হয়েছে।এই দুই কিশোরী জানিয়েছে, তারা এ কাজ করতে গিয়ে প্রকল্প উপস্থাপনের পর বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত জানার সুযোগ পায় এই কাজ করতে গিয়ে, যা তাদের মনের মধ্যে গেঁথে গেছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। মেয়ের সাফল্যে বাবার অনুভূতি জানতে চাইলে চন্দ্রনাথ প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নবপ্রজন্ম হিসেবে মেয়ের জন্য এটি অনেক বড় অর্জন। বিশেষ করে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করে স্বর্ণপদক পাওয়া অনেক বড় একটা স্বীকৃতি।

post
আন্তর্জাতিক

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি বিশেষ এই দিনে বাংলাদেশিদের উষ্ণ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক স্বাস্থ্য–চ্যালেঞ্জ মোকাবিলাসহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।ব্লিঙ্কেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘বাংলাদেশ আরও একটি স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টাই বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে।’

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রের এডুকেশন বোর্ডে বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের সদস্য হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদ ড.ওসমান সিদ্দিকী। শুক্রবার হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা দেয়া হয়। বোর্ডটির অন্য সদস্যরা হলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা পরিচালক এবং মানবতা বিষয়ক জাতীয় কমিটির প্রধান। এছাড়াও এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ড. এম ওসমান সিদ্দিকী বর্তমানে দেশটির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটন তাকে ফিজি, টোঙ্গা, টুবালু এবং নাউরু নামক দ্বীপ রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ২০০০ সালে ফিজির অভ্যুত্থানের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা ও দেশটির পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করেন ড. ওসমান। তিনি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোট ভাই।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.