এনআরবি বিশ্ব

বাংলাদেশ ও মিয়ানমার থেকে ১৮৪ রোহিঙ্গা সমুদ্রপথে ইন্দোনেশিয়ায়

post-img

১৮৪ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন। তাঁদের মধ্যে শিশুসহ অনেক নারী আছেন। রোববার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়। তাঁরা সবাই মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থীশিবির থেকে ইন্দোনেশিয়ায় গেছেন।

পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায়, অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ৭০ জন নারী ও ২০ শিশু রয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র কামিল বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গারা এখানে পৌঁছান। ঠিক কতগুলো নৌকায় করে তাঁরা পূর্ব আচেহতে এসেছেন, তা জানা যায়নি। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে হাজারো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।

কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ায় নতুন আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহ করছে। স্থানীয় কর্মকর্তারা শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।

ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেছেন। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় গত বছর অন্তত ২০০ রোহিঙ্গা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.