post
এনআরবি বিশ্ব

পর্তুগালে আবাসন ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা

আবাসন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন অভিবাসনের আশায় সম্প্রতি পর্তুগালে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশিরা। শুধু একটি বাসা বা কক্ষই নয়, একটি স্থায়ী সিট পেতেও অপেক্ষার যেন শেষ নেই। আর তাই, পর্তুগাল আসার আগেই আবাসন সুবিধা নিশ্চিতে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কিছুটা কমে আসায় এ বছর গ্রীষ্মে পর্যটকের ঢল নামে পর্তুগালে। অন্যদিকে, সহজ অভিবাসন, বিনিয়োগের সম্ভাবনা বিবেচনায় বহু বিনিয়োগকারীও বেছে নেন এই দেশটিকে। এমন পরিস্থিতিতে সম্প্রতি পর্তুগালে দেখা দিয়েছে চরম আবাসন সংকট। শুধু রাজধানী লিসবনেই নয়, দেশটির অধিকাংশ বড় শহরেও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন অভিবাসীরা। শুধু অভিবাসীরাই নন, তীব্র আবাসন সংকটে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরাও। অ্যাপার্টমেন্ট বা রুম তো দূরে থাক, থাকার মতো একটি সিটও মিলছে না কারো। বাধ্য হয়েই থাকতে হচ্ছে হোটেলে বা দৈনিক ভিত্তিতে ভাড়া দিয়ে, যা অনেকের জন্যই বেশ ব্যয়বহুল। আর তাই পর্তুগালে আসার আগে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।এদিকে, চলমান এ সংকটে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান কমিউনিটি নেতাদের। লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল আলম জসিম বলেন, আবাসন সংকট মোকাবিলায় সরকারের নেয়া নানা পদক্ষেপের মধ্যে রয়েছে স্থানীয় বাসাবাড়িগুলোকে হোটেল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল এবং আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার মতো নানা উদ্যোগ।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে প্রবাসী বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এরপর তার দোকানও লুট করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ইস্টার্নকেপ প্রভিন্সের মাটাটিয়াল শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত বাংলাদেশির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানায়। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টিন কেটে কয়েকজন ডাকাত বাংলাদেশি প্রবাসীর দোকানে প্রবেশ করে। ডাকাতদল এসময় মাসুদুর রহমানের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে চলে যায়। খরব পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে মাসুদুর রহমানের মরদেহ নিয়ে যায়। মাসুদুর রহমানের মরদেহটি দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

মিশরে দূতাবাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরে দূতাবাস পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর এনডিসির ফ্যাকাল্টি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে ২৫ সদস্যের দলটি সম্প্রতি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।এর আগে প্রতিনিধি দলটি মিশরের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। শুরুতেই তারা দেশটির বিখ্যাত নাসের হায়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় অ্যাকাডেমির কমান্ডেন্ট/পরিচালক মেজর জেনারেল আশরাফ মোহাম্মদ ফারেস বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।এমন একটি ফলপ্রসূ সফর আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জেনারেল আশরাফকে ধন্যবাদ জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সফর বিনিময়ের কথা তুলে ধরে মিশর-বাংলাদেশ ঐতিহাসিক সুসম্পর্কের কথা স্মরণ করেন। অচিরেই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক প্রসারিত ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পর্যায়ক্রমে বাংলাদেশ প্রতিনিধিদল মিশরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিউজিয়াম, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সসহ কয়েকটি সামরিক কমান্ড ফোর্স পরিদর্শন করেন।

post
এনআরবি বিশ্ব

গ্রিসের রাজধানী এথেন্সে 'বাংলাদেশের সুর' চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গ্রিসের রাজধানী এথেন্সে 'বাংলাদেশের সুর' (টিউন অব বাংলাদেশ) শিরোনামে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এথেন্সের সাইচিকোর মিউনিসিপ্যাল আর্ট গ্যালারি লেফায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশি ১৩ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা চিত্রশিল্পীরাও। শিল্পীরা হলেন-কেয়া সুলতানা, সুলতানুল ইসলাম, দিলরুবা লতিফ, সঞ্জীব দাস অপু, মর্জিয়া বেগম, রিফাত জাহান কান্তা, মুক্তি ভৌমিক, শাহীন সোবহানা সুরভী, মুহাম্মদ মেহেদী হাসান, নাজমুন আকতার কাকলী, জিনাত জুরফিকার ছবি, জান্নাত কেয়া ও হাসুরা আকতার রুমকী।বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রদর্শনীর আয়োজন করে এথেন্স দূতাবাস। প্রদর্শনী উদ্বোধনী করেন সাইচিকোর ডেপুটি মেয়র এলেনি জেপাউ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।এ সময় রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের শিল্প ও চিত্রকলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং এ ধরনের প্রদর্শনী গ্রিক শিল্পপ্রেমীদের তা জানার সুযোগ দেবে।' গ্রিসে ভারতের রাষ্ট্রদূত অমৃত লুগুন, প্রদর্শনীর কিউরেটর ও ইতিহাসবিদ এলিসাভেট গেরোলিমাটোস, ইলাইনেপা-এর সভাপতি অধ্যাপক দিমিত্রিস ভ্যাসিলিয়াদিস এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আরও অনেকই প্রদর্শনীতে এসেছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এথেন্স স্কুল অফ ফাইন আর্টসের রেক্টর প্রফেসর নিকোস ট্রানোস, ইউনেস্কো পাইরাস অ্যান্ড দ্বীপপুঞ্জের গ্রুপের সভাপতি আইওনিস ম্যারোনাইটিস এর ইলাইনেপার সভাপতি অধ্যাপক ড. দিমিত্রিওস ভ্যাসিলিয়াদিসসহ বাংলাদেশের বন্ধুরা। এ ছাড়া বাংলাদেশি শিল্পীদের গ্রিস সফর উপলক্ষে এথেন্স স্কুল অফ ফাইন আর্টসে একটি চিত্রকর্ম কর্মশালায় আয়োজন করা হয়।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে বাংলা‌দেশ দূতাবাসের সহ‌যো‌গিতায় দে‌শে ফি‌রে‌ছেন প্রবাসী আবুল

মালদ্বীপে অবস্থিত বাংলা‌দেশ দূতাবাসের সহ‌যো‌গিতায় দে‌শে ফি‌রে‌ছেন গুরুতর অসুস্থ প্রবাসী আবুল কায়েস। শুক্রবার তি‌নি দে‌শে ফি‌রে‌ছেন ব‌লে দূতাবাস এক বার্তায় জানিয়েছে।বার্তায় বলা হয়, গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী আবুল কায়েসকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। জানা গেছে, আবুল কায়েস দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার তি‌নি মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের কিউ২ ৫০২ ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরেছেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে ‘প্রবাসী বাঙালি বীরদের’ সংবর্ধনা দিল বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রের মূল ধারায় রাজনীতি করে আলো ছড়াচ্ছেন এক ঝাঁক বাঙালি। দেশটির বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিকে নির্বাচিত হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করা সেসব ‘বাঙালি বীরদের’ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের শীর্ষ প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও এনওয়াই প্রতিদিন ডটকম।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে আয়োজিত প্রাণবন্ত এক অনুষ্ঠানে ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে পরিচিত জনপ্রতিনিধিদের ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণ।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও বেশি বাংলাদেশি এতে সংবর্ধিত হন।আয়োজকরা জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও আমেরিকার মূলধারার রাজনীতিতে অংশ নিয়ে ৩৭ জন বাংলাদেশি বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। তাদের অধিকাংশই এই কর্মসূচিতে অংশ নেন।উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনরা। তাদের মধ্যে ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 'র চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।নিউইয়র্ক সিটির কাউন্সিল উম্যান শাহানা হানিফকে এওয়ার্ড তুলে দেন তিনি।সন্ধ্যার পর থেকে কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে জড়ো হতে থাকেন যুক্তরাষ্ট্রের মূলধারার গুরুত্বপূর্ণ বাঙালি রাজনৈতিক এবং আমন্ত্রিত অতিথিরা।যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় হোটেলে বলরুম। ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান দুই দলের বাংলাদেশি রাজনৈতিকরা আসেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। তার একে একে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের মূলধারা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের বলেন, ‘আপনারা প্রত্যেকে আমাদের মাথার মুকুট। আপনারা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর। বিদেশে আপনারাই আমাদের অ্যাম্বাসেডর। ’তিনি বলেন, ‘আজকে আমার খুব ভালো লাগছে এই জন্য যে আমরা এখানে আমাদের যারা গর্ব, আমাদের যারা অহঙ্কার; এই (যুক্তরাষ্ট্রের) মূলধারায় রাজনীতি লোক ঢুকার জন্য আমরা বহুদিন থেকে আহ্বান করছি। তারা প্রমাণ করেছে, তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে। আমি তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ’যুক্তরাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ‘১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির কাজ কর্ম শুরু করি। তখন কোন বাঙালি পেতাম না। খুব কঠিন ছিল। আমাদের বাঙালি খুব একটা দেখতাম না। এখন আমি খুব খুশি। এখন আমাদের অনেক প্রবাসী, নতুন প্রজন্ম এবং পুরোনো আমাদের অনেকে নির্বাচিত হয়েছেন। ’যুক্তরাষ্ট্রের মূলধারা বাংলাদেশি রাজনৈতিকদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করে জর্জিয়া স্টেট থেকে নির্বাচিত সিনেটর শেখ রহমান বলেন, এখানে আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমরা সবাই।নতুন প্রজন্ম আমেরিকার মূলধারার রাজনীতিতে আরও এগিয়ে যাবে প্রত্যাশা করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আমাদের আরও এগিয়ে যেতে হবে।মার্কিন কংগ্রেসে বাংলাদেশের বন্ধু কংগ্রেসওম্যান গ্রেস মেং ভিডিও বার্তায় এবং লিখিত বার্তায় সিনেটর চার্লস চার্লস শুমার (Charles Schumer) বাংলাদেশ প্রতিদিন এবং এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা ও সফলতা কামনা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, নিউজার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আবদুস মিয়া, নিউজার্সির হেল্ডন সিটির কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, নিউইয়র্ক স্টেট কমিটিওম্যান জামিলা উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, নতুন প্রজন্মের রাজনৈতিক মার্জিয়া স্মৃতি।বক্তারা বাংলাদেশ প্রতিদিনের এই সংবর্ধনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার বাংলাদেশি রাজনৈতিকদের একত্রিত করার এই আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, আমরা এখানে এসে আনন্দিত এবং গর্বিত। এই আয়োজনের মাধ্যমে আমাদের শুধু সম্মানিতই করা হয়নি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বাংলাদেশি রাজনৈতিক, যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিদের একত্রিত হওয়ার, সেতুবন্ধন তৈরির সুযোগ করে দিয়েছে।নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশি এবং মুসলিম নারী কাউন্সিলর শাহানা হানিফ বলেন, এমন একটা অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি জনপ্রতিনিধিদের এক সাথে করার উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ।স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সংবর্ধনাপ্রাপ্ত বাংলাদেশি রাজনীতিকদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমেরিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের। পথ চলে সবাই। কেউ কেউ পথ দেখায়। আপনারা আমেরিকায় বাংলাদেশকে পথ দেখিয়েছেন। আমাদের আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, মেলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউজার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, মেলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান, আলাউদ্দিন পাটোয়ারী, মনসুর আলী মিঠু এবং রফিকুল ইসলাম জীবন, নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান অ্যাট লার্জ মো. ফরিদউদ্দিন, মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ফিলাডেলফিয়া সংলগ্ন আপার ডারবির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, বস্টন সংলগ্ন হপকিন্টন সিটির সিলেক্টম্যান শহিদুল মান্নান, নিউজার্সির কাউন্সিলওম্যান সেপা উদ্দিন, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আবদুস মিয়া, এল্ডারম্যান দেওয়ান সরোয়ার এবং শেরশাহ মিজান, নিউজার্সির হেল্ডন সিটির কাউন্সিলওম্যান তাহসিনা আহমেদ, টেক্সাসের রিফুজিয়ো কাউন্টির ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার নিহাল রহিম, নিউইয়র্ক স্টেট কমিটিওম্যান জামিলা এ উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুল উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, জুডিশিয়াল ডেলিগেট জামী এম কাজী, ফ্লোরিডার পামবিচ কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বোর্ড মেম্বার জুনায়েদ আকতার, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার  মোফাজ্জল হোসেন, মূলধারায় বাংলাদেশিদের পথিকৃত মোর্শেদ আলম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানটি হয়েছিল জ্যাকসন হাইটসে বিলাসবহুল পার্টি হল বেলাজিনোতে। সেই আয়োজনেও প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

post
এনআরবি বিশ্ব

পাসপোর্টের মেয়াদ ১০ বছর চান কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে ভোগান্তির অবসান চান তারা। দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। কুয়েতের কানুন অনুসারে দেশটিতে শ্রমিকদের আকামা নবায়নে পাসপোর্টের মেয়াদ এক বছর পূর্ণ থাকতে হয়। বর্তমানে ৫ বছর মেয়াদি পাসপোর্টে চার বছর আকামা লাগাতে পারেন।এদিকে প্রবাসীদের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত পাসপোর্ট সেবা দিতে আঞ্চলিক শাখা অফিস হ্যাপি সেন্টার চালু করেছে বাংলাদেশ দূতাবাস। করোনাকালে পাসপোর্ট নবায়নে তিন মাস সময় লাগলেও এখন সবকিছু স্বাভাবিক হওয়ার পরও প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করতে আড়াই থেকে তিন মাস অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের কুয়েতে আসার পর প্রথমে মালিকের কাছে পাসপোর্ট জমা দিতে হয়। নির্দিষ্ট সময়ে দেশে ছুটিতে যাওয়ার আগ মুহূর্তে অথবা নবায়ন করতে শ্রমিকদের হাতে পাসপোর্ট দেওয়া হয়। যার কারণে অনেক প্রবাসী পাসপোর্টের মেয়াদ ভুলে যায়। সময়মতো আকামা নবায়ন করতে না পারলে কিংবা আকামার মেয়াদ শেষ হয়ে গেলে প্রতিদিন দুই দিনার করে জরিমানা গুনতে হয়। যার ফলে সর্বোচ্চ ৬০০ কুয়েতি দিনার জরিমানা আসে। প্রবাসীদের ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে অনেক সময় হাতে লিখে বাড়িয়ে দেওয়া হয় পাসপোর্টের মেয়াদ। অন্যদিকে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে খরচ হয় অতিরিক্ত অর্থ, শ্রম ও সময়। আকামা নবায়নে পাসপোর্টের দীর্ঘ সূত্রতার ফলে সৃষ্ট ভোগান্তি ও জরিমানা থেকে পরিত্রাণ পেতে আগের মতো এক মাস থেকে দেড় মাসের পাসপোর্ট পেতে চান এবং পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা দাবি জানান কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী বলেন, পাসপোর্ট মালিকের কাছে থাকায় পাসপোর্টের মেয়াদ শেষ কবে জানা ছিল না। মালিক আকাম লাগাতে পারেনি, আমাকে বলল তাড়াতাড়ি পাসপোর্ট নবায়ন করে নিয়ে আসতে। পাসপোর্ট নবায়ন করতে দিলে নতুন পাসপোর্ট পাওয়ার সময় দিয়েছে আড়াই মাস। জরুরি প্রয়োজন বলায় পুরাতন পাসপোর্টে হাতে লিখে মেয়াদ বাড়িয়ে দিয়েছে দূতাবাস। সেটা সত্যায়িত করতে লেগেছে বাড়তি টাকা। কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আশিকুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনা অনুসারে এম আরপি পাসপোর্ট মেয়াদ পাঁচ বছর থাকবে। ই-পাসপোর্টের মেয়াদ ৫ বছর ও ১০ বছর দুইটাই থাকবে। যার যেটা প্রয়োজন করতে পারবে। শিগগিরই ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের ১০ বছরের আশা পূরণ হবে।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) ফ্রান্সের (প্যারিস) একটি অভিজাত মিলনায়তনে বাক পর্বে ১৪ জন, অনার্স পর্বে চার জন এবং মাস্টার্স পর্বে আট জন উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চমবারের মত বিসিএফ'র এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফিলিপ বেনোয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত জাহান, ডা. উত্তম বড়ুয়া, অ্যাডভোকেট সাবিনা মিয়া, অ্যাডভোকেট ইমরান চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুব আলম ও ড. শামীম আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক ইমরান মাহমুদ এবং ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে বিসিএফ'র পক্ষ থেকে ফ্রান্সে বিপুল সংখ্যক বাংলাদেশিকে কাজের ব্যবস্থা করার জন্য বিসিএফ এক্সিকিউটিভ মেম্বার ইমরান হোসেন এবং তার নেটওয়ার্ককে পুরস্কৃত করা হয়। এই নেটওয়ার্কে প্রায় ১০০ ব্যক্তি রয়েছে যারা বিপুলসংখ্যক চাকরির ব্যবস্থা করেছে।অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি পরিবার ও কমিউনিটির নানাস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই বর্ণাঢ্য আয়োজনটি ২০১৭ থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) করে আসছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়াতে নির্মাণাধীন একটি ভবনে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার জালান আমপাংয়ের নির্মাণধীন অক্সলে টাওয়ারের ৫১তম তলায় গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজন চাপা পড়ে আছেন।একটি বিবৃতিতে তিনি আরও বলেন,ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে কংক্রিট কাটতে হয়। সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স ৩৫ বছর। সূত্র : দ্য মালয়েশিয়ান রিজার্ভ।  

post
এনআরবি বিশ্ব

'প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি'

নিউইয়র্কে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেছেন, প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় প্রবাসীদের খোঁজ-খবর নেন এবং যে কোন সমস্যার কথা জানামাত্র তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। আর এভাবেই শেখ হাসিনার সরকারকে ‘প্রবাস-বান্ধব’ হিসেবে অভিহিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সম্প্রতি ৭ বৃটিশ-বাংলাদেশি বিনিয়োগকারিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানার পরই আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি। তারা যদি অন্যায়ভাবে হেনস্তা হয়ে থাকেন তাহলে দায়ী ব্যক্তিরা অবশ্যই বিচারের আওতায় আসবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ খুবই সুখ আর আনন্দের দিন। এমন দিনে আমি আপনাদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আমরা বাঙালিরা খুব ভাগ্যবান। বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। তাঁর নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভাগ্যবান এজন্য, আজ (২৮ সেপ্টেম্বর) আমাদের নেত্রী শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনা হচ্ছেন কল্যাণের প্রতীক। এবং উনি (শেখ হাসিনা) আছেন বলেই আমাদের দেশের মানুষের মান-ইজ্জত অনেক উঁচুতে উঠেছে। আমরা প্রার্থনা করবো তিনি যাতে দীর্ঘজীবি হোন, এবং দেশকে যেভাবে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন, তার অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনার স্বপ্ন, ইনশাআল্লাহ পূরণ হবে। ড. মোমেন বলেন, শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের এই নিরবিচ্ছিন্ন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই উন্নত দেশের কাতারে উঠবে বাংলাদেশ। এজন্যে প্রবাসীদেরকে আন্তরিক সহায়তার দিগন্ত অবারিত রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের এই অভিযাত্রা থামিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। সে ব্যাপারে দেশপ্রেমিব প্রতিটি প্রবাসীকে চোখ-কান খোলা রাখতে হবে। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ‘জালালাবাদ এসোসিয়েশন’র উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট বদরুল খান। সঞ্চালনা করেন সেক্রেটারি মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী সিলেট অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের আলোকপাতের পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। মতবিনিময়ে অংশগ্রহণকারী বিশিষ্টজনদের মধ্যে ছিলেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জুনেদ এ খান, কাজী কয়েস, শেখ জামাল, দেওয়ান বজলু, হাসান আলী, আব্দুর রহিম বাদশা, জামিল আনসারি, রেজাউল আলম অপু, ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ সভাপতি গৌছ খান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী এবং সমাপনীতে দোয়া অনুষ্ঠিত হয় ইমাম কাজী কায়্যুমের নেতৃত্বে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.