post
বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা। বুধবার (২৬ এপ্রিল) সকালে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি বিষয়টি জানিয়েছেন।  এদিকে একই গেস্ট হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুবু ও জেট্রোর চেয়ারম্যান এবং সিইও ইশিগুরু নোরিহিকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চাটার্ড ফ্লাইট জাপানের স্থানীয় সময় টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

post
বাংলাদেশ

একদিনের হজ্জ নিবন্ধন চলবে আজ

হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে মঙ্গলবার (২৫ এপ্রিল) একদিনের জন্য হজের নিবন্ধন চলবে। এজন্য আজ হজযাত্রী নিবন্ধন সার্ভার খোলা থাকবে।আরও একদিনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের সুযোগ দিয়ে এর আগে গত ২০ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আট দফা সময় বাড়ানোর পর সর্বশেষ গত ১১ এপ্রিল হজের নিবন্ধনের সময় শেষ হয়। কিন্তু কোটা পূরণে ৭ হাজার ৫০৩ জন হজযাত্রীর নিবন্ধন বাকি ছিল। যদিও এর একটা অংশ হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের দিয়ে পূরণ হবে।হজের খরচ অত্যধিক বেড়ে যাওয়ায় এবার বারবার সময় বাড়িয়েও কোটা পূরণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।এতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কোনোক্রমেই আর সময় বৃদ্ধি করা হবে না।মঙ্গলবার হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৫ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৬৬০ জন নিবন্ধিত হয়েছেন।

post
বাংলাদেশ

ত্রিদেশীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরে ঢাকা ছেড়েছেন। ১৫ দিনের সরকারি সফরে তিনি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান। স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফ্লাইটটি জাপানের টোকিওতে পৌঁছাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।শেখ হাসিনার জাপান সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই দিন তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাইকা, জেইটিআরও, জেইইআইসি, জেবিপিএফএল, জেবিসিসিইসির নেতাদের সঙ্গে বৈঠকসহ আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

post
বাংলাদেশ

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষেরা

ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ (সোমবার)। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা।সোমবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসে ও নিজস্ব মোটরসাইকেলে ইট-পাথরের নগরীতে ফিরছেন সবাই। তবে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম।সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরছেন কর্মজীবীরা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়তে শুরু করেছে গাড়ির চাপ।পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন। অনেকেই বর্ধিত ছুটি উদযাপন করছেন প্রিয়জনদের সঙ্গে। যে কারণে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম। রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও বাস স্টপেজগুলোতে দেখা যায়, দূরপাল্লার বাস থেকে নামছেন যাত্রীরা। ব্যাগ নামিয়ে সিএনজি বা রিকশায় চড়ে কেউ ফিরছেন বাসায়, আবার কেউ কর্মস্থলে।বাস স্টপেজে যে কথা হয় রাজবাড়ীর পাংশা থেকে ফিরে আসা মোস্তফার সঙ্গে। সরকারি একটি ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ঈদে বাড়ি তো যেতেই হয়। ঈদে বাড়িতে পরিবার ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিজনদের সঙ্গে দেখা হয়েছে। সরকার নির্ধারিত ছুটি শেষ। তাই ভোগান্তি বিবেচনায় স্ত্রী-সন্তানদের রেখেই আগেভাগে কর্মস্থলে যোগ দিতে ফিরতে হলো। কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনে গাবতলীতে আসা যাত্রী আল-আমিন বলেন, এবারের ঈদে ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি গিয়েছিলাম। যানজট এড়াতে ঈদের চারদিন আগে বাড়িতে গিয়েছিলাম। বাবা-মা, স্বজন ও প্রিয়জনদের ছেড়ে আসতে খারাপই লাগছিল। কিন্তু কর্মস্থলে তো ফিরতেই হবে।পঞ্চগড় থেকে হানিফ পরিবহনে চড়ে ঢাকায় ফেরা যাত্রী মুক্তারুল ইসলাম বলেন, স্বস্তিতে ফিরেছি এতেই ভালো লাগছে। সড়কে চাপ নেই।হানিফ পরিবহনের গাবতলী কাউন্টার ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অনেকের ছুটি এখনো শেষ হয়নি। অনেকেই ঈদের পর তিন থেকে চারদিনের ছুটি নিয়েছেন। সঙ্গত কারণেই শুক্রবার বিকেল থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়বে।গাবতলী রজব আলী মার্কেটের আলহামরা কাউন্টারে কথা হয় ম্যানেজার দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, যারা ঈদের আগে বা সরকার নির্ধারিত ছুটি উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন, তারা এখন ফিরছেন। এখনো বাসে ট্রিপ আসছে না। দু’দিন পর রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বাড়বে।

post
বাংলাদেশ

বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হবে।মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করেন।স্বাধীনতার পর থেকে ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এর মধ্যে মো. আবদুল হামিদই প্রথম ব্যক্তি, যিনি পরপর দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।গত ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

post
বাংলাদেশ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে এবং আগামীকাল ১ শাওয়াল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সিয়াম সাধনার ইতি ঘটল। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়।

post
বাংলাদেশ

আগামী নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাব। বুধবার তার সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাক্ষাৎ করার সময় তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।কিছু স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের আলাদা এজেন্ডা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকায় চরম দারিদ্র্যের হার ৫.৬ এবং দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ হ্রাস পেয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায়।তিনি বলেন, গত মার্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাধ্য করতে তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক বেড়েছে। কারণ বর্তমান শিশুর সঙ্গে ৪০ হাজার নবজাতক শিশু যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে। শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কারণ এ যুদ্ধে সারা বিশ্ব ভুগছে। তিনি বলেন, আমরা সব সময় যে কোনো যুদ্ধের বিপক্ষে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তাদের সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে। রাশিয়া ও ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

বাংলাদেশের আকাশে যেদিন দেখা যাবে ঈদের চাঁদ

শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে এবার রোজা হবে ২৯টি।বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।উল্লেখ্য, গত কয়েক বছর ৩০ রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

post
বাংলাদেশ

শুক্রবার থেকে গরম কমার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস

ঈদের ছুটিতে বিভিন্ন শহরে লেখাপড়া করা শিক্ষার্থীরা নিজ বাড়িতে এসেছেন। কিন্তু এর মধ্যে প্রচণ্ড দাবদাহ চলছে দেশজুড়ে। প্রচণ্ড গরমে প্রশান্তির জন্য জমিতে পানি সেচ দেওয়ার ডিপকলে গোসল করতে আসে শিশু-কিশোর ও যুবকেরা।দেশের চার জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া চার বিভাগের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি কাল বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে। আবার তিন বিভাগের দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস।চলতি এপ্রিল মাসের শুরু থেকেই গরম পড়তে শুরু করেছে। প্রথমে মৃদু থেকে মাঝারি, পরে বিভিন্ন এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়। বাতাসে আর্দ্রতা কম থাকায় ঘাম কম হলেও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে থাকে। গত রোববার থেকে বাতাসে আর্দ্রতা বাড়তে থাকে।আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকাল নয়টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।প্রচণ্ড গরম হলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

post
বাংলাদেশ

বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতে দীর্ঘদিন ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। আলেমদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা মসজিদে নামাজ পড়বেন, তখন বিদ্যুৎ ব্যবহার করবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচগুলো বন্ধ করে রাখবেন। ওটা শুধু মসজিদের ক্ষেত্রে না, আপনাদের বাড়িতেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন, এতে আপনাদের বিলও কম হবে, বিদ্যুতের সাশ্রয় হবে।সোমবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। শেখ হাসিনা বলেন, আমরা যে দামে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক দামে বিদ্যুৎ আমরা দিচ্ছি। বিরাট অংকের ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকি দীর্ঘদিন দেওয়া সম্ভব না। সেই কথাগুলো সকলের মাথায় রাখতে হবে। কোনভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় না ঘটে। ইসলাম ধর্মে অপচয়ের ব্যাপারে না রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে আমাদের কোমলমতি ছেলেদের বিভ্রান্তি পথে নিয়ে যাওয়া হয়। তারা যেন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। সেজন্য তাদের বুঝাতে হবে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মানুষ খুন করলে কখনও বেহেস্তে যাওয়া যায় না, খুন করলে দোজখেই যেতে হয়, এ বিষয়টা মানুষকে সচেতন করতে হবে। মসজিদের ইমাম, আলেম, খতিবদের সাধারণ মানুষ শ্রদ্ধার চোখে দেখে, আপনাদের কথার গুরুত্ব রয়েছে।তিনি আরও বলেন, মাদক, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, অহেতুক মিথ্যা কথা বলে গুজব ছড়ানো, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ, দুর্নীতি ইত্যাদির বিষয়ে মসজিদের খুতবা দেওয়ার সময় যদি আপনারা বেশি করে বোঝান তাহলে কিন্তু মানুষ সেটা গ্রহণ করে। বিশেষ করে জুমার দিন যে খুতবা দেওয়া হয় তখন ভালোভাবে তুলে ধরা দরকার। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.