post
বাংলাদেশ

আরব সাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ভারতের গুজরাট উপকূলে আরব সাগরের উত্তরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত বা শুক্রবার (৩০ আগস্ট) সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারত ও পাকিস্তানের আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) একটি সতর্ক সংকেত জারি করেছে। তাতে বলা হয়েছে, গুজরাট উপকূলের কাছে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ গত ১২ ঘন্টা ধরে ধীরে ধীরে কচ্ছের রণের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণপশ্চিমে সরে গেছে এবং এখন করাচির প্রায় ২৭০ কিলোমিটার পূর্ব/দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘নিম্নচাপটি আরও পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার সকাল নাগাদ সিন্ধু উপকূলে উত্তর-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’প্রায় একই কথা বলেছে ভারতের আবহাওয়া বিভাগও (আইএমডি)। বৃহস্পতিবার সংস্থাটি বলেছে, শুক্রবার গুজরাট উপকূলে উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে ঘূর্ণিঝড়টির ভারতীয় উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। কারণ সৌরাষ্ট্র-কচ্ছের রণের ওপর বিরাজমান গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে উত্তর আরব সাগরে সরে যাবে।বৃহস্পতিবার সকালে আইএমডি এক ‍বিবৃতিতে বলে, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভূজের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নালিয়া থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।এটি পূর্ণ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর এর নাম হবে ‘আসনা’। নামটি পাকিস্তানের দেয়া। ১৯৬৪ সালের পর এটি হবে আগস্ট মাসে আরব সাগরে সৃষ্ট দ্বিতীয় ঘূর্ণিঝড়।আইএমডি-র নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের তথ্য থেকে জানা যায় যে, আরব সাগরে উৎপন্ন নিম্নচাপ বা তাদের তীব্রতা ১৯৬১, ১৯৬৪ ও ২০২২ সালে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এগুলোর কোনোটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। অন্যদিকে ১৯২৬, ১৯৪৪ ও ১৯৭৬ সালে স্থলভাগে থাকাকালীন নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল।এদিকে বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএমডি। সাইক্লোনিক সার্কুলেশনটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রতল থেকে ৫ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি দক্ষিণের দিকে খানিকটা হেলে অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে চলেছে।এরপর আগামী দুদিনে এটি উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। যা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে।সূত্র: ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেস

post
বাংলাদেশ

পালিয়েছেন ভারতীয়রা, কী হবে সড়ক প্রকল্পের?

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া নির্মাণাধীন চারলেন সড়ক প্রকল্পের কাজ ফেলে রেখে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। এ অবস্থায় খানাখন্দে ভরা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন হওয়ার পর, ভারতীয় নমনীয় ঋণ এলওসির অধীনে ২০১৮ সালে তিনটি প্যাকেজে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত দুইলেন থেকে মহাসড়কটি চারলেনে উন্নীত করার কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।প্রকল্পের কাজ শুরুর পর ২০১৯ ও ২০ সালে করোনা মহামারির কারণে কাজ অনেকটাই থমকে যায়। পরবর্তীতে বালু সংকটের কারণে আবারও ৬ মাস বিলম্ব হয় নির্মাণ কাজের। এরইমধ্যে ২০২২ সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। এরমধ্যে প্যাকেজ-১ এর অধীনে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত একপাশের দুই লেনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। প্যাকেজ-২ এর অধীনে বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত এক পাশের কাজ অনেকটা শেষ হলেও, অন্যপাশটা খানাখন্দে ভরা। ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস ঘাটুরা, বিরাসার, পৈরতলা, রাধিকা ও উজানি সার এলাকায় মহাসড়কের একপাশে খানাখন্দ থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে যানচালক ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

post
বাংলাদেশ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ৩ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুলকারেম ব্যাটালিয়ানের যোদ্ধাদের যুদ্ধ চলছে- হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের এমন মন্তব্য করার পরেই সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাসেম ব্রিগেডসের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদার বাহিনীর সঙ্গে আমাদের যোদ্ধারা সংঘাত চালিয়ে যাচ্ছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে। ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে ১৪৪ জন। 

post
বাংলাদেশ

হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় গ্রেপ্তার টিপু মুনশিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বিকেল পাঁচটার পর কড়া পুলিশ পাহারায় টিপু মুনশিকে আদালতে হাজির করা হয়। পরে হাজতখানা থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তাঁর মাথায় ছিল পুলিশের হেলমেট, শরীরে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। শুনানির সময় আদালতে উপস্থিত বিএনপি–সমর্থক আইনজীবীরা টিপু মুনশির শাস্তি চান।গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাঁদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা এসব মামলায় রিমান্ডে আছেন।৫ আগস্টের পর থকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি।

post
বাংলাদেশ

গাজী টিভি (জিটিভি) সাংবাদিক রেহনুমা সারাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক রেহনুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত রেহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।রেহনুমা সারাহ কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। তিনি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তার স্বামীর নাম সায়েদ শুভ্র।এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে সর্বশেষ একটি পোস্ট দেন রেহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, "তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশাকরি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি, আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন।" শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রেহনুমা সারাহর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।সারাহর স্বামী সায়েদ শুভ্র জানান, ভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে বাসায় ফেরেননি। রাত ৩টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেয়ার খবর জানতে পারেন। পরে ঢামেক গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেন, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি।রেহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

post
বাংলাদেশ

ব্লু-ড্রিংকস ৭ দিনের মধ্যে বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ

কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান। পরে জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী এই ইউটিউবার।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।এর আগে বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা গেছে, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘মেসার্স ড্রিংকব্লু বেভারেজ’ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ‘‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনও পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিংকসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‍‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ইফতেখার রাফসানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

post
বাংলাদেশ

পরশুরামে খালের বাঁধ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বিএসএফের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেখান থেকে সরে যান বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।স্থানীয়রা জানান, এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। পরে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় ভারতীয়রা। এতে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়। একপর্যায়ে তারা বাংলাদেশ অংশে বাঁধটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা ব্যর্থ হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসে নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের বাধার মুখে খালের বাঁধটি কাটতে পারেনি ভারতীয়রা। এতে বন্যায় আরও বেশি দুর্ভোগের হাত রক্ষা পেয়েছে মির্জানগর ইউনিয়নসহ পরশুরামের নিম্নাঞ্চল। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ওই এলাকায় সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে বাঁধ কাটার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেন। পরে বিজিবি সদস্যরা গেলে তারা সরে যান।উল্লেখ্য উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন চরের পশ্চিমে-দক্ষিণে রয়েছে একটি মরা নদী। সেটি বল্লামুখার খাল নামে পরিচিত। বল্লামুখার খাল নিজ কালিকাপুর থেকে শুরু হয়ে রাঙ্গামাটিয়া, ফকিরের খিল, উত্তর কাউতলী, বাইন্যা গ্রাম, ডিএম সাহেবনগর, মেলাঘর, মির্জানগর, গদানগর, পূর্ব সাহেবনগর, কালীকৃষ্ণনগর গ্রাম দিয়ে সিলোনিয়া নদীতে মিলিত হয়েছে।

post
বাংলাদেশ

সাবেক অতিরিক্ত কমিশনার হারুন সম্পদের দিক থেকে সাবেক আইজিপি বেনজীরকেও ছাড়িয়ে গেছেন

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) সাবেক আইজিপি বেনজীর আহমেদকেও ছাড়িয়ে গেছেন।জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়ি আছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। গত ৫ আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।এ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার ৫৩২ কোটি টাকা আটকে গেছে। সেই সঙ্গে, মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

post
বাংলাদেশ

রানাপ্লাজার ধ্বংসস্তূপে আটকাপড়াদের চাপা দিতে নির্দেশ দেন শেখ হাসিনা

১১ বছর আগের ভয়ংকর এক দিন ২৪ এপ্রিল। বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। ওই ঘটনায় আহত-নিহতের পরিবারতো আছেই,এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপাপড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনও। এগারশ’৩৬ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার ৪৩৮ জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।তিনি বলেন, উদ্ধার কাজের একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। উদ্ধারকাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন, এটি অসম্ভব, শেখ হাসিনার নির্দেশেই উদ্ধারকাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেয়া হয়েছিল।পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিলো। এবং ওই ঘটনায় মানুষ চাপা দেয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি।রানা প্লাজা থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কী হয়েছিল তখন! এ বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে। সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে। কীভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয়েছে। আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। পরে সে একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতো এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি।শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরীন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১১৭ পোশাক-কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল দুইশ’ এর মতো। হাসান সারওয়ার্দীর দাবি, তাজরীন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয়-এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকারপ্রধান।তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে। রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট।

post
বাংলাদেশ

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন কোথায় কোথায় পরিবর্তন?

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌ পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.