post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশিদের উদ্যোগে খোলা ময়দানে ঈদের জামাত

ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাসের কারণে গত দুই বছর স্পেনের মাদ্রিদে খোলা ময়দানে ঈদের নামাজ আদায়ের অনুমতি ছিল না। তবে করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক হওয়ায় বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের খোলা ময়দানে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতেই ছিল প্রবাসী মুসলমান বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতি।এছাড়াও পর্যটন নগরী বার্সেলোনা ও কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা নামাজ শেষে একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন।স্পেনের সবচেয়ে বৃহৎ মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ (‘এমে তেরেন্তা’) মসজিদে দেশটির বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের খোলা ময়দানে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বায়তুল মুকাররম মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়।সকাল ৮টা ও ৯টায় অনুষ্ঠিত জামাত দুইটিতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী মুসলমানরাও অংশগ্রহণ করেন। প্রথম জামাতে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা নামাজ আদায় করেন। প্রথম জামাতে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ, মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আব্দুর রউফ মণ্ডলসহ স্থানীয় বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।নামাজ আদায় শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ স্পেনে প্রবাসী সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান। বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করায় অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়া পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি পরিচালনাধীন মসজিদগুলোতেও ঈদুল ফিতরের নামাজের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রবাসী মুসলমান বাংলাদেশিরা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।স্থানীয় শাহ জালাল জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে মসজিদের অভ্যন্তরে সকাল ৭টা ও ৮টা ৪৫ মিনিটে এবং মসজিদের সামনে খোলা ময়দানে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ৭টা ৩০ ও ১০টায় মসজিদে এবং প্লাসা মাকবায় খোলা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের ৩টি জামাত, লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭টা ১৫, ৮টা ও ৮টা ৩০ মিনিটে ৩টি জামাত এবং প্লাজা তেরেনসির খোলা ময়দানে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে ২টি জামাত অনুষ্ঠিত হয়।জামাতগুলোতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন। নামাজ শেষে খুতবায় বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করা হয়।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে যেমন ছিলো বাংলাদেশিদের ঈদ উদযাপন

ফ্রান্সের স্থানীয় মসজিদগুলোতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের মুসলিম বসবাসকারী প্রায় সব দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।ঈদ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-ইস্তায় ৫টি জামাত, ওভারভিলিয়েস্থ বাংলাদেশ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি জামাত, গ্রান্ড মস্ক দূ পন্তায় দুইটি জামাত এবং জাতীয় মসজিদ গ্রান্ডমস্ক দূ প্যারিসে সকাল ৮টায় ও ৮ টা ৪৫ মিনিটে ২টি জামাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন বিভিন্ন দেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়। নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই, লিল সহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত লিসবনে সর্ববৃহৎ ঈদের জামাত

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনায় পর্তুগালে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির রাজধানী লিসবন, ওডিভিলাস, কাসকাইস, দামাইয়া, বাণিজ্যিক বন্দর নগরী পোর্তো, পর্যটন নগরী আলগার্ভ, বিশ্ববিদ্যালয়ের শহর কোইমব্রা, কৃষি শহর ওডিমিরায় সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমরা দিনটি উদযাপন করেছেন।বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে দেশটির সর্ব বৃহৎ ঈদের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়। লিসবন বায়তুল মোকারম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সায়িদ ঈদুল ফিতরের জামাত পরিচালনা করেন। নামাজ পূর্বে ঈদুল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা আলাউদ্দিন এবং কোরআন থেকে তেলোয়াত করেন জুবায়ের আহমেদ। পর্তুগালের নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত তারিক আহসান, দূতাবাসের দ্বিতীয় সচিব কনসুলেট প্রধান আবদুল্লাহ আল রাজি, দূতালয় প্রধান আলমগীর হোসেনসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং পর্তুগাল কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এছাড়াও বন্দর নগরী ও বাণিজ্যিক শহর পোর্তোর বাঙ্গালী অধ্যুষিত রুয়া দে লউরেইরোর হযরত হামজা (র.) মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। এ সময় পোর্তোর বাংলাদেশ কমিনিটির নেতৃবৃন্দসহ ঈদের জামাতগুলোতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মধ্যে এশিয়া, আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভন্ন দেশের অন্যান্য কমিউনিটির ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি পেশার মুসলিম অংশ নেন।করোনা মহামারি কাটিয়ে পর্তুগালের জীবনযাত্রার মান স্বাভাবিক হওয়াতে এবারের ঈদে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহন ছিল লক্ষণীয়। সেই সাথে ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী মুসল্লীরা কোলাকুলি এবং কুশল বিনিময় করে। তবে লিসবনের বাংলাদেশীদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা পাঞ্জাবিতে বাংলাদেশীদের ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দিলো পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের ঈদগাহ ময়দান প্রবাসের বুকে যেন এক খণ্ড বাংলাদেশ মনে হলো। এছাড়া লিসবনের সেন্ট্রাল জামে মসজিদ ও পোর্তোর হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে দুইটি করে, ওডিভিলাস ঈদগাঁও, দামাইয়া, আমাদোরা, রিবাইরালো, মিলপন্তেস, আলবুফেইরা, লংগাইরা, আলগ্রাব, ফারো, কাসকাইস, ওডিমিয়ারা খেলার মাঠ, কোইমব্রা জামে মসজিদে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশ স্কুল মাঠে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। দল মত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।দেশটির ৫২০টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাসকারী কামাল উদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি।শুক্রবার স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানা গেছে, স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না।প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ; তাই আগামীকাল সকালে স্প্রিংস কমিউনিটির পক্ষ থেকে কামালের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে 'ইয়ুথ সেলুন' অনুষ্ঠিত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে ‘উন্নয়নের জন্য সংহতি এবং শান্তির দৃষ্টিভঙ্গি গড়ে তোলা’ প্রতিপাদ্যে ১১তম চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের ‘ইয়ুথ সেলুন’ অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ সেলুনে তরুণ প্রতিনিধিরা ‘আঞ্চলিক উন্নয়ন’ এবং ‘জনগণের মধ্যে বন্ধন’ এ দুটি বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন। বৃহস্পতিবার বিকেলে ১১তম চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের ইয়ুথ সেলুন ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।ইয়ুথ সেলুনটি চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ (সিপিএএফএফসি) এবং ইউনান প্রাদেশিক জনগণের সরকারের উদ্যোগে ইউনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং কুনমিং মিউনিসিপাল পিপলস গভর্নমেন্ট আয়োজন করে।ইয়ুথ সেলুনে বাংলাদেশ থেকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত শিক্ষার্থীরা হলেন, চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, সিচুয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো. সাদ্দাম হোসেন, ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো. তরিকুল ইসলাম।চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সভাপতি রাষ্ট্রদূত লিন সোংথিয়ান, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হক, ইউনান প্রাদেশিক পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ডেপুটি ডিরেক্টর লুও হংচিয়াং, চীনে শ্রীলঙ্কার দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কে. কে.যোগানদান উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে রাষ্ট্রদূত লিন সোংথিয়ান বলেন, চীন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো ভৌগলিকভাবে সংযুক্ত এবং সাংস্কৃতিকভাবে একই রকম। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় উভয় দেশ ঐক্যবদ্ধ হয়েছে এবং অসুবিধাগুলো কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করেছে; যৌথভাবে মানুষের জীবন, স্বাস্থ্য এবং নিরাপত্তা রক্ষায় কাজ করছে। তিনি আশা করেন, চীন ও দক্ষিণ এশিয়ার তরুণরা পরিস্থিতিকে স্পষ্টভাবে চিনবে; "এশিয়া এক পরিবার" ধারণার অনুশীলন করবে; সক্রিয়ভাবে ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখাসহ একটি শান্তিপূর্ণ, সহযোগিতামূলক, ঐক্যবদ্ধ এশিয়া এবং বিশ্ব গড়ে তোলার জন্য প্রচেষ্টা করবে।চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হক তার আলোচনার শুরুতে সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত চীনা নাগরিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, সংলাপের প্রচার, আদর্শিক বৈচিত্র্যের প্রচার এবং বোঝাপড়া ও সহযোগিতার সেতু নির্মাণের জন্য আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। "ইয়ুথ সেলুন" প্ল্যাটফর্মে ইতিবাচক মন্তব্য চীনা-দক্ষিণ এশীয় যুবকদের "এশিয়ান স্পিরিট" গভীরভাবে বুঝতে, ভুল বোঝাবুঝি এবং বাধা দূর করতে, আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে। 

post
এনআরবি বিশ্ব

অষ্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী প্রার্থী সাজেদা

অস্ট্রেলিয়ার নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রবাসী বাংলাদেশি সাজেদা আক্তার। আগামী ২১মে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনে ওয়াটসন আসন থেকে প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে তিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন।  বিজ্ঞজনদের মতে, এই নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সবাই সাজেদা আক্তারকে সমর্থন করলে ইতিহাস সৃষ্টি করে বিজয় আনা সম্ভব। এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে আছে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও ক্ষমতায়নের প্রশ্ন।একই সঙ্গে এটি বহুজাতিক উন্নত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশিদের নেতৃত্ব গ্রহণের যোগ্যতারও পরিচয় বহন করে।  সাজেদা আক্তার বর্তমানে ক্ষমতাসীন লিবারেল দলের কাউন্সিলর।নির্বাচনী ইশতেহারে সাজেদা আক্তার বলেছেন, বিজয়ী হলে তিনি ওয়াটসন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বহুতল বিশিষ্ট পার্কিং নির্মাণ, রাস্তাগুলোতে নতুন কার্পেটিংয়ের ব্যবস্থা করবেন। এ ছাড়া মানসম্মত বাংলা স্কুল প্রতিষ্ঠাসহ প্রবাসী বাংলাদেশিদের জন্য কমিউনিটি সেন্টার তৈরির অঙ্গীকার করেন তিনি।নির্বাচনে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী সব বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।ব্যক্তিজীবনে স্বামী সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু আর দুই ছেলেকে নিয়ে তাঁর ছোট সংসার।  উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন ওয়াটসনের নাম অনুসারে ওয়াটসন নির্বাচনী এলাকার নামকরণ করা হয়। ৪৭ বর্গকিলোমিটার আয়তনের নির্বাচনী এলাকায় বহুজাতিক অভিবাসীদের আবাসস্থলে বাংলাদেশিরা সংখ্যাগরিষ্ঠ।

post
এনআরবি বিশ্ব

বাংলা কালচারাল সেন্টার পাচ্ছেন মিশিগানের প্রবাসীরা

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালিরা পেতে যাচ্ছেন একটি কালচারাল সেন্টার। বাংলা সংস্কৃতি চর্চার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা এ সেন্টার গড়ছেন। নাম ‘মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার’। এর অবস্থান ওয়ারেন শহরের ৯ মাইলের ২২০২১ মেমফিস এভিনিউয়ে। জানা গেছে, ১১ জুন আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করা হবে। ড. দেবাশীষ মৃধা এ সেন্টার গড়তে প্রায় তিন লাখ ডলার খরচ করেছেন। ভবনের সংস্কার কাজ চলছে। মৃধা পরিবার জানায়, সেন্টারের জন্য আরও দুই লাখ ডলারের বাজেট রয়েছে।    ড. দেবাশীষ মৃধার বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়। তিনি ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস করে ১৯৯১ সালে আসেন আমেরিকায়। তিনি সেন্ট্রাল মিশিগান ইউনির্ভাসিটির অ্যাসোসিয়েট প্রফেসর। এছাড়া সাগিনা সিটিতে তার নিজস্ব ক্লিনিক রয়েছে।   মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে থাকছে, বাংলা ভাষা শিক্ষার স্কুল, বাংলা গানের স্কুল, নাচের স্কুল, শেখানো হবে গিটার বাজানো। এ সেন্টারে থাকছে বাংলা সাহিত্য সংসদ। বসবে কবিতা পাঠের আসর। উদযাপন করা হবে জাতীয় দিবসগুলো। আয়োজন করা হবে বাংলা মেলার। সরেজমিনে নির্মাণাধীন সেন্টারে গিয়ে দেখা গেছে, সেন্টারের মিলনায়তনটি খুবই চমৎকার। এখানে জন্মদিন, বিবাহবার্ষিকী পালন, সভা-সেমিনারসহ ছোটখাটো অনুষ্ঠান করার বাড়তি সুবিধা রয়েছে। সেন্টারের পাশেই রয়েছে একটি মাঠ এবং পার্ক। ছোট্ট এ মাঠে শিশু-কিশোররা খেলতে পারবে এবং পার্কে বিনোদন পাবে।  এ প্রসঙ্গে জানতে চাইলে ড. দেবাশীষ মৃধা বলেন, বিদেশের মাটিতে বাংলা ভাষা, সংস্কৃতি ও দেশের ইতিহাসকে তুলে ধরার জন্যই এ প্রয়াস। এখানে আমাদের প্রজন্ম বেড়ে উঠছে। তারা বাংলা সংস্কৃতি সম্পর্কে শেখার কোনো মাধ্যম পাচ্ছে না। তাদের নিজ জাতির সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার জন্য এ কালচারাল সেন্টার। 

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেনে। সোমবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে রাস আল খাইমাহ-র মাসাফি সড়কে সংঘটিত ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৯) ও রতন মিয়া (৫০)।জাহাঙ্গীর চট্টগ্রাম জেলার বোয়াল খালি থানার ফুলতলা ইউনিয়নের গোমদন্ডি গ্রামের বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ। প্রতীকী ছবিপ্রতীকী ছবিনিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোরশেদ আলম জানান, রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয় জাহাঙ্গীরের গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার সময় গাড়ির অপর আরোহী রাস আল খাইমাহ মিউনিসিপালিটির বিদ্যুৎ মিস্ত্রী রতন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে শেখ খালিফা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং চার মাস বয়সী এক ছেলে রয়েছে। জাহাঙ্গীরের লাশ শেখ সাকর হাসপাতালে এবং রতন মিয়ার লাশ শেখ খালিফা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ব্যাপারে দুবাই কন্স্যুলেটে ফোন করে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

কানাডার অন্টারিও নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ প্রার্থী

আগামী ২ জুন কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনকে সামনে রেখে পুরো প্রদেশে এখন ভোটের হাওয়া বইতে শুরু করেছে। বিভিন্ন কারণে প্রদেশের বাসিন্দাদের জন্য এবারের নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশি কমিউনিটিতে এর আলাদা একটি গুরুত্ব তৈরি হয়েছে। কারণ এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ডলি বেগম। এর আগেও তিনি ২০১৮ সালে এনডিপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবোজ্জ্বল রেকর্ড প্রতিষ্ঠা করেছিলেন। স্কারবোরো সাউথওয়েস্ট রাইডিং-এ এবারও তিনি প্রার্থী। ডলি বেগমের বাইরে আরও দুজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবার প্রধান দুটি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে ইটোবিকো-লেকশোর থেকে প্রার্থী হয়েছেন এনডিপি প্রার্থী ফারহিন আলিম এবংর ওকভিল নর্থ বারলিংটন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিজ মৌলি। বিজয়ী হওয়ার প্রত্যয় নিয়ে এনডিপি প্রার্থী ডলি বেগম বলেন, গত চার বছর তিনি অন্টারিয়ানদের বিভিন্ন ইস্যুতে সংসদে সোচ্চার থেকেছেন। অভিবাসীদের সমস্যা নিয়ে সরব থেকেছেন। তার চার বছরের কাজের মূল্যায়নে ভোটাররা এবারো তাকে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন। ডলি বেগম বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটাররা মূলত অভিবাসী। নিজে একজন অভিবাসী পরিবারের সদস্য হিসেবে তার সমস্যা, তাদের চাওয়া আমি সবচেয়ে ভালো বুঝতে পারি। ওকভিল নর্থ বারলিংটন থেকে লিবারেল পার্টির প্রার্থী কানিজ মৌলি বলেন, অন্টারিওর মধ্যবিত্ত সমাজের জন্য সবচেয়ে প্রগতিশীল এবং অগ্রসর ভাবনার কর্মসূচি নিয়ে অন্টারিও লিবারেল পার্টি এবার নির্বাচন করছে। তিনি আশা করছেন, তাদের কর্মসূচির কারণেই জনগণ তাদের এবার ভোট দেবে। বিশ্ববিদ্যালয় থেকে সক্রিয় রাজনীতি করা কানিজ মৌলি বলেন, রাজনীতি এবং প্রশাসনিক পর্যায়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করার পর তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। ইটোবিকো-লেকশোর থেকে এনডিপি প্রার্থী ফারহিন আলিম বলেন, আমি একজন হাই স্কুল শিক্ষক, পেশাদার রাজনীতিক নই। কিন্তু কোভিড মহামারিতে আমার ছাত্রছাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা দেখে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী ফারহিন আলিম বলেন, অভিবাসী, মধ্যবিত্ত নাগরিকদের সমস্যা নিয়ে আমি কাজ করতে চাই। অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রার্থিতা নিয়ে কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও সাংবাদিক শওগাত আলী সাগর বলেন, প্রভিন্সিয়াল নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনের মনোনয়ন পাওয়ায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং সম্মানের বিষয়। তিনি কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও বেশি অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, শুধু প্রার্থী নয়, ভবিষ্যতে আমরা আরও বেশি বিজয়ী প্রবাসীদের কানাডার মূলধারার রাজনীতিতে দেখতে চাই, যাতে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি সুদৃঢ় সেতুবন্ধন তৈরি হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.