যুক্তরাষ্ট্র’র নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান আজিজ
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর, জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে। এছাড়া, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও, বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত, বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন, জেনারেল আজিজ আহমেদ। এর আগে ২০১২ সাল থেকে ৪ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি।
