অনুষ্ঠান

রমজানকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে আলোচনা, মসজিদে মসজিদে প্রস্তুতি

post-img

রমজান অত্যন্ত বরকতময় মাস। এটাকে সুযোগ হিসেবে নিয়ে কাজে লাগাতে হবে। শুধু ইবাদত-বন্দেগী নয়, বাড়িয়ে দিতে হবে দান-সদকা। অসহায় প্রতিবেশীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

পবিত্র মাহে রমজান স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র ইসলামি দাওয়াহ টেলিভিশন আইটিভি এবং আর্তমানবতার সেবায় কাজ করা খলিল ফুড ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েলকাম রামাদান শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইমাম মঈনুল ইসলাম, ইমাম ওবায়দুল হক, হাফেজ এবাদ চৌধুরী এবং হাফেজ জাকির আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন আইটিভির সিইও মুহাম্মদ শহীদুল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে আয়োজিত এই কর্মসূচিতে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, ডা. আব্দুস সবুরসহ আরও অনেকে।

মসজিদে মসজিদে রমজানের প্রস্তুতি

এদিকে মুসলমানদের বহুল আকাঙ্ক্ষিত পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগের দিন নিউইয়র্কের মসজিদে মসজিদে চলছে মাহে রমজানের প্রস্তুতি। এরই মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর এসেছে। যার সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রেও শুরু হচ্ছে পবিত্র রমজান মান।

শুক্রবার জুম্মার নামাজের খুতবার পুরোটা অংশজুড়েই ইমাম ও খতিবরা রমজানের ইবাদত-বন্দেগী নিয়ে আলোচনা করেছেন। নিউইয়র্কের মুসলিম কমিউনিটির অন্যতম বড় মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসিতে জুমার খুতবা দিয়েছেন ইমাম শামসি আলী।

তিনি বলেন, আবারও বছর ঘুরে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র রমজান। এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ইবাদত বন্দেগীতে বেশি সময় ব্যয় করতে হবে। আমরা যেন রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, সেই কামনা করছি।

রমজানে নিরাপত্তার জন্য পুলিশের প্রতিশ্রুতি

এছাড়াও রমজান মাসে ৪৩ প্রিসেন্ট এলাকায় বসবাসরত মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারেন, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশের ৪৩ প্রিসেন্টর কর্মকর্তারা।

গত ৩০ মার্চ স্থানীয় ইমাম ও কমুউনিটি নেতাদের সাথে মতবিনিময়কালে পুলিশ কর্তকর্তারা জানান, রমজানে মুসলিম অধ্যুষিত এলাকা বিশেষ করে মসজিদ এলাকায় বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করা হবে।

স্ট্রিট পার্কিংয়ের ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে নমনীয়তা দেখানো হবে বলে জানান তারা। জুমা বা ঈদের নামাজের জামাত রাস্তায় আদায় করতে সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার ব্যাপারেও সাহায্য করা হবে এই আলোচনায় জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন- ৪৩ প্রিসেন্টের পুলিশ কমান্ডার কিয়ান রামসি, কমুউনিটি এ্যাফেয়ার্স লুইস ম্যান্ডেজ, মূল ধারার রাজনীতিবিদ ও আইনজীবি এন মজুমদার, পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের ইমাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা মঈন উদ্দিন, বিবিএর সভাপতি এ ইসলাম মামুন, খলিলুর রহমান, এমডি আলাউদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.