post
এনআরবি বিশ্ব

সিঙ্গাপুরে এক বাংলাদেশি কর্মী হামলার শিকার

সিঙ্গাপুরে এক বাংলাদেশি কর্মী হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির ম্যাকফারসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হামলার শিকার বাংলাদেশি কর্মীর নাম আহমেদ সিয়াম (২০)। তিনি সিঙ্গাপুরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তাঁর ওপর হামলা করেন ৬২ বছর বয়সী এক ব্যক্তি। তিনি সিয়ামের বুকে ঘুষি মেরেছিলেন। স্থানীয় পার্লামেন্ট সদস্য (এমপি) টিন পি লিং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘটনাটি তুলে ধরেছেন। এক ভিডিও পোস্টে তিনি বলেন, হামলার ঘটনার সময় হামলাকারী ব্যক্তি সম্ভবত মদ্যপ ছিলেন। তিনি আগেও স্থানীয় টাউন কাউন্সিলের কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন। স্থানীয় মেরিন প্যারেড টাউন কাউন্সিল এনআরটি ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানি থেকে কাজের জন্য কর্মী নিয়ে থাকে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শক্তিভেলান নারারাজাহ গত শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমসকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্লক ৮৭ সার্কিট রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সিয়ামের বাবার নাম বাবুল (৪৮)। তিনিও টাউন কাউন্সিলের জন্য কাজ করেন। টিন পি লিং তাঁর ভিডিও পোস্টে উল্লেখ করেন, বাবুল একজন সাইট সুপারভাইজার হিসেবে অনেক বছর ধরে টাউন কাউন্সিলের জন্য কাজ করে আসছেন। টিন পি লিংয়ের ভিডিওতে বাবুল বলেন, তাঁর ছেলে সিয়াম হেঁটে যাওয়ার সময় তাঁকে ঘুষি মারেন হামলাকারী। হামলার পর তাঁর ছেলেকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল। হামলাকারী ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি বাবুল। ছেলের ওপর হামলার ঘটনায় কষ্ট পেয়েছেন জানিয়ে বাবুল বলেন, ‘আমার মন খুবই খারাপ।’ পুলিশ জানায়, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সহায়তা চেয়ে একটি ফোনকল পায়। হামলার ঘটনায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি জড়িত। এই ঘটনায় তদন্ত চলছে। বাবুল বলেন, হামলাকারী ব্যক্তি আগেও টাউন কাউন্সিলের পরিচ্ছন্নতাকর্মীদের হয়রানি করেছেন। তিনি ওই ব্যক্তিকে একাধিকবার হয়রানি বন্ধ করতে বলেছিলেন। এনআরটি ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শক্তিভেলান বলেন, ২০২২ সালের অক্টোবর থেকে ওই ব্যক্তি আরও দুজন পরিচ্ছন্নতাকর্মীকে হয়রানি করে আসছিলেন। কিন্তু আগে সহিংস কিছু না ঘটায় এ ব্যাপারে পুলিশ হস্তক্ষেপ করেনি। ওই ব্যক্তি সাধারণত ঘুরে বেড়ান আর বিয়ার পান করেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। শক্তিভেলান আরও বলেন, ১০ বছরের বেশি সময় ধরে বাবুল তাঁর কোম্পানিতে আছেন। কোম্পানির কোনো পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অন্যায্য কিছু হলে তিনি তার প্রতিবাদ করেন। শক্তিভেলান বলেন, জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এসেছেন বাবা-ছেলে। তাঁরা সিঙ্গাপুরের বাসিন্দাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাবা কষ্ট পেয়েছেন। ভিডিওতে টিন পি লিং বলেন, সহিসংতাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। বাবুল একজন নিবেদিতপ্রাণ ও বন্ধুবৎসল কর্মী। টিন পি লিং আরও বলেন, ‘যদি এমন কিছু থাকে, যা আরও উন্নত করতে হবে, তা আমাদের জানান।’ শ্রমিকদের ওপর হামলা না করার জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বান জানান টিন পি লিং। তিনি বলেন, ‘আশা করি, আমরা সবাই মিলে একটি সদয় সমাজ গঠন করতে পারব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারব।’ সিয়ামের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টিম্বার ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়ন-বাতু। শুক্রবার এক ফেসবুক পোস্টে তারা একে বিনা উসকানির হামলা হিসেবে অভিহিত করে। সংগঠনটি বলেছে, কোনো অবস্থাতেই পরিচ্ছন্নতাকর্মীদের ক্ষতিসাধন ঠিক নয়। শ্রমিকদের প্রতি এই ধরনের আচরণ করা যে উচিত নয়, আর তা যে সহ্যও করা হবে না, সে বিষয়ে কর্তৃপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিতে আহ্বান জানিয়েছে বাতু। সংগঠনটি বলেছে, এই ধরনের বার্তা বিভিন্ন এলাকায় কর্মরত কর্মীদের এ আশ্বাস দেবে যে তারা নিরাপদে তাঁদের কাজ করতে পারবেন। সিঙ্গাপুরের হয়রানি থেকে সুরক্ষা আইন অনুযায়ী, পাবলিক সার্ভিস কর্মীদের দায়িত্ব পালনকালে হয়রানির সাজা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার ডলার জরিমানা বা উভয় দণ্ড। আইন অনুযায়ী, টাউন কাউন্সিলের পরিচ্ছন্নতাকর্মীরা পাবলিক সার্ভিস কর্মী হিসেবে বিবেচিত।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ৩৪ বাংলাদেশির মানবেতর জীবন

মালয়েশিয়ায় কাজ আছে বেতন নেই, বেতন চাইলে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মালিকপক্ষ। নতুন আসা বাংলাদেশি কর্মীদের সঙ্গে এ রকম ঘটনা ঘটছে। কেউ সাহস করে প্রতিবাদ করছেন আবার কেউবা নীরবে সয়ে যাচ্ছেন, বেতন পাওয়ার আশায়। মালয়েশিয়ায় হুকুমের গোলাম হয়ে থাকতে হচ্ছে বাংলাদেশিদের। নরসিংদীর মো. সাকিব খাঁন (২৬), আদম দালাল মামুনের মারফতে ৩ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ঢাকার শাহীন ট্রাভেসের মাধ্যমে গত নভেম্বরে মালয়েশিয়ার চায়না কনস্ট্রাকশন ইয়াংজি সার্ভিস এসডিএন কোম্পানিতে আসেন। প্রথমে মালয়েশিয়ার বানতিংয়ে রাখা হয় তাকে। পরে কেডাহ কোলিম হাইটেক সাইেডে সাকিবসহ ৩৪ জন এ কোম্পানিতে কাজ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকাল থেকে সন্ধ্যা, ওভারটাইম, ছুটির দিনে তিনগুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। কাজ বন্ধ করে প্রথম ২ মাসের বেতন পেলেও তিন মাসের বেতন পাননি এখনও। কোম্পানি মানছে না শ্রমিক আইন। বেতন চাইতে গেলেই মালিকপক্ষ দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এবং মারধর করতে তাড়িয়ে আসে। এদিকে পবিত্র রমজান মাসে দেশে মা-বাবাকে টাকা পাঠাতে পারেননি ৩৪ জনের কেউই। একই কথা জানালেন, যশোরের রোমান (৩২) ও সিরাজগঞ্জের সাগর (২৭)।নরসিংদীর সাকিব জানান, তাদের যেখানে রাখা হয়েছে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা। গাদাগাদি করে থাকতে হচ্ছে। নেই পর্যাপ্ত টয়লেটও। মালয়েশিয়ার চায়না কনস্ট্রাকশন ইয়াংজি সার্ভিস এসডিএন কোম্পানির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম শাখার মিনিস্টার মো. নাজমুছ সাদাত সেলিম জানান, কোম্পানির কর্তাদের সঙ্গে কথা হয়েছে। যত দ্রুত সম্ভব কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তিনি জানান, যদি কোনো কর্মী সমস্যায় থাকেন বা মালিকপক্ষের আচরণ সম্পর্কে হাইকমিশনকে অবিহিত করে, হাইকমিশন দ্রুত সমাধানের চেষ্টা করবে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ ও মিয়ানমার থেকে ১৮৪ রোহিঙ্গা সমুদ্রপথে ইন্দোনেশিয়ায়

১৮৪ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন। তাঁদের মধ্যে শিশুসহ অনেক নারী আছেন। রোববার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়। তাঁরা সবাই মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থীশিবির থেকে ইন্দোনেশিয়ায় গেছেন। পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায়, অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ৭০ জন নারী ও ২০ শিশু রয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র কামিল বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গারা এখানে পৌঁছান। ঠিক কতগুলো নৌকায় করে তাঁরা পূর্ব আচেহতে এসেছেন, তা জানা যায়নি। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে হাজারো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ায় নতুন আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহ করছে। স্থানীয় কর্মকর্তারা শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেছেন। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় গত বছর অন্তত ২০০ রোহিঙ্গা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত বেড়ে ১৩

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।নিহত ১৩ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার আল আমিন ও বুরহান উদ্দিন, লক্ষীপুরের মিনহাজ ও রিয়াজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম এবং যশোরের মোশাররফ হোসাইন।এছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, সেলিম, দেলোয়ার হোসাইন, হোসাইন আলী ও কুদ্দস। সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে ২০ জন নিহত ও ২৯ জন আহত হন। 

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশটির প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হলো। বুধবার দেশটির রাজধানী মিসিলায় দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।এসময় আবেদনকারী ৩ প্রবাসী বাংলাদেশির হাতে ই-পাসপোর্টের বিতরণ স্লিপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল শাহরিয়ার কবির ই-পাসপোর্ট কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম। রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান তার বক্তব্য বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'ই-পাসপোর্টের প্রচলন উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।' তিনি আরও বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।' তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ কমিউনিটির নেতারা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

post
এনআরবি বিশ্ব

বিএসএফের গুলিতে রবিউল নামে এক বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল (৩০) নামে এক যুবক। শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে।নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে। তিনি গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে বাংলাদেশি চার-পাঁচজন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর দুই রাউন্ড গুলি করে। এতে রবিউল ইসলাম মারা যান আর শহিদুলের বামপায়ে গুলিবিদ্ধ হন। ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান জাগো নিউজকে বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারির সময় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সেহরি খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ফরহাদ আহমদ বছরখানেক আগে আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন। ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। অনেক আশা নিয়ে প্রবাসে এলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল। সদ্য বিয়ে করে প্রবাসে এসে ছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে ফিরবেন কফিনে বন্দি হয়ে।

post
এনআরবি বিশ্ব

বিশ্বে বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সকল বিমানবন্দরে কমে গিয়েছিল কর্ম তৎপরতা। তবে সবকিছু স্বাভাবিক হয়ে আসে ২০২২ সালে। এরসঙ্গে ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও। গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন সেটির তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়— এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত ৮ বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৬ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ। যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এছাড়া বছরের শেষ চার মাসে বিমান বন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছেন— সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করতেন সেটির সমান ছিল।আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ৭ কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবেন। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তারা বেশ রোমাঞ্চিত। তিনি আরও জানিয়েছেন, তাদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরের তালিকা (২০২২ সাল)— ১। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - ৬ কোটি ৬০ লাখ ২। হেথ্রু, যুক্তরাজ্য – ৫ কোটি ৮২ লাখ ৩। আমস্টারডাম, নেদারল্যান্ডস – ৫ কোটি ২৪ লাখ ৪। প্যারিস, ফ্রান্স – ৫ কোটি ১৭ লাখ ৫। ইস্তাম্বুল, তুরস্ক – ৪ কোটি ৮৫ লাখ ৬। ফ্রাঙ্কফ্রুট, জার্মানি – ৪ কোটি ৪৭ লাখ ৭। মাদ্রিদ, স্পেন – ৩ কোটি ৬২ লাখ ৮। দোহা, কাতার – ৩ কোটি ৫৭ লাখ ৯। সিঙ্গাপুর, সিঙ্গাপুর- ৩ কোটি ১৯ লাখ ১০। গ্যাটউইক, যুক্তরাজ্য- ৩ কোটি ১ লাখ সূত্র: খালিজ টাইমস

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউয়ের প্রধান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বলছে, গতকাল রাত ৮টা ১৭ মিনিটে মালয়েশিয়ার সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এসময় টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হন।তবে, নিহত ২ বাংলাদেশির নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিমের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে টাওয়ার ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা এখানে শ্রমিকের কাজ করতেন। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়। ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছে, 'মরদেহ ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ বাংলাদেশির পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

post
এনআরবি বিশ্ব

১৬ এপ্রিল শুরু হচ্ছে হজযাত্রীদের বায়োমেট্রিক

চলতি বছর হজে যাওয়ার জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের সৌদি আরবের ভিসার জন্য বায়োমেট্রিক শুরু হবে আগামী ১৬ এপ্রিল। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু হবে।সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন। সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হয়।এজন্য সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.