বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। দেশটিতে সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী নেতৃত্বে ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধি দল বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
সোমবার সকালে গণভবনে সাক্ষাতকালে শ্রমিক নেয়ার বিষয়টি জানায় প্রতিনিধি দলটি। স্কটিশ সংসদ সদস্যরা বলেন,ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেখায় তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
