চার ওভার পার করতেই বৃষ্টিতে আটকে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। ম্যাচ শুরু হলেও ৪.৩ ওভার পর বৃষ্টির হানা দেয়। সঙ্গে ছিল ঝড়ো বাতাস। ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে।
ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল যে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আর দুপুর চারটা পর্যন্ত ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর তাই হল।
শুরু থেকেই কিউইদের চাপে রাখেন দুই পেসার মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। মোস্তাফিজ ২.৩ ওভারে একটি মেইডেনসহ দিয়েছেন মাত্র ২ রান। তানজিম সাকিবের ২ ওভারে খরচ ৬। নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ৩ আর ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।
