post
সংবাদ

জাতীয় রফতানি ট্রফি প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রফতানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭ রপ্তানিকারকের মাঝে জাতীয় রফতানি ট্রফি প্রদান করেছেন। তিনি রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ ট্রফি তুলে দেন।রফতানিতে ২০২১-২২ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি লাভ করেছে হামীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। এর আগে জাতীয় রফতানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২ খাতের  রফতানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রফতানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। প্রতিটি খাতের জন্য কৃতি রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। সর্বোচ্চ রফতানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের রপ্তানি বাণিজ্যের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

post
সংবাদ

‘দুর্যোগে প্রবাসীরা দেশের মানুষের পাশে থাকেন’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিপদে-আপদে, দুর্যোগে-দুর্বিপাকে প্রবাসীরা দেশের মানুষের পাশে থাকেন। এবারের বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন রেমিটেন্সযোদ্ধারা। শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে কাতার প্রবাসী আরশ আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহসভাপতি সমছু মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দুস আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর ও উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামসহ অনেকে।

post
সংবাদ

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের এতদিন বাংলা ব্লকেড কর্মসূচি ছিল। এ কর্মসূচিকে অনেকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। আমরা বলতে চাই— সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িকভাবে প্রসবকালীন ব্যথা সহ্য করতে হয়। আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট চলছে। সেটির পাশাপাশি রোববারের কর্মসূচি থাকবে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া ও গণপদযাত্রা। হাসনাত বলেন, এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ ঢাকার আশপাশের যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেবেন। বোরবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হবে। এছাড়া সারাদেশে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন।

post
সংবাদ

ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ শেষ;সচল ইন্টারনেট

১২ ঘণ্টার আগেই শেষ হয়েছে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ রক্ষণাবেক্ষণের কাজ।শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাজ চলার কথা থাকলেও বিকেল ৪টা নাগাদ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপর চালু করে দেওয়া হয়েছে সবগুলো সার্কিট। বর্তমানে সারা দেশে পুরোদমে চলছে এই ক্যাবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ। শনিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ। তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কাজ আরো দুই ঘণ্টা আগেই শেষ হয়েছে। এরপর সবগুলো সার্কিট ওপেন করা হয়েছে। এখন স্বাভাবিক ব্যান্ডউইথ সরবরাহ অব্যাহত রয়েছে। এর আগে, সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ রাখা হয়। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হয়েছে। যদিও এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময় কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সিমিউই-৫ চালু ছিল।

post
সংবাদ

‘আগামী বছর থেকে সবাই আসবেন পেনশন স্কিমে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে। এ স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন ২০২৫ সালের ১ জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের ১ জুলাই থেকে পেনশনে যোগদানের বিষয়ে যে তথ্য ছিল, সেটা সঠিক নয়। তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি। সবার মতো তারাও ২০২৫ সালের ১ জুলাইয়ে পেনশন স্কিমে যোগ দেবেন, বিষয়টি নিশ্চিত করা হয়েছে।শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আকতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূঁইয়ার নেতৃত্বে ১৩ জন শিক্ষক প্রতিনিধি বৈঠকে অংশ নেন। শিক্ষকদের অন্য দাবিগুলো নিয়ে তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান হবে।

post
সংবাদ

দেশের উত্তর ও পুর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

দেশের উত্তর ও পুর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আবারো অবনতি। ফলে দুর্ভোগ রয়েছেন বন্যা কবলিত মানুষ।গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ,সদর,ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের লক্ষাধিক মানুষ ১০ দিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে।এদিকে, বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে দুর্গত এলাকায়। অন্যদিকে, সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে জলাবদ্ধতা দেখা দেয় মহানগরীর বিভিন্ন অংশে। ফলে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এছাড়াও, সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর তীরবর্তী শহরের নবীনগর,ষোলঘর, লঞ্চঘাট,বড়পাড়া,মল্লিকপুর’সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে।

post
সংবাদ

সিলেট সিটি মেয়রের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়

সিলেটে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান।সিলেট সিটি কর্পোরেশনের নগরভবনে এ আয়োজন করা হয়। এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সভাপতি ওলি খান। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের সহ সভাপতি জামাল উদ্দিন, মঈন উদ্দিন, কেন্ট শাখার সভাপতি এম কে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, রাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহনেওয়াজ ও মো শাহজাহান।

post
সংবাদ

‘কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তির পর সরকার পদক্ষেপ নেবে’

কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক। এসময় কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলেও মন্তব্য করেন জনপ্রশাসনমন্ত্রী। এছাড়া সরকারি কর্ম কমিশন-পিএসসি’র সাবেক গাড়িচালক আবেদ আলীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফরহাদ হোসেন।

post
সংবাদ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বেইজিং এ প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এরসাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। এছাড়া এই সফরে ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা হয়। 

post
সংবাদ

‘সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে’

২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বুধবার (১০ জুলাই) প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এই রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.