post
খেলা

আনুষ্ঠানকিভাবে নেইমার এখন আল হিলালের; ব্রাজিলিয়ান তারকা মনে করেন, তার ক্লাব এশিয়ার সেরা

অবশেষে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ব্রাজিলিয়ান ফুটবল স্টার নেইমার। তার যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছে তার ক্লাব। ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’ নেইমার জানান, তার লক্ষ্য হলো ফুটবলের নতুন এক ইতিহাস লেখা। সাবেক এই পিএসজি তারকা মনে করেন সৌদি প্রো লিগে এখন দুর্দান্ত উদ্যম এবং বিশ্বের তারকা অনেক ফুটবলার এখানে আছেন , সামনে আসবেন। নেইমার আরও বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব, তাদের দুর্দান্ত সমর্থক রয়েছে এবং এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই। নেইমার চলে আসায় মন খারাপের এক বিবৃতি দিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। সেখানে তিনি বলেছেন, 'নেইমারের মতো বিশ্বনন্দিত একজন ফুটবলারকে হারানো এবং বিদায় বলা খুব কঠিন কাজ। সে বিশ্বসেরাদের একজন। আমাদের দারুণ কিছু মুহূর্ত আছে এবং নেইমার সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। বারবার চোটে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। তবে অর্জনের হিসেব বেশ ভালো। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল। জিতেছেন পাঁচটি লিগ ওয়ান এবং তিন ফ্রেঞ্চ কাপের শিরোপা। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি না হারলে ক্লাবের হয়ে ইতিহাসও গড়া হয়ে যেতো নেইমারের।

post
খেলা

মেসি ম্যাজিকে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সকার লিগ এলএমএসের দল ইন্টার মায়ামিতে যোগ দেবার পর থেকে দারুণ ফর্মে আছে দলটি। জিততে ভুলে যাওয়া দলটি ম্যাচের পর ম্যাচ জিতেই চলছে। নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকে আবিষ্ট করে রেখেছেন লিওনেল মেসি। ১৩ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে তিনি যে দেখালন তা ফুটবল বিশ্ব মনে রাখবে অনেক অনেক দিন। এদিন পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে লিগস কাপের সেমি-ফাইনালের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে মেসির মিয়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা। মেসি ছয় ম্যাচে নয় গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি দলকে নিয়ে গেছেন লিগ কাপের ফাইনালে। মিয়ামিতে মেসি যোগ দেওয়ার পর দলটি ছয়টি ম্যাচে ২১টি গোল করেছে। ম্যাচের প্রথম গোলটি অবশ্য এসেছিল হোসেফ মার্টিনেজের পা থেকে। মেসি ব্যবধান দ্বিগুণ করেন ২০ মিনিটে। মিয়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা। প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়া ফিলাডেলফিয়া ইউনিয়নের পক্ষে ঘুরে দাড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে ১টি গোল করে ব্যবধান কমায় তারা। ৮৪ মিনিটে মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন দাভিদ রুইজ।  ১৯ আগষ্ট শনিবার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ন্যাশভিলের বিপক্ষে খেলতে নামবে অপ্রতিরোধ্য মেসির দল। ফুটবল বিশ্ব দেখার অপেক্ষায় আছে ইন্টার মিয়ামীর প্রথম শিরোপা মেসির হাতে উঠে কিনা। 

post
খেলা

নেইমার এখন আল হিলালের

জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চললো। ইউরোপ ছেড়ে যাচ্ছেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার। পিএসজি ছেড়ে এই ব্রাজিলিয়ান তারকা নাম লেখাতে যাচ্ছেন সৌদি ক্লাব আল হিলালে। ক্লাবটির সঙ্গে এরই মধ্যে নেইমার দুই বছরের চুক্তি সই করে ফেলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপে। ফ্রান্সের পত্রিকাটি জানিয়েছে, বছরপ্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো। টাকার হিসেবে যা দাড়ায় প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা। দুই বছরে অঙ্কটা দাঁড়াবে ৩১০ মিলিয়ন ইউরো। জানা গেছে, নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আল হিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি। সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেতও দিয়েছেন নেইমার। দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে চুক্তি করবেন নেইমার। সৌদিতে যাবেন ব্রাজিল তারকা এবং আজই স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার কথা। আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার। এই সপ্তাহের শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে আল হিলালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে। সুতরাং, খুব শিগগির সৌদি প্রো লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আল হিলাল ক্লাবও শেষ পর্যন্ত বড় কোনো ফুটবলারকে দলে নিতে সক্ষম হচ্ছে। প্রথমে তারা চেষ্টা করেছিল লিওনেল মেসির ব্যাপারে। বছরপ্রতি ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল তাকে। দুই বছরের চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে প্রায় একমতও হয়ে গিয়েছিলেন মেসি। তবে শেষ মুহূর্তে মত পরিবর্তন করে তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এরপর আল হিলাল চেষ্টা করে কিলিয়ান এমবাপেকে দলে নিতে। পিএসজি রাজিও ছিল তাকে বিক্রি করার ব্যাপারে। কিন্তু এমবাপে যেতে রাজি হননি। তিনি আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখাই করেননি। শেষ পর্যন্ত নেইমারের দিকে হাত বাড়িয়ে সফল হলো আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিয়ে এবার নিজেদের লিগে শক্তিশালী একটা অবস্থানে পৌঁছাতে পেরেছে আল হিলাল। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত নেইমারই সবচেয়ে দামি খেলোয়াড়। সে থেকে গত ৬টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। ক্লাবের হয়ে গত মার্চ থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। যে কারণে পিএসজিও চাচ্ছে তাকে ছেড়ে দিতে। নেইমারও চান পিএসজি ছেড়ে যেতে। আল হিলালে গিয়ে কালিদু কৌলিবালি, রুবেন নেভেস এবং সাবেক বার্সা উইঙ্গার ম্যালকমের সঙ্গে একত্রিত হবেন ৩১ বছর বয়সী নেইমার।

post
খেলা

এশিয়া ও বিশ্বকাপে সাকিবই অধিনায়ক

জল্পনা-কল্পনা শেষ। আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে গত বছর টি-টোয়েন্টি ও টেস্টেও অধিনায়কত্ব পান সাকিব। সবমিলিয়ে তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক এখন এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত ৩রা আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবে কে? অবশেষে ৮ দিন পর উত্তর মিললো। এর মধ্যে একই প্রশ্নে কখনও সাকিব, কখনও বর্তমান সহ অধিনায়ক ও ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস বা মেহেদী হাসান মিরাজের নামও শোনা গেছে। যদিও অভিজ্ঞতা, পারফর্মেন্স, গ্রহণযোগ্যতা, সবমিলিয়ে বাকিদের তুলনায় সাকিবই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত এই বিশ্বসেরা অলরাউন্ডারের হাতেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও তামিম অধিনায়কত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিবকেই ‘অবধারিত’ পছন্দ বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। কিন্তু দীর্ঘমেয়াদে সাকিবকে নেতৃত্বে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সাকিবকেই বেছে নেয়া হলো। এ নিয়ে দ্বিতীয় বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব। এর আগে ঘরের মাঠে ২০১১’র বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে ম্যাচে তিনি নেতৃত্ব দিলেও সেটা ছিল নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে। ২০০৯ সালে প্রথম ওয়ানডে অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজার চোটে এই সিরিজে অধিনায়কত্ব পান তিনি। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত, খণ্ডকালীন সবমিলিয়ে ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ২৩ ম্যাচে আর হেরেছে ২৬ ম্যাচে। বাকি ১ ম্যাচ পরিত্যক্ত। অধিনায়ক হিসেবে সাকিবের সাফল্যের হার ৪৬%। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন, এরপর ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তার। সর্বশেষ ২০১৭ সালে এ সংস্করণে অধিনায়কত্ব করেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচে সাকিবের পারফর্মেন্সও উজ্জ্বল। সামনে থেকে নেতৃত্ব দিতে পারার দক্ষতা তাকে আলাদা করেছে বাকিদের থেকে। অধিনায়ক সাকিবের ৪৮ ইনিংসে ব্যাট হাতে রান ৩৫.৯৭ গড়ে ১৫৪৭, স্ট্রাইক রেট ৮৭.৩০। এ সময় এই বিশ্বসেরা অলরাউন্ডার সেঞ্চুরি করেছেন ৩টি আর ফিফটি ৯টি। বল হাতে ৪৯ ইনিংসে সাকিবের শিকার ৬৮ উইকেট। ইকোনোমি ৪.৩৩ আর ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং ফিগার ৩৩ রানে ৪ উইকেট।

post
খেলা

বাংলাদেশের তিনটি ম্যাচসহ বিশ্বকাপের মোট নয়টি ‌ম্যাচের সূচিতে পরিবর্তন

অনেকটা দেরি করেই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০দিন আগে সূচি প্রকাশ করে তারা। তবে সে সূচি নিয়ে বিতর্ক সৃষ্টি হতে সময় লাগেনি। ফলে শেষ সময়ে এসে সূচি বদলের গুঞ্জন ডালপালা মেলেছিল। অবশেষে এটাই সত্যি হলো। বিশ্বকাপের মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।বিশ্বকাপে দর্শক চাহিদার তুঙ্গে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের ম্যাচের সূচিতেও। টাইগারদের মোট তিনটি ম্যাচের সূচি বদলে গিয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বিপক্ষে র ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে সাকিব-লিটনরা।পুরনো সূচি অনুযায়ী বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইভোল্টেজ ম্যাচটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর একই ভেন্যুতে আয়োজন করা হবে। এর ফলে বদলে গেছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিতান ও শ্রীলঙ্কার ম্যাচ ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, তবে বদলাচ্ছে না ভেন্যু। হায়দরাবাদেই হবে ম্যাচটি। লখনৌয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও একদিন এগিয়ে ১২ অক্টোবর আয়োজন করা হবে।বাংলাদেশের মোট তিনটি ম্যাচের সূচি বদলেছে আইসিসি ও বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর খেলার কথা বাংলাদেশের। কিন্তু নতুন সূচি অনুযায়ী একদিন আগেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন তারিখ অপরিবর্তিত থাকলেও বদলে গেছে সময়। আগের সূচি অনুযায়ী এই ম্যাচটি দিবারাত্রির হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী যা সকাল ১১টা।পরিবর্তন হয়েছে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচের সূচিতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও নতুন ঊচি অনুযায়ী হবে ১১ নভেম্বর। তবে ভেন্যু আগের মতো পুনেতেই থাকছে।

post
খেলা

পদ্মা সেতু ঘুরে গেল ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

৬ আগস্ট রবিবার মধ্যরাতে ঢাকায় আসে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন বাংলাদেশে ছিলো ট্রফিটি। তিন দিনের সফরে তিনটি ভিন্ন তিনটি জায়গায় প্রদর্শনী হয়েছে ট্রফিটি।  ৭ আগষ্ট সোমবার বিকেল চারটায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে রাখা হয়। সেখানে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশনের পর সংবাদমাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। তারপর সেখান থেকে নিয়ে হোটেলে রাখা হয় ট্রফিটি।পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হয় ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেয়া হয়।শেষের দিন বুধবার ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হয়। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তুলেছেন ভক্তরা। এ জন্য লাগেনি কোনো টিকিট। বেশি সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিসিবি।গত ২৭ জুন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছে ট্রফিটি। বাংলাদেশ থেকে এটি যাবে কুয়েতে। সব মিলিয়ে এবার ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।আসছে ৫ অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসর।

post
খেলা

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে আবারও ফিরলেন তামিম

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভেঙেছে তামিম ইকবালের। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর জন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী দেশসেরা ওপেনারকে।এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। তারপরপরই গণমাধ্যম থেকে সাবেক ক্রিকেটার, সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে আলোচনা সমালোচনা নানা রকম বিচার বিশ্লেষণ। এরপর ৬ জুন শুক্রবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তামিমের স্ত্রী আয়শাও সঙ্গে ছিলেন। একই সঙ্গে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয় সেখানে। তামিমের গণভবনে আসার খবর পেয়ে দর্শকরা ছুটে গিয়েছিলেন সেখানে। প্ল্যাকার্ড হাতে তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন। অবসর ভেঙে ফের ক্রিকেটে ফেরার দাবি জানাতে থাকেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে।প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’বৈঠক শেষে তামিমের পর বিসিবি সভাপতি সংবাদকর্মীদের বলেছেন, 'এটা সবার জন্য স্বস্তির খবর। অধিনায়কই যদি না থাকে বাংলাদেশ খেলব কীভাবে!’বিসিবি সভাপতি বলেছেন, 'যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই ক্রিকেটে ফিরে আসবে।’ গণমাধ্যমে তামিমের অবসর ভাঙার খবর আসার পরেই তার নিজ বাড়ির সামনে শুরু হয় আনন্দ উৎসব। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তামিমের পরিবারের পক্ষ থেকে ভক্তদের জন্য ছিল এই আয়োজন।

post
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ানডে এই অধিনায়ক।গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ কাভার করতে চট্টগ্রামে যাওয়া সাংবাদিকদের কাছে মধ্যরাতে একটি ক্ষুদে বার্তা পাঠান তামিম। যেখানে জানান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু বিষয়ে জানাবেন তিনি। পরে সময় পরিবর্তন করে দেড়টায় কথা জানানো হয়। সংবাদ সম্মেলনের ভেন্যু চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে জটলা বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের। নির্ধারিত সময়েই হাজির হন তামিম। তবে বিমর্ষ অবস্থায় থাকা তামিমের মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছিল না। কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এর মধ্যেই জড়ানো গলায় জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।তামিম ইকবালমাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি টাইগার এই ওপেনার। এরপর শঙ্কা জেগেছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দেন শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি। শেষমেশ খেলেছেনও।তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের একটি দৈনিককে তিনি বলছিলেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। বিসিবি সভাপতির এমন মন্তব্যের পরপরই মূলত অবসরের ঘোষণাটা দিলেন তামিম। এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। এবারো অনেকটা হুট করেই বিদায়ের কথা জানালেন।একনজরে তামিমের ক্যারিয়ার#২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১৪টি ও ফিফটি ৫৬টি।# টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।# টি–টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।

post
খেলা

বিদেশে লীগ ফুটবলে প্রথম বাংলাদেশি কোচ আজমল

আজমল হোসেন বিদ্যুৎই তাহলে প্রথম!বাংলাদেশের কোন ফুটবল কোচ বিদেশের কোনো ক্লাবে কোচিং করিয়েছেন এর আগে। দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। এই প্রথম বাংলাদেশের কোনো কোচ বিদেশি দলের কোচ হয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আজমল হোসেন (বিদ্যুৎ) ভুটানের প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব থিম্পু রেভেন এফসির কোচ হয়েছেন।১১ দলের ভুটান প্রিমিয়ার লিগ এ মাসের মাঝামাঝি শুরু হবে। আজমলের সঙ্গে রেভেন এফসির চুক্তি পাঁচ মাসের। কলকাতা থেকে দুজন সহকারী নেবেন আজমল। গতকাল সন্ধ্যায়ই তিনি থিম্পুর উদ্দেশে রওনা হয়েছেন কলকাতা হয়ে। দুই সহকারীকে নিয়ে আজ রাতে তাঁর ভুটান পৌঁছানোর কথা।ভুটানের ক্লাবের সঙ্গে যোগাযোগ কীভাবে হলো, সে প্রসঙ্গে আজমল প্রথম আলোকে বলে গেছেন, ‘ভারত থেকে আমাদের সঙ্গে ঢাকায় এএফসির কোচিং লাইসেন্স করেছেন ভুটানের প্রিমিয়ার ডিভিশনের একটি ক্লাবের কোচ। তিনি কলকাতার বাসিন্দা স্বপন বিশ্বাস। তাঁর মাধ্যমে সুযোগটা হয়েছে। আমি সব কাগজপত্র পাঠালে ভুটানের রেভেন এফসি আমাকে পছন্দ করেছে।’এশিয়ায় ক্লাব স্তরে শীর্ষ লিগে প্রধান কোচ হতে এএফসির ‘এ’ কোচিং সনদ লাগে। এই সনদ আজমলের আছে। তাই সুযোগটা গ্রহণ করেছেন। যদিও দেশের বাইরে গিয়ে কোচিং করানো একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরানোর ব্যাপারে আশাবাদী আজমল, ‘বাংলাদেশের ফুটবলাররা বিদেশি লিগে খেলেছে। কিন্তু বাংলাদেশের কোচদের বিদেশে কাজ করার সুযোগ হয় না। আমার আগে কেউ বিদেশে কোচ হিসেবে কাজ করেনি। আমিই প্রথম। এই সুযোগ পেয়ে কিছুটা চমকেই গেছি।’ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আজমল ২০১৯ সালে আরামবাগের সহকারী কোচ ছিলেন। ৪টি ম্যাচ ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে কোচ কাম খেলোয়াড় হিসেবে স্বাধীনতা ক্রীড়া সংঘকে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন করে তুলে আনেন পেশাদার লিগের দ্বিতীয় স্তরে। গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে (পেশাদার লিগের দ্বিতীয় স্তর) অগ্রণী ব্যাংকের প্রধান কোচ ছিলেন। চট্টগ্রাম প্রথম বিভাগে নওজোয়ান ক্লাবে কোচ ছিলেন দুই বছর।১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের শীর্ষ ফুটবল লিগে খেলেছেন আজমল। আরামবাগ, ফরাশগঞ্জ, আবাহনীর পর টানা ১১ বছর কাটান মুক্তিযোদ্ধায়। ফেনী সকারে খেলেছেন ২ বছর। বয়সভিত্তিক বিভিন্ন স্তর পেরিয়ে ২০০৪ সালে থেকে দেশের হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন।নারায়ণগঞ্জে তাঁর বাড়ি প্রয়াত ফুটবল তারকা মোনেম মুন্নার বাড়ির পাশেই। মুন্নাকে দেখেই ফুটবলে এসেছিলেন তিনি। বিদেশের মাটিতে কোচিং করাতে যাওয়ার আগে আজমলের খুব করেই মনে পড়েছে প্রয়াত ‘কিং ব্যাকে’র কথা।

post
খেলা

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বিমানে উঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।মার্টিনেজকে ঢাকায় আতিথেয়তা দিচ্ছে ডিজিটাল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। যদিও ঢাকায় আসার জন্য কোনো সম্মানী নিচ্ছেন না তিনি। শুধু বিমান ভাড়া এবং হোটেলে বিশ্রাম নেওয়ার খরচ বহন করবে নেক্সট ভেঞ্চার।নেদারল্যান্ডস থেকে ঢাকায় পা রাখার পর কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেবেন মার্টিনেজ। এরপর নেক্সট ভেঞ্চারের কার্যালয় প্রদর্শন করবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও দেখা হবে বিশ্বকাপজয়ী এ গোলরক্ষকের। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেক্সট ভেঞ্চারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।বাংলাদেশ ক্রিকেটের সাবেক এ অধিনায়ক ছাড়াও নেক্সট ভেঞ্চারের অনুষ্ঠানে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।ঢাকা সফর শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মার্টিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। মার্টিনেজের মূল সফর ভারতে। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসা তার। যে আগ্রহের কথা গত মে মাসে নিজের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছিলেন। আর মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় আনার উদ্যোগটা নেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.