post
খেলা

ভালোবাসার শহর প্যারিসে অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু

আর মাত্র ১০০ দিন বাকি। এরপরই শুরু হবে ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩ তম আসর। প্রস্তুত ফ্রান্স। প্রস্তুত আয়োজক শহর প্যারিস। শুরু হয়েছে সেই মাহেন্দ্রক্ষণ আসতে কত দেরি, সেই কাউন্টডাউনও। আইফেল টাওয়ার ও সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি। এই নদীর পাড়েই অনুষ্ঠিত হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জুলাই শুরু হয়ে এই আসরের পর্দা নামবে ১১ আগস্ট। অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মত আসরগুলো কেন্দ্রীভূত হয় একটি স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মত মেইন স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হবে এবারের আসর। বাংলাদেশের কোনও অ্যাথলেটের অবশ্য অলিম্পিক পদক নেই। পদক পরের কথা নিজেদের সেরাটাও খেলতে পারেন না বেশির ভাগ অ্যাথলেট। প্যারিসে ভাগ্যটা বদলাবে কি? উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস। এরআগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিলো শহরটি। একশ বছর পর আবারও আয়োজক হয়েছে প্যারিস। এর আগে লন্ডন ২০১২ সালে প্রথমবারের মতো একটি শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজকের তকমা পেয়েছিল।

post
আন্তর্জাতিক

বিশ্বের নজর এখন ইসরায়েলে

ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কীভাবে হামলার জবাব দেবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। এর আগে, শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

post
বাংলাদেশ

ঝালকাঠিতে ৫ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১২ প্রাণ

ঝালকাঠিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে চাপা দেওয়ায়, শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়, আরও বেশ কয়েকজন। দুপুরে, বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায়, এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

post
আন্তর্জাতিক

আমিরাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, আমিরাতের আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছে। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশি গ্রেফতার

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির জানান, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় বৈধ পাস বা পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

post
আন্তর্জাতিক

সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি

আর মাত্র তিন সপ্তাহ পর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হলেও সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি। এমনকি বাড়ি ভাড়া করার জন্য হজ মিশন, এম্বাসি ও ধর্ম মন্ত্রণালয়ের তেমন কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন হজ এজেন্সির অব বাংলাদেশ-হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হজ ব্যবস্থাপনা ২০২৪ সংক্রান্ত এক মতবিনিময় সভায় হাব সভাপতি এসব কথা বলেন। এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, ২৮ হাজার হাজি মুজদালিফায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন। তিনি আরো বলেন, ‘মুজদালিফায় হজের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। যা ওয়াজিব। এটি হাজিদের পালন করতে হয়। অথচ ২৮ হাজার হাজি মুজদালিফায় যেতে পারবেন না। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন।

post
এনআরবি চাকুরী

কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে গ্রিস

গ্রিস তাদের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ, সেখানে যেসব বাংলাদেশি কাজ করছেন, তাঁরা পরিশ্রমী ও আইন মেনে চলেন বলে তাঁরা এ আগ্রহ দেখিয়েছেন। মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস এ আশ্বাস দিয়েছেন। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।

post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

বেলজিয়ামে বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সংগঠন বন্ধুসভা। এতে কমিউনিটির ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্ধুসভার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ বরন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, বিভিন্ন স্টলে বাংলাদেশী ফুড ফেস্টিভ্যাল। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও বড়দের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজন। প্রবাসীরা বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও সংস্কৃতির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন। বাংলা বর্ষবরণের উৎসব হয়ে ওঠে ইউরোপের বুকে যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।

post
বাংলাদেশ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত

গাজীপুরে একটি ব্যাটারি কারখানায় বিস্ফোরণে পু সুকি (৫২) নামের এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। ১৬ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮টার দিকে কাশিমপুরের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং সাকিনস্থ মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন চায়না নাগরিক ও ছয় বাংলাদেশি শ্রমিক মারাত্মক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে চায়না নাগরিকের মৃত্যু হয়। তিনি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরও বলেন, আহত ছয়জন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। তার নাম অমল ঘোষ (৩২)। বাকি পাঁচজন বাংলাদেশি নাগরিক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শামসুর রহমান বলেন, ব্যাটারি তৈরির কারখানাটি ঈদের ছুটির কারণে বন্ধ ছিল। আজ বন্ধ কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ব্যাটারি তৈরির কারখানার বয়লার মেশিনটি চালু হচ্ছিল না। পরে চীনা নাগরিক চালু করার জন্য বয়লারের কাছে গেলে বিকট শব্দ বয়লারটি বিস্ফোরণ হয়।

post
বাংলাদেশ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই দিন থেকে সংসদ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ মে বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.