post
আন্তর্জাতিক

ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা।এ ব্যাপারে মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’ তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি। ডাক্তাররা দাবি করেছিলেন মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচারকরতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয়। দাবি না মানায় তারা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

post
লাইফ স্টাইল

পরোক্ষ ধূমপানে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুরা

তামাক প্রাণঘাতি দ্রব্য। তামাকের প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় প্রভাবেই প্রাণহানির শঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে,প্রতি বছর পৃথিবী জুড়ে ৮০ লাখ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র তামাক গ্রহণের কারণে। এর মধ্যে ১২ লাখ মানুষই পরোক্ষ ধূমপানের শিকার। যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে প্রকাশিত নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীর এক প্রবন্ধে উঠে এসেছে পরোক্ষ ধূমপানে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। পরোক্ষ ধূমপানের হাত থেকে শিশু রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবি জানিয়েছে নারী মৈত্রীর নারী নেত্রীরা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে “২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠ” করণ শির্ষক প্রশিক্ষণের শেষে এ দাবি জানান তারা। ২০ জন নেত্রীর সমন্বয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বয়ে প্রশিক্ষণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুস সালাম মিয়া, প্রোগ্রামস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ। প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে নারী নেত্রীদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী মৈত্রীর প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাসরিন আকতার। তিনি জানান, তামাক ব্যবহারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে। বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন লাখো মানুষ। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক অন টোব্যাকো কন্ট্রোল-এফসিটিসি’তে স্বাক্ষরকারী প্রথম দেশ। তামাকের মহামারী সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধুমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোত্তম মান অর্জন করতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত প্রস্তাবিত সংশোধনীটি পাশ হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়ন এবং বৈশ্বিক সর্বোৎকৃষ্ট অনুশীলনের আলোকে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনটি বৈশ্বিক মানদন্ডে উপনীত হবে।বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে এফসিটিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত খসড়ায় যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- অধূমপায়ীদের সুরক্ষার জন্য সব পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা,তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা,তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা,ই-সিগারেট বা ইমার্জিং হিটেড টোব্যাকো প্রোডাক্ট আমদানি,উৎপাদন,ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা,তামাক পণ্যের সব প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা ও সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।শিশুর পাশাপাশি নারী স্বাস্থ্যের জন্যও তামাক অত্যন্ত ক্ষতিকর। শাহীন আকতার ডলি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। যেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।আর তামাকের কারণে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন ৪৪২ জন মানুষ। এই অকাল মৃত্যু রোধ করতে এবং পরোক্ষ ধূমপানের হাত থেকে নারী-শিশুর স্বাস্থ্য রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করা অত্যন্ত জরুরী। পরোক্ষ ধূমপানের কারণে নারীর প্রজনন ক্ষমতা হ্রাস,গর্ভপাত এবং সন্তান জন্মদানে মা ও শিশু উভয়ই মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের জন্য আমাদের সবার দাবির কণ্ঠস্বর বলিষ্ঠ হতে হবে। আবদুস সালাম মিয়া বলেন,"শিশুরা অনুকরণপ্রিয়। বিশেষ করে জন্ম থেকেই সংস্পর্শে আসা মানুষগুলোর ভাষা থেকে শুরু করে আচার-ব্যবহারই তারা অনুকরণ করে। শিশুরা যা দেখে তাই শিখে বড় হয়। তাই বাবা,বড় ভাই, চাচা, মামা কিংবা অন্য কেউ ধূমপান করলে সেই শিশুটিও ধূমপানে আকৃষ্ট হয়। তাই এখনি সময় সচেতন হওয়ার।"এছাড়াও ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের তাগিদ জানান নারী নেত্রীরা। পাশাপাশি তামাকবিরোধী সকল কাজে নারী মৈত্রীর পাশে সর্বদা থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

post
প্রযুক্তি

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসে। এবার নতুন এক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেখানে গ্রুপের মাঝে কল লিংক তৈরি করা যাবে। শুধুমাত্র গ্রুপ চ্যাটেই কল লিংক শেয়ারিং ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে। ওয়েবেটাইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, গ্রুপে ছবি কিংবা ডকুমেন্ট অ্যাটাচ করার অপশনগুলোর সঙ্গেই একটি কল লিংক তৈরি করার অপশন পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।হোয়াটসঅ্যাপ কল লিঙ্কের সুবিধা - ১. এই ফিচার এসে গেলে গ্রুপ মেম্বারদের খুবই সুবিধা হবে। কারণ স্বয়ংক্রিয় ভাবে গ্রুপে আসা কল সব গ্রুপ মেম্বারদের ফোনে বাজবে না। ফলে নিজেদের সুবিধামতো সময়ে কলে জয়েন করা যাবে। ২. একবার লিংক শেয়ার করলে ব্যবহারকারীরা শিগগিরই তা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন। অন্য মেম্বাররা জয়েন করার জন্য ট্যাপ করতে পারবেন। এর জন্য আর গ্রুপ-ওয়াইড রিং নোটিফিকেশনের প্রয়োজন হবে না। ৩. নতুন আপডেটের কারণে এই ফিচার আরও উন্নত হয়। যার ফলে ব্যবহারকারীরা গ্রুপ কনভার্সেশনের মধ্যে সরাসরি লিঙ্ক তৈরি এবং শেয়ার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা দারুণ সুবিধা পাবে।

post
বাংলাদেশ

ইউজিসির একাধিক পদে রদবদল

শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বিভিন্ন বিভাগে রদবদল এনেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চলতি সপ্তাহে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজ যোগদান করার পর আজ এসব পদে রদবদল আনা হলো। জেনারেল সার্ভিসের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা উপ পরিচালক ছিলেন। তার সময় নর্থ সাউথের আর্থিক দুর্নীতি, ট্রাস্টি বোর্ডে গাড়ি বিলাস, জঙ্গি তৈরি কারখানা উদ্ধারের মতো তদন্ত করেছিলেন তিনি। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যেতে তার ভূমিকা ছিল মুখ্য। অননুমোদিত ক্যাম্পাস বন্ধ, ভিসি নিয়োগের স্বচ্ছতা আনা হয় তার সময়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বাণিজ্য ব্যবসা বন্ধ করতে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়। এরপর ইউজিসির একজন পরিচালক শীর্ষ পদে আসীন হওয়ার পর তাকে ওই দপ্তর থেকে সরিয়ে খুবই কম গুরুত্বপূর্ণ শাখা জেনারেল সার্ভিস শাখায় পাঠানো হয়। সর্বশেষ তিনি পরিচালক পদে পদোন্নতি বোর্ডে সব যোগ্যতা পূরণ করার পরও ওই কর্মকর্তার ইন্ধনে তাকে পদোন্নতি দেওয়া হয়নি।পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত পরিচালক ফজুলুর রহমানকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ (এসপিকিউএ) বিভাগে পাঠানো হয়েছে। এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক কবিরুল ইসলামকে রিসার্স সাপোর্ট বিভাগ, প্রশাসন শাখা যুগ্ম সচিব শিবানন্দ শীলকে জেনারেল সার্ভিস, জেনারেল সার্ভিসের উপ-পরিচালক সুলতান মাহমুদ, রিসার্স ও সাপোর্ট বিভাগের উপ-পরিচালক গোলাম মোস্তফাকে পাবলিক বিশ্ববিদ্যালয় শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ইউসুফ আলী খানকে এসপিকিউএ, রিসার্স সাপোর্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জামাল উদ্দীনকে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামকে জেনারেল সার্ভিস, জেনারেল সার্ভিস বিভাগের হারুন মিয়াকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, রিসার্স বিভাগের সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বদলি করা হয়েছে।বিগত সরকারে আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যানসহ পাঁচজন সদস্য পদত্যাগ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম এ ফায়েজকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। আজ আরও দুইজনকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

post
বাংলাদেশ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।আর যেন আমাদের কোন স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ৩৩ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে ১৩ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তারা দেশে পৌঁছান।শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন। এসময় তাদের স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ক্ষমা মঞ্জুর করা ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দল শনিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল

post
আন্তর্জাতিক

তুর্কমেনিস্তানের রহস্যময় জ্বলন্ত ‘নরকের দরজা’

মূলত তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে যা নরকের দরজা নামে পরিচিত। অর্ধ শতাব্দী ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়।দেশটির রাজধানী আশগাবাত থেকে ২৬০ কিলোমিটার দূরে আছে দারভাজা গ্রাম। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত দারভাজা এলাকায় ১৯৭১ সালে রাশিয়ার অনুসন্ধানকারীরা আবিষ্কার করেছিলেন একটি খনি।তৎকালীন সোভিয়েন ইউনিয়ন প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দারওয়াজা এলাকায় অনুসন্ধানের সময় ক্ষেত্রটি আবিষ্কার করে। প্রথমে তারা মনে করেছিল এটি একটি তেল ক্ষেত্র তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করবে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখে। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগসহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস বের হওয়ার মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি ১৯৭১ সাল থেকে অনবরত জ্বলছে। এই নরকের দরজা নিয়ে অনেক রকম রহস্য ও মিথ রয়েছে। স্থানীয় লোকেরা একে অনেকেই দৈবশক্তির প্রকাশ বলেও মনে করেন। আসলে এটি একটি এমন সিদ্ধান্ত যা ভুল না ঠিক তা আজ পর্যন্ত নির্ধারণ হয়নি।

post
বাংলাদেশ

উত্তরায় ‘হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও

আলোচিত পুলিশ কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হারুন অর রশীদ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।ডিএমপির এই কর্মকর্তা ৩টি হত্যা মামলার আসামি।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডিবি হারুন’ (সাবেক ডিবি প্রধান) এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয়।রাত ১০ টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এ বিষয়ে জানতে চাইলে রাত ১২টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে।এর আগে গত ৬ আগস্টও হারুণ অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।সবশেষ ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। অভিযানে লেকসিটির 'বর্ণালী' ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়

post
বাংলাদেশ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে টানাহেঁচড়ায় জ্ঞান হারালেন অধ্যক্ষ

নওগাঁ হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম অবরুদ্ধ অবস্থায় বুধবার (২৮ আগষ্ট) বিকেলে নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর ওই অধ্যক্ষকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) নেওয়া হয়।শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন।আজ সকাল ১০টার অধ্যক্ষ নুরুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীরা তাঁকে তাঁর কক্ষে অবরুদ্ধে করে রাখেন। অবরুদ্ধ অবস্থায় বিকেল ৩টার দিকে অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান।পরে তাঁকে ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

post
বাংলাদেশ

৩ মাসে বেকার বেড়েছে আরও দেড় লাখ

দেশে বেকার জনগোষ্ঠী বেড়েছে। ৩ মাসের হিসাব ধরে ১ বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ১ লাখ ৪০ হাজার। এর বিপরীতে কাজে নিয়োজিত লোকের সংখ্যা কমেছে ১০ লাখ ৭০ হাজার। পাশাপাশি কাজে সক্ষম, এমন লোক কমেছে ৯ লাখ ৩০ হাজার। সবচেয়ে বেশি যুব কর্মসংস্থান কমেছে ১৭ লাখ ৮০ হাজার। এই সময়ে পুরুষের বেকারত্ব বেড়েছে ১ লাখ ৮০ হাজার। কিন্তু নারীর বেকারত্ব কমেছে ৬০ হাজার। সব মিলে সার্বিক বেকারত্বের হার আগের ৩ দশমিক ৪১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। আগের বছরের একই সময়ের তুলনা করে সারা দেশে দৈব চয়নের ভিত্তিতে ১ হাজার ২৮৪ নমুনা এলাকার ১ লাখ ২৩ হাজার ২৬৪টি খানা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে মোট শ্রমশক্তির পরিমাণ ছিল ৭ কোটি ৭ লাখ ১০ হাজার। ২০২৩-২৪ অর্থবছরের এই সময় তা কমে ৬ কোটি ৯৬ লাখ ৪০ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে কর্মসংস্থান কমেছে ১০ লাখ ৭০ হাজার।আবার কর্মসংস্থানে নিয়োজিত লোকের সংখ্যা কমায় বেড়েছে বেকারত্ব। গত বছর জুনে বেকার মানুষ ছিল ২৫ লাখ। চলতি বছর একই সময়ে ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজারে উন্নীত হয়েছে। ফলে বছরের জুন শেষে দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৫ শতাংশ হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.