post
খেলা

১০১ রানে গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

সর্বশেষ উইকেটটি বাংলাদেশ পেল রিভিউ নিয়ে। হাসান মাহমুদের বলে এলবিডব্লু গ্রাহাম হিউম। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন হাসান, ১০১ রানেই থামল আয়ারল্যান্ড। ২৮.১ ওভার ব্যাটিং করেছে তারা। পঞ্চম ওভারে স্টিফেন ডোহেনিকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন হাসান। কফিনে শেষ পেরেকটিও ঠুকলেন তিনিই। সিলেটে এর মাঝে থাকল আইরিশদের হাহাকার। পঞ্চম উইকেটে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার যোগ করেছিলেন ৪২ রান, আয়ারল্যান্ড ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের জুটিটি এসেছে নবম উইকেটে। সফরকারীদের দুর্দশা বোঝা যায় তাতেই। সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৯টি। হাসানের ৫ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি, ইবাদত হোসেন ২টি। বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান, দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার। 

post
খেলা

আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে হালে পানি পায়নি, আইরিশরা কোন ছার! সিলেটে আজ দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ, এই বিশ্বাসের বিরোধিতা করার সাহস হয়তো আয়ারল্যান্ডও দেখাবে না। প্রথম ম্যাচে আইরিশদের বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে দুদলের মধ্যে পার্থক্য। এদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজ (সোমবার) সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার প্রায় সারা দিন বৃষ্টি হয়েছে সিলেটে। বাংলাদেশ দল ছিল বিশ্রামে। তবে বিশ্রামে ছিলেন না তামিম। দল ভালো করলেও রানে নেই এই বাঁ-হাতি ব্যাটার। আয়ারল্যান্ড সিরিজের আগে তিনি জ্বরে ভুগেছেন। প্রথম ওয়ানডেতে লিটন দাস সেট হয়ে স্কোর বড় করতে পারেননি। স্বস্তি মিডল অর্ডার নিয়ে। সাকিব ও হৃদয় দুজনই নড়বড়ে নব্বইয়ের শিকার হন। অভিষেকে হৃদয়ের পারফরম্যান্স দলকে স্বস্তি দিচ্ছে। বোলিংয়ে ভালো করেছেন তাসকিন, ইবাদতরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে পেসারদের, বিশেষ করে তাসকিন ও মোস্তাফিজকে বিশ্রাম দিতে চেয়েছেন। আজ একজনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সাবেক লংকান স্পিনার হেরাথ বলেন, ‘দলের সমন্বয় যাই হোক, আমাদের দেখতে হবে কিভাবে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি।’ হেরাথ বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাইজুল ভালো করেছে। এখন আমরা সুযোগ দিচ্ছি নাসুমকে। বিশ্বকাপ সামনে রেখে আমরা দলটাকে ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছি।’ স্পিন আক্রমণ নিয়ে কথা বলার পাশাপাশি পেস বোলিং নিয়েও উচ্ছ্বসিত হেরাথ। ‘পেসাররা আমাদের অনুপ্রাণিত করে। এখন আমাদের চমৎকার পেস বোলিং আক্রমণ রয়েছে,’ বলেছেন তিনি। এদিকে মেহেদি হাসান মিরাজের খেলা আজও অনিশ্চিত। আঘাতের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচেও মিরাজকে পাওয়ার সম্ভাবনা নেই। চোখের উন্নতি হলেও খেলার মতো অবস্থায় নেই তিনি। এখনো চোখে খানিকটা রক্ত জমে রয়েছে। যে কারণে চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে মিরাজকে। ফলে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন মিরাজ। গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে মুখে বল লাগে তার। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আয়ারল্যান্ড প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে চায়। অধিনায়ক অ্যান্ডি বলবার্নি বলেন, ‘আমি খুব বেশি হতাশ নই। বাংলাদেশ খুবই ভালো খেলেছে। সিরিজে ফেরার সুযোগ রয়েছে আমাদের। আরও ভালো করতে চাই।’

post
খেলা

আর্চারির এশিয়া কাপে সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। চীনা তাইপেতে চলমান টুর্নামেন্টে আজ ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে সোনা জিতেছেন বাংলাদেশের হাকিম আহমেদ।চীনা তাইপেতে আজ বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।ফাইনালে আজ প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।এরপর রিকার্ভের মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ব্রোঞ্জের লড়াইয়ের ম্যাচে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের কাছে।প্রথম দুই সেট দিয়া জেতেন ২৭-২৫,২৮-২৭ পয়েন্টে। এরপর তিন সেট হেরে যান দিয়া। এই তিন সেটে ২৮-১৬,২৮-২৭, ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে তাঁকে হারান মাশাইখ।

post
খেলা

সাকিব-হৃদয়ে ৩৩৮ পর্যন্ত থেমে গেল বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ। একটি ছক্কা মারার পর ফিরেছেন তাসকিন, ১০ বলে ১৭ রান করার পর ডাবলস নিতে গিয়ে রানআউট ইয়াসির আলীও। তবে বাংলাদেশ গড়েছে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের স্কোর। সিলেটে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশের এ সংগ্রহ।সাকিবের পর হৃদয়—দুজনই ৯০ রান পেরোলেও সেঞ্চুরির দেখা পেলেন না। একাধিক ব্যাটসম্যান ৯০ পেরিয়েও সেঞ্চুরির দেখা পাননি, এক ম্যাচে বাংলাদেশের এমন ঘটনা এই প্রথম।যাওয়ার পথে হৃদয়ের সঙ্গে গ্লাভসে টোকা দিলেন, মাথায় হাত রেখে যেন শুভকামনাও জানিয়ে গেলেন মুশফিকুর রহিম। ৪৯ বলে হৃদয়ের সঙ্গে মুশফিকের জুটি ভাঙল তাঁর আউটেই। আগের বলেই গ্রাহাম হিউমকে ইনসাইড-আউটে দারুণ এক চার মেরেছিলেন, এবার স্লো বাউন্সারে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ফাইন লেগে ক্যাচ দিলেন। তবে এর আগে মুশফিক খেলেছেন ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস, তিনটি করে চার ও ছক্কায়। হৃদয়ের সঙ্গে তাঁর জুটিতে ৪৯ বলে উঠেছে ৮০ রান… এবং আউট হৃদয়ও! ভেতরের দিকে ঢোকা ক্রস সিমের বলটা লেগ সাইডে খেলতে গিয়ে বেসামাল হয়েছিলেন একটু, লাইন মিস করে হয়েছেন বোল্ড। প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি থেকে ৮ রান দূরেই থামলেন হৃদয়, নড়বড়ে নব্বইয়ে আজ কাটা পড়া দ্বিতীয় ব্যাটসম্যান তিনি! সেঞ্চুরি না পেলেও হৃদয়ের ইনিংসটি দুর্দান্তই, ৮৫ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।

post
খেলা

বাংলাদেশে আয়ারল্যান্ড সিরিজের টিকিট মিলবে অনলাইনে

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বুধবার (১৫ মার্চ) এমনটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, ‘এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। প্রাথমিকভাবে টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে।’তবে কবে থেকে টিকিট ছাড়া হবে সেটি এখনও নিশ্চিত করেনি বিসিবি। যদিও এর আগে ২০১৯ সালে একবার বিপিএল আসরে বিসিবি অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল। ইতোমধ্যে এই সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল সিলেটে অবস্থান করছে। গত রোববার (১২ মার্চ) তারা ঢাকায় পা রেখেই সিলেটের উদ্দেশে চলে যায়। সেখানেই আজ তাদের সঙ্গে বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ।

post
খেলা

খেলার মাঠে সুজনের প্রকাশ্যে ধুমপানের দৃশ্য ভাইরাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মোকাবিলায় ব্যাট করছিল খুলনা টাইগার্স। এসময় ড্রেসিংরুমের একটি দৃশ্য হঠাৎ ধরা পড়ে ক্যামেরায়। যেখানে দেখা যায় প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। জয়ের জন্য যখন তাদের শেষ ৪ বলে প্রয়োজন মাত্র ৪ রানের প্রয়োজন, তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার চোখে ধরা পড়ে ড্রেসিংরুমের একটি দৃশ্য।যেখানে দেখা যায় খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ম্যাচের দিকে নজর দেয়ার পাশাপাশি ধূমপান করে যাচ্ছেন।বিপিএলে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত আসরে মাঠের মধ্যেই প্রকাশ্যে ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ। এমন আচরণ, ক্রিকেটের কোড অব কন্ডাক্টের বাইরে থাকায় তাকে সেবার শাস্তিও পেতে হয়েছিল।এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিদ্যুত বিভ্রাটের সাক্ষী হয় সমর্থকরা। পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো।

post
খেলা

আর্জেন্টিনার লীগ ফুটবল ম্যাচের আগে উড়লো বাংলাদেশের পতাকা

ফুটবল বিশ্বকাপ যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। আগে থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ছিল। তবে এর আগে তাদের আবেগ-উম্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় এমন মাতামাতি হয়নি, যেমনটি গত বিশ্বকাপে হলো।বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হলো। লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।'

post
খেলা

এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের মেয়েরা

পুরুষ ও মেয়েদের যেকোনো বিশ্বকাপে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগের ম্যাচেই ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার শ্রীলঙ্কাকেও হারাল দিশা-প্রত্যাশারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের মেয়েরা। সোমবার বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানেই থেমেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলেন নারী দলের ইনিংস। তাতে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিশা বিশ্বাসের দল।দক্ষিণ আফ্রিকায় বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে শ্রীলঙ্কা। দলটির হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন ভিশমি গুনারত্নে। ৬১ রানে অপরাজিত থাকার পরেও পারেননি দলকে জয়ের বন্দরে পৌঁছাতে। এছাড়া ডিউমি ভিহাঙ্গা করেন ৫৫ রান। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন ২ উইকেট। এছাড়া ১ উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। এর আগে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশের মেয়েরা। ওপেনার আফিয়া হুমায়রা করেন ৫৩ রান। আরেক ওপেনার রানি সাহা রান আউটে কাটা পড়ার আগে করেন ১৪ রান। তবে আরও বড় জুটি গড়েন তিন এবং চারে নামা ব্যাটার দিলারা আক্তার এবং স্বর্না আক্তার। এই দুই ব্যাটার মিলে গড়েন অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি। তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় বড় সংগ্রহ। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। দিলারা ৩৬ এবং স্বর্না ৫০ রানে অপরাজিত থাকেন।

post
খেলা

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা

মেয়েদের ক্রিকেট ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে আজ মেয়েদের ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। ১৩১ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। জয়সূচক রানটা হতেই উইলোমুর পার্কে উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের মেয়েরা। ডাগআউট থেকে ছুটে এসে দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তারকে জড়িয়ে ধরেন সতীর্থরা। রান তাড়ার শুরুতে বোঝা যায়নি বাংলাদেশের মেয়েরা এত সহজেই জিতে যাবে। শুরুটা যে হয়েছিল যতটা সম্ভব বাজেভাবে। ইনিংসের প্রথম বলেই উইকেটকিপারকে ক্যাচ দিলেন ওপেনার মিষ্টি সাহা।সেখান থেকে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও আফিয়া প্রত্যাশা। ওয়ানডাউনে নামা দিলারা ৪২ বলে ৪০ রান করে ফেরেন একাদশ ওভারের প্রথম বলে দলকে ৬৬ রানে রেখে। ৫ বলও ৫ রান পর প্রত্যাশাও ফেরেন ২২ বলে ২৪ রান করে। ২টি করে চার-ছক্কা ছিল প্রত্যাশার ইনিংসে। দিলারার ইনিংসটি সাজানো ৭টি চারে। দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেলার পর চেপে বসা চাপটাকে এরপর কী দারুণভাবেই না উড়িয়ে দিলেন স্বর্ণা ও সুমাইয়ার। পাল্টা আক্রমণ করে সুমাইয়াই মূল কাজটা করেছেন। তিনি যখন উইকেটে এলেন সে সময় ৫৪ বলে ৬০ রান দরকার বাংলাদেশের। সেখান থেকেই ১৩ বল হাতে রেখে দলকে জেতালেন সুমাইয়া। ১৮তম ওভারের তৃতীয় বলে বিশাল এক ছক্কা মারা সুমাইয়া ২৭ বলের ইনিংসে মেরেছেন ৬টি চারও। অন্য প্রান্তে স্বর্ণা আক্তার ১৫ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন।এর আগে ২২ রানেই অস্ট্রেলিয়ার প্রথম ২ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। দুটি উইকেটই পেয়েছেন দিশা বিশ্বাস। এরপর ৭৬ রানের জুটি গড়েন ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৫১ বলে ৭ চারে ম্যাচের সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার। ৩৯ বলে ৩৫ রান করেছেন এলা। দিশা ছাড়াও বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মারুফা আক্তার।

post
খেলা

সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। গতকাল মঙ্গলবার ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। সদ্য ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হারের পর থেকেই গুঞ্জন ছিল ডমিঙ্গোর চাকরি নিয়ে। জালাল ইউনুস সেদিনই জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। তবে খোলাসা করে সেদিন কিছু জানা যায়নি। বুধবার সকাল নাগাদই জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি থাকলেও আবারো টাইগারদের কোচ হয়ে ফিরছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার। এমন কী গুঞ্জন রয়েছে টি-টোয়েন্টির পূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। যদিও এখনো পর্যন্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে। ২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো। এরপর তার কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে জয় পায় বাংলাদেশ দল। এছাড়া কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তামিম ইকবালের দল।ডমিঙ্গোর সময়কালে দারুণ সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। এই সময়টাতে বাংলাদেশ দল টেস্ট খেলেছে ২২ টি যেখানে ৩ জয়ের সঙ্গে ২টি ড্র। ওয়ানডেতে ৩০ ম্যাচে ২১ জয়ের পাশাপাশি ৯ হার। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৬ ম্যাচের মধ্যে ১৯ জয়ের পাশাপাশি ২৬ হার। অমিমাংসিত থেকে গিয়েছিল ১ ম্যাচ। কিন্তু শেষ বেলায় এসে সমালোচনার তোপে থেকেই বিদায় নিতে হলো ডমিঙ্গোকে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.