post
এনআরবি বিশ্ব

মিশিগানে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে স্থানীয় সময় শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পৌনে দুইটায় নিজ বাড়ির সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হোসেন আল রাজী (১৯) নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মিশিগানে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি। নিউইয়র্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক উইন রোজারিওকে গুলি করে হত্যার মাত্র ১৫ দিনের ব্যবধানে মিশিগানে ওই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল পুলিশ। এ দুটি ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। পুলিশের দাবি, আল রাজী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পুলিশের এ দাবিকে অসত্য বলে উল্লেখ করেছেন আল রাজীর বাবা মোহাম্মদ আতিক হোসেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করায় জরুরি সেবা ৯১১-এ কল দেওয়া হয়। তবে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলবে, এটা আমরা মেনে নিতে পারি না। জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন আল রাজী। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার বাবা-মা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ির ভেতর আশ্রয় নেন। ১৬ বছরের ছোট ভাইয়ের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আল রাজীকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে তিনি কর্ণপাত করেননি। আল রাজী অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে যুবকটির হাতে অস্ত্র দেখা যায়। সেটি ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। কিন্তু ওই যুবক এতে কর্ণপাত করেননি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়ারেন পুলিশ অফিসার ক্যাপ্টেন ছ্যারলেস রোশটন। জানা গেছে, আতিক হোসেনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলায়। তার তিন ছেলে ও দুই মেয়ে। ছেলেদের মধ্যে আল রাজী বড়। সাত বছর আগে ফ্যামিলি ভিসায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। থাকতেন ওয়ারেন শহরের রায়ান সড়কের এলিভেন মাইলের গারবর স্ট্রিটে।

post
এনআরবি বিশ্ব

জার্মানির সর্বত্র উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জার্মানির সর্বত্র উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩১। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দেশটির অন্যান্য প্রদেশের মত রাজধানী বার্লিনেও ছিল প্রবাসী সংগঠনের নানা আয়োজন। বাংলার আবহমান সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিন পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ আর জাত পাতের উর্দ্ধে উঠে ঐতিহ্যবাহী জাতীয় এই দিনটিকে পালনে বাংলাদেশের মত প্রবাসীরাও পিছিয়ে নেই। একেতো রোববার দেশটিতে ছুটির দিন তারোপর ঈদুল ফিতরের আনন্দ সেই সাথে বাংলা নববর্ষ বরণ সব মিলিয়ে বেশ উৎসবমুখর ছিল বার্লিনের প্রবাসীদের সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরামের জমকালো আয়োজন। তাইতো প্রবাসীদের ঢল নেমেছিল অসাম্প্রদায়িক এই উৎসবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সবার জন্য শুভকামনা জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাঙ্গালী হিসেবে আত্ম পরিচয়ের এই দিনটিতেও ছিল ছিল জার্মান প্রবাসী নানা বয়সের শিল্পীদের মনোমুগ্ধকর আয়োজন। এমন অনুষ্ঠান আয়োজনতো বটেই অংশগ্রহণ করতে পেরে খুশী দূর দূরান্ত থেকে আসা সর্বস্তরের প্রবাসীরা। বরাবরের মত বর্ষবরণের অনুষ্ঠানে ছিল নানা ধরণের মজাদার ঐতিহ্যবাহী বাংলা খাবার ও পিঠাপুলির বিশেষ আয়োজন । ছিল প্রবাসী উদ্যেক্তাদের তৈরি নানা ধরণের পোশাক ও নানা ধরণের হাতের তৈরি সামগ্রীও। তবে বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনার কারণে দিনটাকে প্রবাসীরা বছরজুড়ে মনে রাখবে বিশ্বাস অনেকের।

post
এনআরবি বিশ্ব

লিসবনে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জনপ্রিয় রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার লিটন তার্কিশ গ্রিলে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান ও নৃত্য পরিবেশন, পান্তা ইংলিশ-ভর্তা ভোজন এবং সংগীত অনুষ্ঠানসহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক খলিলুর রহমান সাগর, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, মাসুম আহমেদ, পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আবুল আসাদ ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রবাসীদের বাংলা বর্ষবরণ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার দুপুরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সহস্র কণ্ঠে দেশের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। তবে বাংলার ঐতিহ্যবাহী লোকগানে হাজার হাজার দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী মমতাজ। বর্ষবরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এ অনুষ্ঠান উদ্বোধনের কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি অনুষ্ঠানে আসেননি।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা ছাড়াও বিভিন্ন দেশীয় নৃত্য শিল্পীরা তাদের দেশীয় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলে দেশাত্মবোধক ও লোকগান। টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণের আয়োজন করেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠন। অনুষ্ঠানের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, প্রধান পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংক-এ সিইও শাহ আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সংগঠন বন্ধুসভা। এতে কমিউনিটির ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্ধুসভার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ বরন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, বিভিন্ন স্টলে বাংলাদেশী ফুড ফেস্টিভ্যাল। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও বড়দের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজন। প্রবাসীরা বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও সংস্কৃতির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন। বাংলা বর্ষবরণের উৎসব হয়ে ওঠে ইউরোপের বুকে যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।

post
এনআরবি বিশ্ব

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত

বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। স্থানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু আগতদের স্বাগত জানান। অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া। গান পরিবেশন করেন দিবা, রাজু গাজী ও অমি। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দসহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশুসহ স্থানীয় স্প্যানিশরা।

post
এনআরবি বিশ্ব

কানাডায় বৈশাখী মেলা উদযাপিত

কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়েছে বৈশাখী মেলা-১৪৩১। মেলায় শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে উপস্থিত হন। মেলা বাংলাদেশের জাতীয় সংগীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এতে ছিল নানারকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান। দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সুরেলা কণ্ঠে গান এবং নিত্য। মেলায় অতিথি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি তার মধুর কণ্ঠে মাতিয়ে রাখেন সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন বিটিস কলম্বিয়া (কনসারভেটিভ) পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন।

post
এনআরবি বিশ্ব

চলতি মাসের প্রথম ১৯ দিনে রেমিটেন্স এসেছে ১৪ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৯ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১২৮ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শপাড়া হাদির গো বাড়ি। কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কের নিজ বাসায় বন্ধু ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন নায়িকা মৌসুমী

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মেয়ের সঙ্গে থাকছেন এই নায়িকা। সম্প্রতি সেখানে গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। নিউ ইয়র্কে প্রিয় বন্ধু, সহকর্মী মৌসুমীর সঙ্গে দেখা হয় তার। প্রিয় বন্ধুকে পেয়ে উচ্ছ্বসিত এই নায়ক। সেই উচ্ছ্বাসের কথা সোমবার তার ফেসবুকে প্রকাশ করেছেন। মৌসুমীর আপ্যায়নের বেশ কয়েকটি ছবি ফেরদৌস পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা, নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছে। এরপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে যাওয়ার পর মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তার লং আইল্যান্ডের বাসায় অতিথি হোন ফেরদৌস। খাওয়াদাওয়া ও আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়। ফেরদৌস লিখেছেন, ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে। এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক, এটাই মন থেকে চাই।’ একেবারে শেষের দিকে ফেরদৌস জানালেন, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমীর সঙ্গে দেখা। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন ঢালিউডের একসময়ের সাড়া জাগানো অভিনয়শিল্পী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক ঘটা এই নায়িকা তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে বিচরণ করেছেন। এখন অভিনয়ে একেবারে অনিয়মিত। বাংলাদেশ সময় কাল মঙ্গলবার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন ফেরদৌস। এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্র সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের বলে জানিয়েছেন ঢাকাই ছবির এই নায়ক।  

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.