post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় শিকলে বাঁধা অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার

শিকলে বাঁধা অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি অপহৃত মালয়েশিয়াপ্রবাসী সোহেল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই শিকলে হাত-পা বাঁধা অপহৃত আরেক বাংলাদেশিকে উদ্ধার করলো দেশটির পুলিশ। একের পর এক অপহরণের ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ১৪ অক্টোবর কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার সেরি কামবাগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা। এরপর থানায় অভিযোগ দায়েরের পর বাংলাদেশিকে উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ। এ ঘটনায় গত ১০ অক্টোবর অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি ও স্থানীয় তিন নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের ধারণা, গত ৭ অক্টোবর ওই পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এছাড়া অপহরণের সময় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে। অপহরণকারী দুই বাংলাদেশিকে ২৪ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং স্থানীয় তিন নাগরিককে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অপহরণের জন্য দণ্ডবিধির ৩৬২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এসিপি বেহ এং লাই।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২ এর একটি শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তাদের মধ্যে ৩১৮ জন ভারতের, ১৬ জন নেপালের, ১৫ জন বাংলাদেশের, ৬২ জন ইন্দোনেশিয়ার, ৭৯ জন শ্রীলঙ্কার ও ১১ জন মিয়ানমারের নাগরিক। আটকৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলি গণমাধ্যমকে জানান, স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণের পর তাদের আটক করা হয়েছে। তার নেতৃত্বে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ কর্মকর্তা। শনিবার মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় কেউ কেউ বস্তার স্তূপের আড়ালে, টয়লেটে ও ওই ভবনের ছাদে লুকানোর চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়েছে, আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের কাছে বৈধ কোনো ভ্রমণ নথিও ছিল না। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। অভিবাসন কর্মকর্তা তরমিজি বলেন, 'এর আগে কখনো এই গুদামে অভিযান চালানো হয়নি। এ অভিযানে ১১৩ জন স্থানীয় নাগরিকসহ মোট ৬১৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী আটক করা হয়েছে।' প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক বিদেশি শ্রমিকরা স্বীকার করেছেন যে, তারা কয়েক মাস ধরে প্রতিদিন ৬ থেকে ১২ ঘণ্টার শিফটে ৮০ থেকে ১০০ রিঙ্গিত পারশ্রমিকে কাজ করছেন। বৈধ নথি ছাড়া শ্রমিকদের কাজ করার অনুমতি দেওয়ায় মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তা তরমিজি।

post
এনআরবি বিশ্ব

লেবাননে ছিনতাইকারীর হামলায় প্রবাসী বাংলাদেশি গুলিবিদ্ধ

লেবাননে ছিনতাইকারীদের গুলিতে নুরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। শনিবার সকালে দেশটির জুনি জেলার তাবারজা হাইওয়ে রোডে সাবরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নুরুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত না বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় বাংলাদেশিরা জানায়, প্রতিদিনের মতো নুরুল ইসলাম মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাওয়ার সময় তাবারজা হাইওয়ে রোডে দুজন ছিনতাইকারী তার পথ অবরোধ করে। ছিনতাইকারীরা তার মটরসাইকেল, মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে চাইলে নুরুল ইসলাম বাঁধা দেন। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারিরা তাকে গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ছুটে এসে মূমুর্ষ নুরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। নুরুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় । বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লেবানন পুলিশ প্রশাসনকে ঘটনাটি তাৎক্ষনিক জানানো হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।

post
এনআরবি বিশ্ব

মানবপাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

মানবপাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা নারীসহ নিজ দেশের নাগরিকদের লিবিয়ায় বলপূর্বক আটকে রেখে অর্থআদায়ের চেষ্টা করেছেন।ইতালির বার্তা সংস্থা আনসার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, আটক দুই যুবকের বয়স ৩২ ও ২৪। তাদের বিরুদ্ধে অপহরণ ও অত্যাচার ছাড়াও মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।দুই অভিযুক্তের একজনকে ইতালির সিসিলির আগ্রিগেন্তো থেকে এবং আরেকজনকে উত্তরপূর্ব শহর গোরিৎসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।সূত্র জানায়, এই দুই যুবক ইতালির অভিবাসনের হটস্পট লাম্পাডুসায় গত সেপ্টেম্বরে আসেন। তারা নৌপথে সিসিলিতে পৌঁছান। তবে তারা বন্দিদের পাঠান অন্য নৌকায়। লিবিয়ার জুয়ারাহতে তাদের ডিটেনশন ক্যাম্প ছিল।বাংলাদেশ থেকে ইতালিতে আসতে এদের কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা নেওয়া হয়। আগ্রিগেন্তো শহরের ডেপুটি পুলিশ প্রধান জিওভান্নি মিনারভি নেতৃত্বাধীন ফ্লাইং স্কোয়াড অনেক বাংলাদেশি অভিবাসীকে জেরা করে। এভাবেই তারা এই দুই যুবকের হদিস পায়।তদন্তে জানা যায়, যারা লিবিয়াতে আসার আগেই পুরো অর্থ পরিশোধ করেছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয়। তারা খুব অল্প সময়েই লিবিয়াতে অবস্থান করেন। কিন্তু বাকিদের ওপর অর্থ পরিশোধের জন্য নির্যাতন চালানো হয়।অনুসন্ধানে জানা যায়, লিবিয়ার ক্যাম্পগুলো চালানোর দায়িত্ব লিবিয়ান ও মিশরীয়দের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও পাচ্ছেন। গত কয়েক মাসে এমন পরিবর্তন আসছে। এর কারণ অনিয়মিত পথে লাম্পাডুসায় আসা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে।আর গাদাগাদি করে একেকটি ক্যাম্পে থাকা কমপক্ষে আড়াই হাজার অভিবাসীকে কাছ থেকে পর্যবেক্ষণে রাখার জন্য একই দেশের মানুষ থাকলে বেশি সুবিধা। সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

post
এনআরবি বিশ্ব

চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় পাঠানো কন্টেনারে মিলল মরদেহ

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ায় পৌঁছানো একটি কন্টেনারের ভেতরে একজনের মরদেহ পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে পাঠানো ওই কন্টেনার গত ৬ অক্টোবর মালয়েশিয়ার পেনাং বন্দরে পৌঁছায় বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ওয়ার্ল্ড অববাজ বলেছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরুর ৯ দিন পর ওই কন্টেনার পেনাংয়ে পৌঁছায়। যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি কয়েক দিন ধরে কন্টেনারে আটকা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।কন্টেনার থেকে উদ্ধার করা মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কমেন্টে কন্টেনারের ভেতরে আটকা পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন কেউ কেউ। এক ব্যক্তি বলেছেন, তার সহকর্মীরা একদিন হাস্যরসের ছলে তাকে কন্টেনারের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিলেন। এতে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি হয় বলে জানিয়েছেন তিনি। তবে কন্টেনার থেকে মরদেহ উদ্ধারকে অনেকেই মানব পাচারের ঘটনা বলেও মন্তব্য করেছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।এদিকে, মালয়েশিয়ায় পাঠানো কন্টেনারে মরদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু জানতে পারেনি বলে জানিয়েছে। তবে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে পাঠানো কন্টেনার থেকে লোকজনকে উদ্ধারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে পাঠানো বাংলাদেশের কন্টেনার থেকে লোকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০১৬ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরে বাংলাদেশি একটি খালি কন্টেনার থেকে এক তরুণকে উদ্ধার করে পুলিশ। বিশাখাপত্তম বন্দর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ওই তরুণের নাম মোহাম্মদ রোহান হোসাইন (৩০)। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরগামী কন্টেনার লোড করার সময় কেডিএস কন্টেনার ডিপোর বাবুল ত্রিপুর নামের এক কর্মীকে একটি কন্টেনারের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ২ টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ দুর্ঘটনা ঘটে।এছাড়া এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শহীদুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছোট ছেলে রনি। তাদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজিদিখান উপজেলায়। নিহত শহিদুল ইসলাম (৬২) অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা। রাজিয়া সুলতানা (৫৫) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রনি পড়াশোনা করতেন। আহত ডক্টর আনোয়ার জাহিদ তাদের বড় সন্তান।নিহতদের আত্মীয়রা জানান, সম্প্রতি বড় ছেলের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় আসেন তারা। ছুটির দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে বের হন। দুর্ঘটনার সময় ড. আনোয়ার জাহিদ চালকের আসনে বসা ছিলেন। তাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। তাকে আইসিউতে রাখা হয়েছে। এদিকে, গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মারা গেলেও একই সঙ্গে তিনজন বাংলাদেশির মৃত্যু এ প্রথম। এ মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

post
এনআরবি বিশ্ব

৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

গ্রিস থেকে আট অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। গত সোমবার (১৭ অক্টোবর) রাতে একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।জানা গেছে, এ ৮ জনের আশ্রয় আবেদন বাতিল হয়েছে। এবং তারা এখানে কোনোভাবেই বসবাসের সুযোগ বা বৈধতার আওতায় আসতে পারবেন না। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে গ্রিস কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে।গ্রিক সরকারের তথ্যমতে, ২০১৬ সালের পর ২০২১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।এর ৬ মাস পর চলতি বছরের গেলো জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এর পর অনিয়মিত বাংলাদেশিদের গণহারে গ্রেফতার করা হচ্ছিল।সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে নতুন জনশক্তি রপ্তানি ও অনিয়মিতদের বৈধ করার কথা ছিল। এরই মধ্যে গতকাল ফের ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলো থেকে এমন অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিউর্স চুক্তি হয়। এ চুক্তির আওতায় অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।

post
এনআরবি বিশ্ব

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করলেন রাষ্ট্রদূত

কাতার থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে বিকাশ হুন্ডি বন্ধে কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে প্রবাসীদের উৎসাহিত দিতে বিভিন্ন এক্সচেঞ্জে গিয়ে প্রচারণা চালাচ্ছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী দোহার মনসুরায় অবস্থিত গালফ এক্সচেঞ্জ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রতিকী রেমিট্যান্স প্রেরণ দিবস পালন করা হয়। গালফ এক্সচেঞ্জের ভাইস চেয়ারম্যান জাফর আলী আল সরফফ, দূতাবাসের লেভার মিনিস্টার ড.মুস্তাফিজুর রহমান,বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এসময় উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি আবু রাহাত

কুয়েত আমিরের তত্ত্বাবধানে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দু’জন শিক্ষার্থী দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। গত মঙ্গলবার কুয়েত পৌঁছান বাংলাদেশি তিন এই প্রতিযোগী।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ওজারাতুল আওকাফ (ধর্ম মন্ত্রণালয়)। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন।প্রত্যেকের জন্য বিমানে আসা-যাওয়া ও থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন।হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে তার জন্ম। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে ব্রেইন স্ট্রোক করে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর।বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১৫ অক্টোবর তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।রফিকুল ইসলামের দেশের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.