post
সংবাদ

বন্ধ করে দেয়া হলো আস্ট্রাজেনিকা ভ্যাকসিন

প্রায় তিন বিলিয়ন ডোজ দেয়ার পর বন্ধ করে দেয়া হলো অক্সফোর্ডের আস্ট্রাজেনিকা কভিড ভ্যাকসিন। সেবা তুলে নেয়ার পর আস্ট্রাজেনিকা জানিয়েছে, তারা কভিডকালীন সময়ে মানুষের সেবা করতে পারায় গর্বিত। তবে কভিড টিকা সেবাকে বাণিজ্যিকভাবে পরিচালনা করতে চায় উল্লেখ করে বলা হয়েছে, সেজন্য কভিড টিকা আপাতত তুলে নেয়া হয়েছে। এছাড়া কভিডের ধরণ বদলেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে, ভ্যাকসিনের নতুন ভার্সন নিয়ে আসবে তারা। কভিডকালীন সময়ে আস্ট্রাজেনিকা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

post
সংবাদ

সিলেট সিটি সার্কেল ইউকের পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট সিটি সার্কেল ইউকের উদ্যোগে, ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এর আ্য়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়াদ শাহিন। দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন ও সমাজসেবি আ স ম মিসবাহ সাদাত। সিটি সার্কেলের পক্ষে বক্তব্য রাখেন জুবেদুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী করিম তারেক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিক খান, আলী চৌধুরী, আলাউদ্দিন ও দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

post
সংবাদ

বাংলাদেশ-জিসিসি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি’র মধ্যে অংশীদারিত্ব সংলাপ আয়োজনের উদ্দেশ্যে, প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের জিসিসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জিসিসি প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন, সহকারী মহাসচিব ড. আব্দুল আজিজ আল উয়াইশেগ। এছাড়াও বৈঠকে জিসিসি সদস্য রাষ্ট্রগুলো থেকে আগত জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে দু’পক্ষের মধ্যে আগামী পাঁচ বছরের রাজনৈতিক-নিরাপত্তা, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও আলোচনায় ফিলিস্তিন পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, লোহিত সাগরে পরিবহণ নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলা এবং সাইবার নিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়। ২০২২ সালের নভেম্বরে জিসিসি’র সাথে বাংলাদেশের নিয়মিত অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠানের বিষয়ে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

post
সংবাদ

জেদ্দার উদ্দেশে ছাড়লো হজের প্রথম ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে, চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট, ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। মুসল্লিদের ভোগান্তি কমাতে, বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে, আশকোনার হজ ক্যাম্পে। আর সৌদি অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই উদ্যোগ নিয়েছে, রোড টু মক্কা ইনিশিয়েটিভ। এবার হজ পালনে নিবন্ধন করেছেন, ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন, চার হাজার ৪১৬ জন। বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। যদিও এখনেও প্রায় অর্ধেক মুসল্লির ভিসা হয়নি।

post
সংবাদ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়াদের খতিয়ে দেখা হচ্ছে

দেশে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত। এর চিকিৎসায় যেনো সরঞ্জাম সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সে বিষয়ে নির্দেশনা দেয়ার কথা জানান ডা.সামন্ত লাল সেন।

post
সংবাদ

দেশে হজ কার্যক্রমের উদ্বোধন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ ই জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হবে মক্কা-মদিনা। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছে ৮৫ হাজার ২৫৭ জন মুহতারাম। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১৭ টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে ৪৫ হাজার ৫২৫ জন হজযাত্রী। এরমধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকি হজযাত্রীদের। বুধবার সকালে আশকোনা হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তৃতার শুরুতেই প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। এসময়ে দেশটির অধিকার বুঝিয়ে দিতে, মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান তিনি। এছাড়াও ইসলামের নামে মুষ্ঠিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করে তাদের প্রতিরোধ করার কথাও বলেন সরকার প্রধান। 

post
সংবাদ

মালয়েশিয়ায় গাছ পড়ে নিহত-১

মালয়েশিয়ায় চলন্ত গাড়ীর ওপর পড়ে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় ১৭টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। নিহত ব্যাক্তি বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিতো হওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হলে, রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে,দুর্ঘটনার একটি জরুরি কল পাওয়ার সাথে সাথে, তারা ২৭ জনের একটি দল ঘটনাস্থলে রওনা দেন। এ ঘটনায় আহত ২ ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

post
সংবাদ

প্রবাসী প্রতিমন্ত্রীর সাথে ছাত্রলীগের মতবিনিময়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে, যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীরা। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল বাছির। বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী, মনির হোসেন, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, আনছারুল হক, রবিন পাল ও কাউন্সিলর ইকবাল আহমদসহ অনেকে। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত নেতৃত্বে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ।

post
সংবাদ

ইউকেবিসিআই বিজনেস নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-ইউকেবিসিআই এর উদ্যোগে,বিজনেস নেটওয়ার্কিং ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটফোর্ডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে,বৃটিশ-বাংলাদেশী সংগঠনটির ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন। ইউ কে বিসিসিআই’র ডিরেক্টর ও ইস্ট রিজিয়নের প্রধান সিদ্দিকুর রহমান জয়নালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। আলোচনা করেন মিডল্যান্ড রিজিয়ন প্রধান ইমাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই,সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া,ডিরেক্টর সাইফুল আলম, শিক্ষাবিদ ড. নাজিয়া হোসেন এমবিই ও কাউন্সলার রিতা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে এম জি মৌলা মিয়া সম্প্রতি বৃটিশ রাজার কাছ থেকে এমবিই উপাধি পাওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

post
সংবাদ

১০ মে ঢাকায় বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সোমবার (৬ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ মে ঢাকায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে। এছাড়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ মে) দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.