এনআরবি বিশ্ব

কাতারের আমিরের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

post-img

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আমিরের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত-পত্নী শায়লা পারভীন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ইউসুফ বিন সুলতান ইউসুফ লারেম এবং বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তনময় ইসলাম।

সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন, এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কাতারের আমির বলেন, কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণখাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান আছে। নতুন কিছু ক্ষেত্র, যথা- জ্বালানি, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা ও কৃষিতে কাতারের সঙ্গে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে গণচীনে তার নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.