শিকলে বাঁধা অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি অপহৃত মালয়েশিয়াপ্রবাসী সোহেল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই শিকলে হাত-পা বাঁধা অপহৃত আরেক বাংলাদেশিকে উদ্ধার করলো দেশটির পুলিশ। একের পর এক অপহরণের ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
১৪ অক্টোবর কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার সেরি কামবাগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা। এরপর থানায় অভিযোগ দায়েরের পর বাংলাদেশিকে উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।
এ ঘটনায় গত ১০ অক্টোবর অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি ও স্থানীয় তিন নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে উদ্ধার করে।
পুলিশের ধারণা, গত ৭ অক্টোবর ওই পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এছাড়া অপহরণের সময় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে। অপহরণকারী দুই বাংলাদেশিকে ২৪ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং স্থানীয় তিন নাগরিককে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অপহরণের জন্য দণ্ডবিধির ৩৬২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এসিপি বেহ এং লাই।
