post
বাংলাদেশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। সকাল সাড়ে দশটার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরনের আওয়াজও পাওয়া গেছে।সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নিয়েছে।এর আগে রাতের সংঘর্ষের জেরে সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে সায়েন্সল্যাব, আজিমপুর ও মুক্তি ও গণতন্ত্র তোরণের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।রাত আড়াইটার দিকে পুলিশ জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন। ব্যবসায়ীরাও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে চলে গেছেন।তবে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ- এমন অভিযোগ করে কলেজের ভেতরে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা হলের ছাদে ও তেলের পাম্প এলাকায় অবস্থান নেন। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।তবে রাত ৩টার পরে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে গেছেন। ব্যবসায়ীদেরও কোথাও জড়ো হতে দেখা যায়নি। এতে পুরো এলাকার পরিস্থিতি শান্ত হয়। ওই এলাকার সব সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে গেছে।

post
বাংলাদেশ

বৈশাখ এলো... এলো নতুন বছর

সাদিয়া ইসলাম: বৈশাখ এলো... এলো নতুন বছর। এলো বাংলা নববর্ষ... ১৪২৯ সাল। গাছে গাছে বেড়েছে পত্রপল্লব। সবুজে সবুজে ছেয়ে গেছে চারিদিক। শাখায় শাখায় দোল খাচ্ছে ফুলের সমাহার। মৃদুমন্দ বাতাসে ঝিরি ঝিরি কাঁপছে গাছের পাতা। প্রকৃতিতে এসবই এলেই সাথে বয়ে নিয়ে আসে নতুন বছরের আগমনী সুর। আর আসে কালবৈশাখি। ঝড়ের তাণ্ডবেও বাঙালি মন উতাল হয়... বৈশাখি হাওয়ায় শাড়ির আচল উড়িয়ে মেয়েরা মেলায় যায়। সে মেলার গান চলে-বাজে ঢোল বাজে ঢাক ঐ এলো বৈশাখ !!”” মেলা হবে খেলা হবে হবে কবি গান... এটাই বাংলা। এটাই বাংলার বর্ষবরণ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে আহ্বান জানায় বাঙালি। আর নতুন সূর্যালোকে ধরাকে সুচি করে নিতে চায়। পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। আর পহেলা বৈশাখ, বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। ঠিক একদিন আগে চৈত্রসংক্রান্তির নানা আয়োজন শেষ করে একটি বছরকে বিদায় করে নতুন বছরকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়ার তাগীদ থাকে প্রতিটি বাঙালির মনে প্রাণে। তারা মনে করেন, কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকায় আজ দুইবছর পর পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বাংলাদেশে বাংলা নববর্ষ ১৪২৯' জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা' ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। রমনা বটমূলে রয়েছে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। এরমধ্যে মঙ্গল শোভাযাত্রা আজ বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। বাঙ্গালী সংস্কৃতি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ২০১৬ সালে বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’ জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়। শুধু বাংলাদেশ কেনো বিশ্বের যেখানে যেই দেশেই বাঙালির বাস সেখানেই তাদের মধ্যে এখন বৈশাখ বরণের আমেজ। বিদেশ বিভুঁইয়েও তারা ভুলে যাননি নিজের সংস্কৃতি। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য থেকেও আসছে বর্ষবরণে উৎসবের খবর। এই সার্বজনীন উৎসবে সারা বিশ্বের সকল বাঙালি প্রাণ উচ্ছ্বাস আনন্দে ভাসুক। নতুন বছর আমাদের সকলের জন্য আনন্দ ও মঙ্গল বয়ে আনুক, এটাই প্রত্যাশা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

post
বাংলাদেশ

জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সরকার প্রধান দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। মোবারকবাদ জানান মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজানের।ভাষণে তিনি বলেন সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে চালসহ কোনও পণ্যের ঘাটতি নেই। সাশ্রয়ী দামে পণ্য কেনার জন্য টিসিবি’র দোকানে মানুষ ভিড় করবে—এটাই স্বাভাবিক। এটাকে নেতিবাচকভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে?বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।‌শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহণের ভাড়া ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা কিন্তু চুপচাপ বসে নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসতে। তিনি বলেন, চলতি পবিত্র রমজান মাসে আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় ১ কোটি পরিবারকে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন ১৫টি ফ্রিজার ভ্যানে করে সাশ্রয়ী দামে মাংস, ডিম ও দুধ বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে, অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ইতোমধ্যে কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে। এছাড়া, সরকার আসন্ন ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার ৫৪টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ লাখ ৩৩০ মেট্রিক টনের বেশি চালের বিশেষ বরাদ্দ দিয়েছে।করোনার মধ্যেও উন্নয়নের চাকা থেমে নেইকরোনার মধ্যেও উন্নয়নের চাকা থেমে নেই এমনটি জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের মহামারিতেও আমাদের জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছর রেকর্ড ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এ বছরও আশানুরূপ রেমিটেন্স আসছে। গত বছর রফতানি আয় হয়েছে ৪৪ দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম ৯ মাসে রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ দশমিক ছয় এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে এ বছর রফতানি আয়ে বাংলাদেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।বোরোতে বাম্পার ফলনকৃষি বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের কৃষিবান্ধব নীতির ফলে চাল, শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মওসুমে ধানের বাম্পার ফলন আশা করা হচ্ছে।ঋণ যাতে বোঝা না হয় সেদিকে সতর্ক দৃষ্টিআমাদের মেগাপ্রকল্পগুলো নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে- কোনও ঋণ নেওয়া হয়নি। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে আমরা অন্যান্য মেগাপ্রকল্পগুলো গ্রহণ করেছি। আর শুধু ঋণ নয়, বিদেশি অংশীদারিত্বের ভিত্তিতে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতির চেহারা বদলে যাবে। আমরা দেশি-বিদেশি ঋণ নিচ্ছি। তবে তা যাতে বোঝা হয়ে না উঠে সে দিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। আমাদের মূল লক্ষ্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রা সহজ করা।দুই বছর হবে অবকাঠামো উন্নয়নের মাইলফলক২০২২ এবং ২০২৩ হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর কয়েক মাস পরেই চালু হতে যাচ্ছে বহুল আকাঙ্খিত পদ্মা সেতু। এই সেতু জিডিপিতে ১.২ শতাংশ হারে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এ বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে মেট্রো রেল চালু হবে। মেট্রো রেল রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলীর নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট আগামী বছরের শেষ নাগাদ চালু হবে বলে আশা করা যাচ্ছে। গত মাসে পায়রায় ১,৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করা হয়েছে। অন্যান্য মেগাপ্রকল্পগুলোর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।সুদূরপ্রসারী রাজনৈতিক ভাবনায় অর্থনৈতিক অর্জনপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি বিগত ১৩ বছরে যে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে তা অর্থনীতির সামষ্টিক সূচকগুলো বিবেচনা করলেই স্পষ্ট হয়। ২০০৯ সালে জিডিপি’র আকার ছিল মাত্র ১০২ বিলিয়ন ডলার। ২০২১ সালে তা ৪১৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৭০২ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২,৫৯১ ডলারে দাঁড়িয়েছে। এসব অর্জন সম্ভব হয়েছে সুদূরপ্রসারী রাজনৈতিক ভাবনা এবং দূরদৃষ্টি-সম্পন্ন অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে। গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে মানুষের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার ফলেই আজ বাংলাদেশ উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে প্রতিভাত হয়েছে।দেশের উন্নয়নের জন্য কাজ করা সরকারের দায়িত্ব উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতা যে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করতে অবদান রাখতে পারছি বলে আমরা গর্বিত। যতদিন বেঁচে আছি, মহান রাব্বুল আলামিন আমাকে কাজ করার সামর্থ্য দিবেন, ততদিন মানুষের জন্য কাজ করে যাব, জনগণের সেবা করে যাব।বাঙালির মুখের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যকে উপজীব্য করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একদিন এদেশে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। যার উপর ভিত্তি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। কাজেই আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যকে অস্বীকার করা মানে আমাদের স্বাধীনতাকেই অস্বীকার করা।দেশবাসীকে আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ১৪২৯ বঙ্গাব্দের শুভ মুহূর্তে বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি—যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে কোন বিভেদ। পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি।এ সময় প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাংলা নতুন বছরের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

post
বাংলাদেশ

প্রবাসেও পহেলা বৈশাখ উদযাপন হয়, বললেন প্রধানমন্ত্রী, ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি না করার আহ্বান

ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেকেই ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায়। এটা মোটেও সঠিক কাজ নয়।’বুধবার (১৩ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্মিত ৮টি জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।সরকার প্রধান বলেন, ‘ধর্ম যার যার। আমরা এটাই বলি ধর্ম যার যার উৎসব সকলের। কাজেই উৎসব সকলে আমরা এক হয়ে পালন করবো।’শেখ হাসিনা বলেন, ‘আমাদের সংস্কৃতি, আমরা বাঙালি, আমাদের দেশে কিন্তু সকল ধর্মের মানুষ বাস করে। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইতো আছে।’সকল জাতি-গোষ্ঠীর সংস্কৃতি বিকশিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই যে সকল ধর্ম-বর্ণ, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তাদের নিজস্ব যে সংস্কৃতি, অর্থাৎ শুধু ধর্মালম্বী না, আমাদের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদেরও কিন্তু নিজস্ব সাংস্কৃতিক চর্চা আছে, সংস্কৃতি আছে। সেগুলোতে যাতে বিকশিত হয়। সেদিকে দৃষ্টি রেখেও কিন্তু আমরা প্রত্যেকটি এলাকায় তাদের এই সংস্কৃতি চর্চার সুযোগ আমরা করে দিয়েছি।’শেখ হাসিনা বলেন, ‘আবহমান কাল থেকে যেগুলো চলে আসছে এগুলোও যাতে বিকশিত হতে পারে। বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। কারণ এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমরা ভুলবো না। কিন্তু আমরা সামনের দিকেও এগিয়ে যাবো। আধুনিক যুগের যত সংস্কৃতি সেটাও আমরা রপ্ত করবো। সেভাবে আমরা করতে চাই।’সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে পহেলা বৈখাশ আমরা উদযাপন করি। এই একটা উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে, সকল বাঙালি এক হয়ে আমরা কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন করি। যেখানে সকলের একটা চমৎকার মিলন কেন্দ্র হয়।… আমাদের প্রবাসীরাও এই পহেলা বৈশাখ উদযাপন করেন।’অতিতে পহেলা বৈশাখ উদযাপনে বাধার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘পহেলা বৈশাখ, যে পহেলা বৈশাখ পালন করতে যেয়ে আমরা বাধার সম্মুখিন হয়েছিলাম। ১৪০০ সাল বরণ করে যেয়ে আমরা বাধার সম্মুখিন হয়েছিলাম। এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্য জনক। এমনকি বটমূলে বোমা হামলা করেও মানুষ হত্যা করা হয়েছিল। যাতে করে আমাদের এই সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে যায়।’আমাদের নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই ঐতিহ্য আমাদেরকেই ধারণ করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যাতে চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আরও এই আধুনিক প্রযুক্তির সাথে সম্মিলন ঘটিয়ে যেন এটাকে যেন আরও বেশি উৎকর্ষ সাধন করতে পারে সেদিকে আমাদের বিশেষ ভাবে দৃষ্টি দিতে হবে। সেটাই আমরা দিবো।’দেশের উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, অর্থনৈতিক ভাবে যথেষ্ট শক্তিশালী আমরা হয়েছি আমাদের এই অগ্রযাত্রা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে।’সংস্কৃতি চর্চাটাকে আরো সমৃদ্ধশালী করতে প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তি কাজে লাগিয়েই আমাদের সংস্কৃতি চর্চাটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারি। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেব।’সংস্কৃতি চর্চায় সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান।অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রান্ত হতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা ও কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।

post
বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে একটি আনন্দঘন সন্ধ্যা

পরিবেশটা ছিল বেশ আনন্দঘন। সোমবার (৪ এপ্রিল) উপস্থিত অভ্যাগতরা একটা সুন্দর সন্ধ্যা কাটালেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে। মৃদুমন্দ সুরে বেজে চলছিলো যন্ত্রসঙ্গীত।‌‌‌‌‌ তার মধ্যে মৃদুভাষ্যে মানুষের কথোপকথন। উপলক্ষ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন।জমায়েতটা শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অনেকেই ছিলেন সেখানে। নিমন্ত্রিত ছিলেন যুক্তরাষ্ট্রের সম্মানিত অতিথিবৃন্দ। প্রথম কিছুটা সময় কাটে একে অন্যের সাথে কুশল বিনিময় করে। এরপর অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার সঙ্গে অনুষ্ঠানস্থলে আসেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম আরও ছিলেন ইউএসএআইডির ডেপুটি এডমিন্সট্রেটর ইসোবেল কোলম্যান। ততক্ষণে যোগ দেন আরো অভ্যাগত অতিথিরা। তাদের উপস্থিতিতেই শুরু হয় মূল অনুষ্ঠান। যার শুরুটা হয়েছিল যন্ত্রে দুই দেশের জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে।আলোচনার শুরুতেই এই উদযাপন উপলক্ষে পাঠানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যন্থনি ব্লিংকেনের ভিডিও ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়।এতে ব্লিংকেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭২ সালের ৪ এপ্রিল যে সম্পর্ক স্থাপন হয়েছে গত ৫০ বছরে তা দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সংকট নিরসনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।যুক্তরাষ্ট্রের উন্নয়ন অগ্রসরতা বাংলাদেশের তথা বাংলাদেশিদের ভূমিকা রয়েছে উল্লেখ করে ব্লিংকেন বলেন, ১৯৭২ সালে ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলেন এবং এখানে পিএইচডি এবং দুটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছিলেন। ১৯৭২ সালে দুই দেশের সম্পর্ক স্থাপনের এক বছর পর ১৯৭৩ সালে তিনি সিয়ার্স করপোরেশনের মতো অত্যাধুনিক স্কাইস্ক্র্যাপার ডিজাইন করেছিলেন, তখন থেকেই সেই টাওয়ার যুক্তরাষ্ট্রের ক্লাসিক স্কাইলাইনের প্রতীক হয়ে রয়েছে, স্মরণ করেন ব্লিংকেন। তিনি বলেন, এই একটি বিষয়ই বলে দেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কি করতে পারে।ব্লিংকেন বলেন, আগামী দিনগুলোতে আমাদের দুই দেশের জনগণ মিলে ভবিষ্যৎ সম্পর্কটি কিভাবে এগিয়ে নেবে সেদিকেই আমরা তাকিয়ে আছি।এরপর বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তা অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে চলেছে এবং ৫০ বছরে তা একটি শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০২২ নাল হচ্ছে সেই সম্পর্কের উদযাপনের বছর। গোটা বছরজুড়ে আমরা দুই দেশের পারস্পরিক সহযোগিতার নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে সম্পর্কের শক্তির দিকটি প্রদর্শনের যেমন সুযোগ পেয়েছি তেমনি করে এই সম্পর্ককে আরও গভীরতা দিকে নিয়ে যেতে করণীয় নির্দেশ করতে পেরেছি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসম্পর্ক জোরদারে অংশীদারিত্ব সংলাপের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, গত ২০ মার্চ ঢাকায় অষ্টম অংশীদারিত্ব সংলাপ সম্পন্ন হয়েছে, আগামী ৬ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ৮ম নিরাপত্তা সংলাপ এবং ৯ম প্রতিরক্ষা সংলাপ আগামী মেমাসের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে হাওয়াইয়ে, জুন মাসে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের দ্বিতীয় বাণিজ্য সংলাপ, এছাড়াও মে মাসে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্যিক দল বাংলাদেশ সফর করবে।এ সকল কর্মসূচি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতা কেবল আমাদের নিজস্ব জনগণের জন্যই উপকার বয়ে আনছে না বিশ্বময় শান্তি সমৃদ্ধি অগ্রসর তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে, বলেন রাষ্ট্রদূত।অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাখা বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ইউএস এআইডির ডেপুটি এডমিন্সট্রেটর ইসোবেল কোলম্যান। তিনি বাংলাদেশ যেসব খাতে অগ্রসর হয়ে বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে তা উল্লেখ করে বলেন, আমি লক্ষ্য করেছি বাংলাদেশ গত কয়েক দশক ধরেই তার জনগণের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পেরেছে। এবং বিশ্বের কাছে সাফল্যের উদাহরণ হয়ে ধরা দিয়েছে। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যে অগ্রসরতা নিশ্চিত করেছে তা অবশ্যই উল্লেখযোগ্য ও উদযাপনের দাবি রাখে, বলেন ইসোবেল।তিনি বলেন, আজ বিশ্বের অগ্রসরমান অর্থনীতির কাছে বাংলাদেশ একটি মডেল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।সবশেষে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের এই সন্ধ্যায় আপনাদের সবার সামনে উপস্থিত হতে পেরে খুশি লাগছে। মোমেন বলেন, আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে অত্যন্ত সফল একটি বৈঠক সম্পন্ন হয়েছে এছাড়া ইউএসএআইডির প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে আমার বৈঠক হয়েছে এবং দুটি বৈঠকই ছিল ফলপ্রসূ।তিনি বলেন, আমরা আগামী দিনগুলোতে বৈশ্বিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা করেছি।দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠির প্রসঙ্গ উল্লেখ করেন ড. মোমেন। বাইডেন তার চিঠিতে গত ৫০ বছরে বাংলাদেশ- যুক্তরাষ্ট্রের সম্পর্কের দিকগুলো উল্লেখ করে বলেছেন বাংলাদেশ এখন অগ্রসরতার দিক থেকে একটি মডেল এবং যুক্তরাষ্ট্রের একটি ভালো বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। একই সঙ্গে বাইডেন আশা প্রকাশ করেছেন আগামী ৫৯ বছরে দুই দেশের জনগণের কল্যাণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে।বাংলাদেশের জন্মলগ্নে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক, রাজনৈতিক নেতৃত্ব এবং বিশিষ্ট জন বাংলাদেশের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছিলেন তাদের স্মরণ করে ড. মোমেন বলেন, জাতিসংঘে যখন বাংলাদেশের সদস্য পদ নিয়ে ভোটাভুটি হয় তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ১৬ বার ভোটাভুটির মধ্যে ১৫ বারই বাংলাদেশের পক্ষে তার ভোট দিয়েছেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংহতি ও সাধারণ মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই সম্পর্ক‌। গণতন্ত্র, মানবাধিকার, আর্থ- সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে দুই দেশ একসাথে কাজ করবে।অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য নাহিন রাজ্জাক, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়ার উজ-জামান, হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিট কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর সুমনা গুহ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র উপসহকারী মন্ত্রী কেলি কিডারলিং, ইউএসএআইডি'র ডেপুটি অ্যাসিট্যান্ট এডমিন্সট্রেটর মিজ অঞ্জলি কৌর, নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম, লসএঞ্জেলসের কনসাল জেনারেল সামিয়া আনজুম, বাংলাদেশ নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা, বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপ ইস্ট-ওয়েস্ট মিডিয়ার এমডি সায়েম সোবহান আনভীর, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী নাফিস সরাফত, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, সিএফও ফারহানা হানিপ, ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান রোকেয়া হায়দার, আনিস আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন ডাইরেকটর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং কোষাধক্ষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভির সিইও আলিম খান আকাশ, ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম, অধ্যাপক আদনান মোর্শেদ প্রমুখ।পরে একটি কেক কেটে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর সেলিব্রেট করা হয়।সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা পড়ে শোনান যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের . । এছাড়া পরিবেশিত হয় একটি নৃত্যাল্লেখ্য। যার পরিবেশনায় ছিল যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা।মুখোরোচক নৈশভোজের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

post
বাংলাদেশ

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: ফলপ্রসূ আলোচনা হয়েছে, বললেন ড. মোমেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এসেছে, এই সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রেমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, অত্যন্ত ফলপ্রসু ছিলো তাদের আলোচনা। তিনি এই আলোচনায় ভীষণ খুশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার প্রসঙ্গও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সহায়তায় কথা উল্লেখ করে বলেছেন, এই সহায়তার ক্ষেত্রে নতুন নতুন দিক উন্মোচন হয়েছে। বাংলাদেশে উদারভাবে যুক্তরাষ্ট্রকে এই উন্নয়ন সহযোগী হিসেবে পেতে চায়। আলোচনায় র্যাব'এর ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ এসেছিলো কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি উঠেছে এবং আমরা বলেছি র্যাব গঠনের উদ্দেশ্যই ছিলো সন্ত্রাসদমন। যে সময়টিতে র্যাব গঠিত হয় তখন বাংলাদেশে সারা দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময় সন্ত্রাসবিরোধী বৈঠকেও গ্রেনেড হামলা হয়েছে। এ সব দমনে র্যাব বড় ভূমিকা রেখেছে। "র্যাব কোথাও কোথাও বেশি করেছে, এমনটা উল্লেখ করেই আমি বলেছি বিষয়গুলো নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট রয়েছি," বলেন পররাষ্ট্রমন্ত্রী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিতে আমি অনেক বেশি আশাবাদী তবে এটি একটি প্রক্রিয়ার বিষয়। সে প্রক্রিয়া শুরু হয়েছে। র্যাব কে নিয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টির মন্তব্যকে উদ্ধৃত করে ড. মোমেন এই বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্রে এফবিআই যেমন অভ্যন্তরীণ সন্ত্রাস সহিংসতা দূর করতে কাজ করে বাংলাদেশে র্যাবও একই ভূমিকা পালন করছে। আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি বলেছি, আমাদের অপেক্ষাকৃত নতুন গণতন্ত্র। যুক্তরাষ্ট্র আড়াইশ' বছর ধরে এর চর্চা করছে, এখানে এখনো সমস্যা হয়। বাংলাদেশে ৫০ বছরের মধ্যে ১৮ বছর সামরিক সরকারের অধীনে ছিলো। বাংলাদেশে একটি দল নির্বাচনে আসে না তাদের নির্বাচনে আনাটাই একটি বড় চ্যালেঞ্জ, উল্লেখ করেন ড. মোমেন। তিনি বলেন, একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা সরকার নিশ্চিত করেছে। কিন্তু সামরিক বাহিনীর হাতে গঠিত একটি দল জাতীয় নির্বাচনে আসতে চায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলেও জানান ড. একে আবদুল মোমেন। অ্যান্থনি ব্লিংকেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এমনটাও জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বেশি সহযোগিতা করতে পারে এমনটা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি বলেন, শরণার্থীদের ভাসানচরে সরিয়ে নেওয়ার বিষয়েও আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার সুযোগ রয়েছে। 

post
বাংলাদেশ

৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক, মোমেন-ব্লিংকেন বৈঠক সোমবার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীর দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রেমন্ত্রী ড. মোমেন। ঢাকা ত্যাগের আগে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমরা আগামী ৫০ বছরে আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরো জোরদার হবে সে ব্যাপারে আলোচনা করব।’   একটি স্বাধীন দেশ হিসেবে অদ্ভুদ্যয়ের পর, ওয়াশিংটনের সাথে অর্ধশত বছরে একটি ভিন্ন ভূ-রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষপটে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর দু’দেশের মধ্যে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। গত ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এলিট ফোর্সটির কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার পর, এই প্রথমবারের মতো ড. মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে যাচ্ছেন। ব্যাপক দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি তিনি এই নিষেধাজ্ঞাটি পুনঃবিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানাবেন। ড. মোমেন বলেন, ‘আমরা এই (নিষেধাজ্ঞা ) ইস্যু উত্থাপন করব।’ যেহেতু র‌্যাব একটি দক্ষ, কার্যকর এবং দুর্নীতিমুক্ত বাহিনী, তাই তিনি আশা করেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে ইতিবাচক সাড়া আসবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র বিরাজ করছে এবং গত এক দশকের বেশি সময় ধরে দেশ ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। কিন্তু কখনো কখনো আমাদের সফল ঘটনাগুলো বহির্বিশ্বে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমরা আমাদের সাফল্যের কথা বৈঠকে তুলে ধরব।’ ড. মোমেন বলেন, তিনি আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের মামলায় দ-াদেশপ্রাপ্ত আসামী রাশেদ চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা করবেন। রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রে রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং এজন্য ঢাকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে কম আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা গত অংশীদারিত্ব আলোচনাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ)’র খসড়াটি পরীক্ষা করে দেখছে।ওয়াশিংটন চায় ঢাকা যেন দুটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এ দুটি হলো- জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) এবং অ্যাকুইজিশন ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ), যেগুলো দু’দেশের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে আরো বেশি কিছু করার প্রবেশদ্বার। ঢাকা ওয়াশিংটনের সাথে বহুমুখী বাণিজ্য বিস্তৃত করতে চায়, উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, নীল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানী ও প্রযুক্তি হস্তান্তরে সম্পৃক্ত থাকতে চায়- যা জনকল্যাণের সাথে সম্পর্কিত। বাংলাদেশ তার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রেকে আমন্ত্রণ জানাবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বৈঠককালে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের ব্যাপারেও আলোচনা করবেন।এদিকে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে দুই মন্ত্রীর বৈঠক ছাড়াও একটি সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ রাখা হয়েছে। ৪ এপ্রিল সন্ধ্যায় দূতাবাসের চ্যান্সেরি ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।  

post
বাংলাদেশ

বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাবে ২০২৩ সালের মধ্যে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২৩ সালের মধ‌্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ১৯০টি ইউনিয়ন ছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন-সহ দুর্গম পার্বত‌্য অঞ্চল, দ্বীপ, চর এবং হাওরে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) টাঙ্গাইলের মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেটের সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটির উদ‌্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করে। প্রত্যন্ত পাহাড়ি গ্রামে ইন্টারনেট সংযোগ না থাকায় একটি জাতীয় দৈনিকে গ্রামবাসীর আকুতি প্রকাশিত হলে বেসরকারি প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগের এই উদ্যোগ গ্রহণ করে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সব দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মধুপুরের মতো সারা দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদেরকে ডিজিটাল সংযোগ দিতে পারলে নতুন নতুন অনেক প্রতিভা বেরিয়ে আসবে। তিনি বলেন, প্রযুক্তিতে শতশত বছর পিছিয়ে থাকা এই জাতি আগামী ১০ বছরে পৃথিবীর কোনও দেশ থেকে এক চুলও পিছিয়ে থাকবে না। আমরা ইতোমধ্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস‌্য চাষ ও শিল্প বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে উচ্চগতির ডিজিটাল সংযোগ সংযোগসহ তাদেরকে সম্ভাব‌্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন। উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে তরুণ সুবীর নাগরিক বলেন, পাহাড়ে আমরা উচ্চগতির ইন্টারনেট পাচ্ছি এটা আমাদের কাছে স্বপ্নের মতো।

post
বাংলাদেশ

৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দিয়ে যাবে: প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে যুগে যুগে প্রেরণা দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভাষণ বাঙালি জাতিকে অনুপ্রেরণা দিয়েছিল। একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতি উদ্বুদ্ধ হয়েছিল সশস্ত্র গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার এবং স্বাধীনতা ছিনিয়ে আনার। এই ভাষণের মধ্য দিয়ে একদিকে আমরা পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার পর দীর্ঘ ২৩টি বছর যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল বাঙালি জাতি যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছিল, নিজের অধিকারে কথা বলতে গিয়ে গুলি খেয়ে জীবন দিয়েছিল, সেই কথাগুলি তিনি ব্যক্ত করেছেন। একইসঙ্গে ঠিক ওই মুহূর্তে কী কী করণীয়, সেই নির্দেশনাও জাতিকে তিনি দিয়েছিলেন। অর্থ্যাৎ অসহযোগের যে আন্দোলনের ডাক দেন বাংলাদেশের মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেছিল।’১৫ আগস্টের পর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর এই বাঙালি জাতি স্বাধীনতার বিকৃত ইতিহাস শুনেছে। আর ২১ বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লাখো শহিদের রক্ত দান, আমাদের সংগ্রাম সবকিছু ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে এটা প্রমাণিত সত্য যে সত্যকে কেউ কখনো মুছে ফেলতে পারে না। আর ৭ মার্চের ভাষণেই তো জাতির পিতা বলে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। তাই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারে নাই।’সব বাধা পেরিয়ে ৭ মার্চের ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ দেওয়া হয়েছে, তার কোনোটাই কিন্তু পুনরাবৃত্তি হয়নি কখনো। যেদিনের ভাষণ সেদিনেই এটা শেষ হয়েছে। কিন্তু এই ভাষণটা আজকের আমাদের স্বাধীনতা অর্জনের ৫০ বছর। এই ৫০ বছর পর্যন্ত কিন্তু এই ভাষণটা বারবার আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছে। কেউ হিসাব করে বের করতে পারবে না, কত ঘণ্টা কত মিনিট কত দিন এই ভাষণটা বাজানো হয়েছে। এটার হিসাব করাটাই হবে একটা কঠিন ব্যাপার। যুগ যুগ ধরে এটাকে আমরা শুনছি এবং বাজানো হচ্ছে।’সরকারপ্রধান বলেন, ‘যতই বাধা দেয়া হয়েছে, ততই যেন এই ভাষণটা আরও উদ্ভাসিত হয়েছে। এখনো এই ভাষণ আমাদেরকে অনুপ্রেরণা দেয়। যে ভাষণের প্রতিটি লাইনই হচ্ছে এক একটা যেন কবিতার অংশ। যা মানুষের ভিতরে, অন্তরে একটা অন্য অনুভূতি নিয়ে এসে দেয়, প্রেরণা দেয়।’প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে, এই ভাষণটাই ছিল তাদের প্রেরণা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এটা নিয়মিত এই লাইন বাজানো হতো। জাতির পিতা তার ভাষণ শেষ করেছেন জয় বাংলা স্লোগান দিয়ে। বাঙালির জয়, বাংলাদেশের জয়, বাংলার মানুষের জয়।’ এই জয় বাংলা স্লোগানটা প্রতিটি মুক্তিযোদ্ধা যখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, শত্রুকে আঘাত করতে গেছে, এই জয় বাংলা স্লোগান দিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছে বলেও অবহিত করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যখনই ভাষণ দিতে যাবেন তখন অনেক রাজনৈতিক দল, অনেক ছাত্রনেতা পরামর্শ দিতে থাকে যে, কী করা উচিত। কয়েকটা ছাত্রনেতা তো বলেছিলেন যে আজ সরাসরি তো স্বাধীনতার ঘোষণা দিতেই হবে। না হলে তো মানুষ হতাশ হয়ে যাবে এমনটাও বলেছিল। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী অনেকে অনেক পয়েন্ট লিখে দিয়ে গেছেন। অনেকেই পরামর্শ দিয়ে গেছেন। আমাদের বাসাটা তখন উন্মুক্ত ছিল। সকলের জন্য খোলা ছিল।’তিনি বলেন, ‘আমার আব্বাকে আমার মা একটা কথাই বলেছিলেন, সারাটা জীবন তুমি সংগ্রাম করেছে এদেশের মানুষের জন্য। তুমি জানো এদেশের মানুষের জন্য কোনটা ভালো। তোমার মনে যেটা আসবে তুমি ঠিক সেটাই বলবা। তোমার কারো কথা শোনার প্রয়োজন নাই। আজ আপনারা যে ভাষণটা দেখেন তার (বঙ্গবন্ধুর) কাছে কিন্তু কোন কাগজ নাই, কিছু নাই। তিনি একাধারে বঞ্চনার ইতিহাস পড়ে যাচ্ছেন।’সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

post
বাংলাদেশ

শপথ নিলেন বাংলাদেশের সিইসি ও চার নির্বাচন কমিশনার

নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং চারজন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর কমিশনার হিসেবে পর্যায়ক্রমে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে গঠিত সার্চ কমিটির অপর পাঁচ সদস্য ছিলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। এই কমিটি দেশের বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে কয়েকটি বৈঠক করেন। সে সব বৈঠকে অংশ নেয়া অধিকাংশের দাবির প্রেক্ষাপটে ইসি গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে প্রস্তাবিত তিন শতাধিক নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, বিচারক, আইনজীবী, সাবেক আমলা, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির নাম সেই তালিকায় উঠে আসে। তবে দুইবার সুযোগ দেয়ার পরেও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব করেনি। এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে সার্চ কমিটি। সেই নামের তালিকা থেকে গতকাল শনিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনারকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.