post
সংবাদ

কোনো দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয়

পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময়ে তিনি বলেন, আমরাও পারফেক্ট এমন দাবি করি না। তবে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে। গণতন্ত্রকে ম্যাচুউরড করতে আপ্রাণ চেষ্টা চলছে। সোমবার (৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। দলটি ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে। ১৫ ফেব্রুয়ারি মাগুরা মার্কা প্রহসনের নির্বাচন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার, হ্যাঁ/না ভোটে ১১৪ শতাংশ ভোটার উপস্থিতি- এসবই বিএনপির সৃষ্টি। তিনি আরও বলেন, গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীন থেকে মুক্ত করে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন তিনি। ৮২টি সংশোধনী এনেছেন। আর বিএনপি কী করেছে?

post
সংবাদ

ডেঙ্গুতে মাকে হারিয়েছি:স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি। তাই এটা নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব যাতে আর কারও মা এতে মারা না যায়। মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারও হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলো খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করানো যায়। আর যাদের কম প্রয়োজন তাদেরও যেন হাসপাতালে ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়।

post
সংবাদ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বিসিএ’র সভা

যুক্তরাজ্যে,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ। বিসিএর লণ্ডনের হ্যারো রোডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিসিএ প্রেসিডেন্ট ওলী খান এমবিই‘র সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সংগঠনটির মেম্বারশীপ সেক্রেটারি ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট শামসুল ইসলাম শাহীন ও সেলু মিয়া। বক্তব্য রাখেন, বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনীম ওবিই, কামাল ইয়াকুব, ওর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসান ও আব্দুল করিম নাজিম, ডেপুটি সেক্রেটারি নাসির উদ্দিন, এনইসি মেম্বার এম কে জামান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী সহ অন্যান্যরা। এসময় শফিকুর রহমান চৌধুরীর কাছে সংগঠনটির বিভিন্ন দাবী এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়।

post
সংবাদ

কাতারে ঢাকার কাচ্চি ভাই উদ্বোধন

কাতারে ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির সমাহার নিয়ে, দোহা-মাতার কাদিম এলাকায় চালু হয়েছে,বাংলাদেশি মালিকানাধীন সানি-বিডি ′কাচ্চি ভাই′ রেস্টুরেন্ট। শুক্রবার কাচ্চি ভাই রেস্টুরেন্ট উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন, রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুল ও রিয়াজ কবির চৌধুরী সোহেল। আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম এ সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন,কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মো: মাহাদি হাসান,প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো: নাসির উদ্দীন, প্রবীণ কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু সহ অনেকে। তারা জানান এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশীদের কাজের সুযোগ সৃষ্টি হলো। এসময় রেস্টুরেন্টটির পক্ষ থেকে তিন হাজার প্রবাসীর মাঝে, বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

post
সংবাদ

বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, বিমান বাংলাদেশের বিজি ৩৪৪ এর ফ্লাইটে উড়াল দেয়ার কিছুক্ষণ আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী। রোববার দেশটির স্থানীয় সময় রাত পৌনে ১টায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত টু ঢাকার ট্রাভেলস ব্যবসায়ী ইবরাহিম খলিল রিপন জানান,বাংলাদেশি একজন যাত্রী দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পন্ন কোরে বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ পর আকস্মিকভাবে মারা যান। ওই যাত্রীর পরিচয় জানতে চাইলে রিপন জানান,মারা যাওয়া প্রবাসী কুয়েতে আকামাহীন ছিলেন,ফলে দেশটির সাধারণ ক্ষমার সুযোগে, নিজ দেশে যাওয়ার পথে এই মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনের মরদেহ নিয়ে যায়। আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ জানান, প্রায় দুই যুগ আগে নোয়াখালী জেলার সিদ্দিকুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন কুয়েতে পাড়ি জমান। প্রথম দিকে তার বৈধ রেসিডেন্সি থাকলেও, পরবর্তীতে দেলোয়ার আকামাহীন’ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ধারণা দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিতো করেছেন।

post
সংবাদ

৩ দিনে রেমিট্যান্স আসলো প্রায় ১৫ কোটি

চলতি মে মাসের প্রথম ৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে, ৫৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে এসেছে ৭৪৯ কোটি ১২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, মে মাসের প্রথম তিন দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ১২ কোটি ২০ হাজার মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ, এক হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে, দুই কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে, ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

post
সংবাদ

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক

রেলের দুর্নীতি-লুটপাট, অপচয় ও অব্যবস্থাপনা বন্ধ না করে যাত্রীর পকেট লুট করতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তককে অনৈতিক ও গণবিরোধী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান। বাস মালিকদের সুবিধা দিতে রেয়াত সুবিধা প্রত্যাহারের নামে বাসের চেয়ে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তারা বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। মানুষের প্রকৃত আয় কমে গেছে। এরপর গণপরিবহন রেলের টিকিটের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। পণ্যের পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, ফলে নিত্যপণ্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। যার খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে। নেতৃদ্বয় বলেন, ৪ মে থেকে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হঠকারী ও মানুষের ওপর নতুন অত্যাচারের শামিল। এই পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। বড় বড় প্রকল্পের নামে রেলকে আধুনিকায়ন করার কথা বলা হলেও প্রকৃত অর্থে সেই টাকার যথাযথভাবে ব্যবহার না হয়ে লুট হচ্ছে। লুটের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। লুটেরাদের দৌরাত্ম্যের কুফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুকে। অথচ সরকার তাদেরই পোষণ করে চলছে। বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় আরও বলেন, রেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা। এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান লাঘব করতে ব্যর্থ হয়েছে। রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত, কিন্তু যাত্রীসেবার দিকে কোন নজর নেই।

post
সংবাদ

ভোটকেন্দ্রে সহিংসতা হলে প্রার্থীতা বাতিল

ভোটকেন্দ্রে সহিংসতা, অসদাচরন ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থীতা বাতিলের পাশাপাশি নির্বাচন কমিশনের যত ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা আছে তা প্রয়োগ করা হবে- বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একথা বলেন। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

post
সংবাদ

ঢাকা-ভাঙ্গা কমিউটার ট্রেন উদ্বোধন

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শিবচর রেল স্টেশনে ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম এমপি। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত চৌধুরী,রেলপথ মন্ত্রণালয়ের সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি,মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান,জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

যেকোনও প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য থাকবে

গণমাধ্যম যে তথ্য চাইবে। যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকবে- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে আইনটি সংসদে উত্থাপিত হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় সরকার সবসময় সোচ্চার। গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে। এছাড়া অপসাংবাদিকতা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, আইনটি পাস হলে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষিত থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.