post
বাংলাদেশ

উপসচিব থেকে যুগ্মসচিব ২০১ কর্মকর্তা

সরকারি ২০১ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।এতে আরও বলা হয়েছে, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা প্রজ্ঞাপনে উল্লিখিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

post
বাংলাদেশ

দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।ড. ইউনূসকে উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন, তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটটা হচ্ছে- নির্বাচনটা তখনই করবেন যখন রিফর্মগুলো ক্যারি আউট করা যায়। যেটা জুডিশিয়ারি থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি রিফোর্সে, মিডিয়াতে। সমস্ত কিছু উনি রিফর্ম অ্যাড্রেস করার পর অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচন করতে পারে, এটা হচ্ছে ওনাদের মূল কাজ।ড. ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করেছেন। নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংক ডাকাতি করা হয়েছে।কূটনীতিকদের ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে, আমি তাদের দেখতে গিয়েছিলাম। আমরা জানি না, ওদের কি হবে। পৃথিবীর কোনো দেশের ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি। আমরা চাই, শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে, এটার গ্রহণযোগ্য ও পক্ষপাত অবলম্বন না করে একটা তদন্ত হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার জাতিসংঘকে পূর্ণ সমর্থ দেবে।ড. ইউনূস আরও বলেন, শিক্ষার্থীরা যে বাংলাদেশ চায় সেটা করার চেষ্টা করবেন। এমন একটা বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

post
বাংলাদেশ

আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম অবাস্তবায়নযোগ্য বলে প্রতীয়মান হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ কথা বলেন উপদেষ্টা।তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। কিন্তু এমনভাবে যাব, যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়।’গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতেও চালু হয়েছে এ শিক্ষাক্রম। ২০২৭ সালে এটা দ্বাদশ শ্রেণিতে চালু হওয়ার কথা ছিল। এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। নতুন শিক্ষাক্রমে শিখন ও মূল্যায়নে আমূল পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এ শিক্ষাক্রম নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক আছে। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।

post
বাংলাদেশ

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপ-পরিদর্শকের কাছে ৭০ হাজার পিস ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের এক সহকারী উপ-পরিদর্শক ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মো. আমজাদ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।শনিবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করেন বিজিবি সদস্যরা। রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রোববার সকালে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আমজাদ মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, আমরা ঘটনাটি অবগত হয়ে আমাদের উপর মহলে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

post
বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে।রোববার ( ১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।এর আগে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা অপর এক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

post
বাংলাদেশ

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আমন্ত্রণ জানান।ড. ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান মোদি। শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা।এ সময় ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানান মোদি। অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

post
বাংলাদেশ

প্রাণঘাতী এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা জারি

বিশ্বজুড়ে করোনা মহামারির ভয়াল থাবা থেকে এখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মানুষ। এরমধ্যে ঝুঁকি বাড়াচ্ছে এমপক্স ভাইরাস। যা পূর্বে মাংকিপক্স নামে পরিচিত ছিল।আফ্রিকার দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব। এ নিয়ে সতর্কতার অংশ হিসেবে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। মূলত কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতে। গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করা হলো। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বলছে, আফ্রিকার ১৩টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন রূপটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, ‘আজ জরুরি কমিটির বৈঠকের পর আন্তর্জাতিক উদ্বেগের কারণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরামর্শ আমি গ্রহণ করেছি।’ ‘আফ্রিকা এবং এর বাইরে আরও দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক’। এই সংক্রামক ভাইরাস এখন মধ্য ও পূর্ব আফ্রিকায় ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের নতুন রূপটি যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ১৪ হাজার ৫০০ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই সময় কমপক্ষে ৪৫০ জনের মৃত্যু হয়। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।  পরিসংখ্যানে উঠে এসেছে, গতবছরের একই সময়ের তুলনায় এমপক্স ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে ১৬০ শতাংশ। আর মৃত্যুর হার বেড়েছে ১৯ শতাংশ। ফলে ভাইরাসটির উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। 

post
বাংলাদেশ

খাগড়াছড়িতে পাহাড়ধস, ছিল যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় সড়কের দুপাশে আটকা পড়ে ছিলো বহু যানবাহন।শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারার পুলিশ বক্সের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।আটকে পড়া যাত্রীরা জানান, সকালের দিকে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে যাওয়ার ফলে ২ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিলো। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।তাছাড়া ক্রমাগত বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা বিদ্যুৎ অফিস।মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন ও জিবক কান্তি বড়ুয়া জানান, রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে কয়েকটি বড় গাছ ভেঙে ও পাহাড় ধসে বিস্তৃত মাটি সড়কে পড়ে যায়। ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

post
বাংলাদেশ

রাজধানীতে যুব ও মহিলালীগ কর্মী ইয়াসমিনের বাসায় হামলা করে ফ্লাট দখল

ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগষ্ট দেশ ছেড়ে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগের পর  আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণভয়ে আত্মগোপনে চলে যান, এই সুযোগে সারাদেশে অরাজকতার সৃষ্টি হয়। সারাদেশে ভাংচুর, লুটপাট চালায় কিছু দূর্বৃত্তরা।গত ৭ আগষ্ট রাজধানীর মোহাম্মদপুরের যুব ও মহিলালীগের সক্রিয় কর্মী  ইয়াসমিন আক্তারের ফ্লাট বাসায় হামলা চালিয়ে দখল করে নেয় দূর্বৃত্তরা, সাথে ভাংচুর ও লুটপাট করে ঐ ফ্লাটের ভারাটিয়াদের বের করে দিয়ে জোরপূর্বক ফ্লাট দখল করে তারা। এছাড়াও গ্রামের বাড়ির পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।বুধবার আনুমানিক বিকাল ৩টায় এই ঘটনার শিকার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডের 'ব্লক বি' এর টিসিএল মাছুদ গার্ডেনের ৬ তলার ইয়াসমিন আক্তারের ফ্লাটে।জানা যায়, জোর জবরদস্তি করে ফ্লাট দখল করে নিয়েছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। এছাড়াও ইয়াসমিনের গ্রামের বাড়ি কুমিল্লার জেলার তিতাস উপজেলার পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে দূর্বৃত্তরা। এলাকার পরিচিত মুখ হওয়ায় এবং রাজনীতিতে সক্রিয় থাকায় ইয়াসমিন আক্তার প্রাণের ভয়ে তার মেয়ের পরিবারের সাথে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশে প্রবেশ করলে প্রাণনাশের আশঙ্কা আছে বলে জানান তিনি।এবিষয়ে মুঠোফোনে কথা হয় ঢাকায় থাকা ইয়াসমিন আক্তারের দ্বিতীয় মেয়ের সাথে, তিনি বলেন- আমার মা আওয়ামী লীগের রাজনীতি করায় ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের ঢাকায় ফ্লাট ও গ্রামের পৈতৃক সম্পত্তি  দখল করে।জানা যায়, আওয়ামী লীগের সক্রিয় কর্মী হওয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইয়াসমিন দেশে ফিরতে পারবেন কি না এবিষয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি।

post
বাংলাদেশ

মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠানে যোগ দেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুমের কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান। স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক আবেদ রাজা ও যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন। এর আগে, মরহুমের কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ ও ব্যারিস্টার নজির আহমদসহ আরো অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.