post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশি যুবকের ২৭ বছরের সাজা

স্ত্রীকে হত্যার দায়ে শাহাব আহমেদ নামে একজন বাংলাদেশি যুবককে ২৭ বছরের সাজার রায় দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সুপ্রিমকোর্ট আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। ৩৮ বছর বয়সী শাহাব তার ২৯ বছর বয়সী স্ত্রী খোন্দকার ফারিহা এলাহিকে ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি তাদের প্যারামাট্টা ইউনিটে হত্যা করেন। ২০১৯ সালে একক বিচারকের রায়ের বিরুদ্ধে আপিলের পর শাহাব পুনরায় বিচারের মুখোমুখি হন। তিনি আদালতে নিজেকে হতাশাগ্রস্ত মানসিক রোগী হিসেবে দাবি করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের জুরি বোর্ড আজ আগের রায় বহাল রেখেছেন। হত্যার পর শাহাব আহমেদ ট্রিপল জিরোতে কল করে যা বলেছিলেন তা জুরিদের শোনানো হয়। তিনি কল করে বলেছিলেন, 'আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।' তার আগে তিনি তার ঠিকানা, নাম এবং জন্ম তারিখ বলেন। শাহাব বলেছিলেন যে তিনি হত্যায় একটি ছুরি ব্যবহার করেছিলেন এবং তার মৃত স্ত্রী বিছানায় রয়েছেন। 'এটা কতদিন আগে হয়েছিল?' অপারেটর জিজ্ঞেস করেছিলেন। 'মাত্র কয়েক মিনিট আগে'। তিনি উত্তর দিয়েছিলেন। শাহাব বলেছিলেন, তার স্ত্রী শ্বাস নিচ্ছেন না তাই অ্যাম্বুলেন্সের প্রয়োজন নেই। শাহাব বলেন, 'তার স্ত্রীর কয়েক বছর আগে তার এক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল এবং তাকে বলেছিল যে এটি শেষ হয়ে গেছে। 'কিন্তু আমি আজ তার ফোন চেক করেছি। তাদের সম্পর্ক আছে।' সুপ্রিম কোর্টে সাক্ষী হিসেবে ভারপ্রাপ্ত সার্জেন্ট মাইকেল আউটজেন জুরিকে বলেন, তিনি দৌড়ে ফ্ল্যাটে উঠেছিলেন এবং আহমেদকে জিজ্ঞাসা করলে তিনি জানান, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। 'তিনি আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। তিনি খুব ধীর এবং স্থির ছিলেন।' আউটজেন জুরিকে বলেন। তিনি আহমেদের প্যান্টে রক্ত ​​দেখতে পান এবং যখন তিনি বেডরুমে যান, এক নারীকে রক্তে ঢাকা গদিতে পড়ে থাকতে দেখেন।মেঝেতে একটি ছুরির পাশাপাশি একটি বাটিতে সিগারেটের বাট ছিল। একজন গোয়েন্দা ঘটনাস্থলে শাহাব আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি বলেছিলেন যে তার এবং তার স্ত্রীর মধ্যে তর্ক হয়েছে। প্রায় ২ বছর আগে তার বন্ধু ওমর খানের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল কিন্তু তাকে বলেছিল যে এটি শেষ হয়ে গেছে। জিজ্ঞাসাবাদে তখন তিনি বলেছিলেন, আমরা কয়েক মাস আলাদা ছিলাম এবং আমি আমার দেশে চলে যান। আহমেদ বলেন, 'আমি তার ফোন চেক করেছি এবং এখনো তার সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি তাকে হত্যা করেছি।' বিচারপতি মানিকা স্মিথ বলেছেন, তিনি স্ত্রীর মুখে ছুরিকাঘাত করার সময় তার দাঁতের মধ্যে সেই বড় ছুরির ডগা ভেঙে ফেলেছিলেন। এ বিষয়টি উপেক্ষা করা যাবে না।' রায় দেওয়ার সময় বিচারক বলেছেন, অন্যদের অবশ্যই ঈর্ষা বা অবিশ্বাসের অনুভূতিতে রান্নাঘরের ছুরির মতো ধারালো অস্ত্র ব্যবহারে বিরত থাকতে হবে। আমরা যতই রেগে যায় বা হিংস্রতাবোধ করি না কেন।'সুত্র - দ্য ডেইলি স্টার

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে দেশটির রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের (আরটিডি) একটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আরটিডির ডেপুটি ডিরেক্টর জুলকিফ্লাই ইসমাইল বলেন, আরটিডি পাইকারি বাজারে টানা দুই ঘণ্টার অভিযানে ১৬ জন বাংলাদেশি, মিয়ানমারের ২৮ জন, ইন্দোনেশিয়ার ৬ জন এবং দুইজন ভারতীয়কে গ্রেফতার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।তিনি আরও বলেন, ড্রাইভিং লাইসেন্স ও পণ্যবাহী গাড়ির লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে আটটি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ও সাতটি ট্রাইসাইকেলসহ ৫৮টি যান জব্দ করা হয়েছে।অন্যদিকে, বৈধ কাগজপত্র না থাকায় আটক ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে জিএসসির বৈঠক

যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের উদ্যোগে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনটির পূর্ব লন্ডনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সর্বদলীয় কমিউনিটি নেতাদের সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠক পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান।সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই। বার বার ওয়াদা করার পরও হাইকমিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা স্টিকার ও পাওয়ার অব এটর্নি দিতে ২০১৫ সালের এক আইন দেখিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। বাংলাদেশি পাসপোর্ট পেতে দেরি করা হচ্ছে। বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী বিনিয়োগকারীদের বাধাগ্রস্ত ও হয়রানি করা হচ্ছে। প্রবাসীদের জায়গা-সম্পত্তি বেহাত হচ্ছে। সম্প্রতি সাতজন ব্রিটিশ বাংলাদেশিকে এক মিথ্যা মামলায় আট দিনের জন্য কারাবরণ করতে হয়েছে।প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্ড না থাকায় তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বক্তারা তা তুলে ধরেন। বাংলাদেশি পাসপোর্ট রিনিউ বা নতুনভাবে করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান তারা। নতুন প্রজন্মের সন্তানদের নো ভিসা স্টিকার না দেওয়ায় বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এসব সমস্যার সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসবিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার ও আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা কামনা করেন। বক্তারা বাংলাদেশিদের ব্রিটিশ পাসপোর্টকে এনআইডি কার্ড দেওয়ার আগ পর্যন্ত আইডি হিসাবে স্বীকৃতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় নর্দমায় পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণকাজ করতে গিয়ে নর্দমায় পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দেশটির পেরাক রাজ্যের তাইপিং শহরের সিমপাংয়ের তামান লেজেন্ডায় এলাকায় নর্দমায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) একজন মুখপাত্র জানান, দুপুর ২ টা ৩২ মিনিটে ঘটনার বিষয়ে একটি ফোন পান তারা। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেখেন একজন বাংলাদেশি নর্দমার ৩ মিটার গভীরে পড়ে আছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নির্মাণকাজ করতে গিয়ে নর্দমার ৩ মিটার গভীরে পড়ে যায় ওই শ্রমিক। পরে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের (কেকেএম) মেডিকেল টিম ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নুরুল আফসার (৪০) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়ের দায় মোল্লা মৌলভী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ। এর আগে, শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১টার দিকে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ বলেন, ১৬ বছর আগে আফসার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করেন। তিনি ২ সন্তানের জনক ছিলেন। প্রতিদিনের মতো নিজের দোকানে ব্যস্ত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে এসে অবস্থান নেয়। একপর্যায়ে দোকানের ভিতরেই আফসারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছোট কাকা মো.ইউসুফ বলেন, আফসারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

post
এনআরবি বিশ্ব

রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় গ্রিস

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স। এবার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় ১৯ নম্বরে রয়েছে গ্রিস। তবে গ্রিসে অনিয়মিত প্রবাসীদের উপার্জিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়। তাই গ্রিস প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহী করতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশনের অংশ হিসেবে শনিবার (২২ অক্টোবর) রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এর সভাপতি আব্দুল কুদ্দুস, বৃহত্তর খুলনা বিভাগীয় সংগঠন এর সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান উপদেষ্ঠা লতিফ গাজী, গ্রিস আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গার্মেন্টস এসোসিশেন ইন গ্রিসের প্রধান উপদেষ্ঠা মুক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় পরিষদ এর সভাপতি এস এম রাফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এর ম্যানেজার আব্দুল কাইয়ুম, সহকারী ম্যানেজার ঐশ্বর্য প্রমূখ। পরিদর্শনকালে পর্যায়ক্রমে সকল ফ্যাক্টরি পরির্দশন করবেন বলেও জানান রাষ্ট্রদূত। এসময় দূতাবাস কর্মকর্তাবৃন্দও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীদের উৎসাহিত করেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুয়েতের জাহারা অঞ্চলের মাতলা এলাকায় নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস আলীর ছেলে। নিহতের সহকর্মী মোহাম্মদ নবী জানান, আলমগীর নির্মাণ কাজ চলা ওই ভবনের দেখাশোনার কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভবনের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। দেশ থেকে ছুটি কাটিয়ে কিছুদিন হলো সে কুয়েতে ফিরেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।নিহতের চাচা মোস্তফা জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।আলমগীরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ছয় মাসের বেশি বাইরে থাকলে কুয়েতের ভিসা বাতিল

কুয়েতের ভিসাধারীরা ছয় মাস বা এর বেশি সময় দেশটির বাইরে অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে প্রবাসীদের ভিসা বাতিল হয়ে যাবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ (অংশীদার ভিসা), ২২ (ফ্যামিলি ভিসা), ২৩ (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারী প্রবাসীদের বাসস্থান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে আছেন। কুয়েতের বাইরে থাকার সময় গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে। আর প্রবেশের শেষ সময় ধরা হবে ৩১ জানুয়ারি ২০২৩। যেসব প্রবাসী ছয় মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের বাসস্থান অনুচ্ছেদ ১২ এর প্যারাগ্রাফ ৩ এর বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।আগে এমন সিদ্ধান্ত অনুচ্ছেদ ১৮ (প্রাইভেট ভিসা) ধারী প্রবাসীদের জন্য নেওয়া হয়েছিল। তখন সময় গণনা শুরু হয়েছিল ২০২২ সালের মে থেকে। প্রাইভেট ভিসা ধারীদের ৩১ অক্টোবরের মধ্যে কুয়েতে প্রবেশ করতে হবে।মহামারির কারণে কিছু দেশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। এ কারণে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক বিবেচনায় অনলাইনে আকামা নবায়নের মাধ্যমে প্রবাসীদের দুই বছরের বেশি সময় ধরে বাইরে থাকার সুযোগ দিয়েছিল।

post
এনআরবি বিশ্ব

স্পেনের মাদ্রিদে‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজের চিত্রকর্ম নিয়ে ‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে মাসব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে।সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।চিত্রপ্রদর্শনীতে চিত্রশিল্পী ব্লাজকেজের ৩৩টি চিত্রকর্ম ছাড়াও নির্মম নিপীড়ন ও গণহত্যার শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর রাজনৈতিক জীবন, জাতিসংঘে ১৯৭৪ সালে তার প্রদত্ত ঐতিহাসিক বক্তব্য ও বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠকসমূহের অসাধারণ কিছু মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বঙ্গবন্ধু প্রণীত স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি-সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়- আজও আদর্শ বৈদেশিক সম্পর্ক নিরূপণের উজ্জ্বল আলোকবর্তিকা।রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতে ভূমিকা রাখার জন্য আগত অতিথিদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয়দানের জন্য ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মানবতার জননী আখ্যা দিয়েছে।চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজ বলেন, মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিশ্বশান্তি, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের পক্ষে আঁকা আমার চিত্রকর্মের এ প্রদর্শনী আমার জন্য সম্মানের। চিত্রপ্রদর্শনীটি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম, যিনি আজীবন ন্যায় ও সাম্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।ফ্রান্সিসকো ব্লাজকেজ বাংলাদেশকে অপার সৌন্দর্য এবং অফুরন্ত সম্ভাবনার দেশ উল্লেখ করে আরও বলেন, বাংলাদেশের লোকেরা উদ্যোগী, সৃজনশীল, দৃঢ প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রমী। এবং সর্বোপরি তারা শান্তিপ্রিয়। আর শান্তিতেই মানবতার ভবিষ্যত নিহিত।বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী চলবে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে রিক্রুটিং এজেন্সিতে আটকে থাকা ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার

সৌদি আরবে এক রিক্রুটিং এজেন্সিতে আটকে রাখা ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটির রাজধানী রিয়াদ হতে প্রায় এক হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরআর শহর থেকে সম্প্রতি তাদের উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৫ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ দূতাবাস জানায়, এক সৌদি রিক্রুটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে এমন খবর পাওয়া যায়। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) তাদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠাতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজের মাধ্যমে এসব নারী কর্মীদের সৌদি আরবে নিয়ে যান। তবে সৌদি আরবে নেওয়ার পর তাদের নিয়োগ কর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। এমনকি পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়এ অবস্থায় সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই ২৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়। পরে তাদের সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। উদ্ধার করা নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার করা নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.