২০২৪-২৫ অর্থবছরে জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট পেশ শুরু করেন তিনি। বিশাল এই বাজেট পূরণে, রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। এবারের বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করছেন। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট পেশ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এবং দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৬তম বাজেট এটি।
