post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে ক্যান্সারের হার আশংকাজনক বাড়ছে

ব্রিটেনে সূর্যবাহিত মেলানোমা স্কীন ক্যান্সারের হার আশংকাজনক বাড়ছে বলে জানিয়েছে চ্যারিটি সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে। চলতি বছর প্রায় ২১ হাজার মেলানোমা স্কীনক্যান্সার রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এ সংস্থা। গত ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত এর সংখ্যা ছিলো ১৯ হাজার। বিশেষ করে বয়স্কদের শরীরে এই ক্যান্সার বেশি বাসা বাঁধছে বলেও সতর্ক করা হয়েছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্য থেকে প্রতি বছর প্রায় ১৭ হাজার রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে উল্লেখ করেছে ক্যান্সার রিসার্চ ইউকে। তারা বলেছে, দশ জনের মধ্যে একজন রোগীকে সুস্থ করতে হলে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে নিতে হয়। সবচেয়ে আশংকার বিষয় হলো,ম্যালানোমা ক্যান্সার ছোঁয়াচে। একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবাহিত হতে পারে। অন্যদিকে প্রতিষ্ঠানটি বলেছে, বিভিন্ন বয়সী মানুষের মধ্যে নন মেলানোমা স্কীন ক্যান্সারও আশংকাজনক হারে বাড়ছে। যা এখনো নিরাময়যোগ্য বলেও উল্লেখ করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

পাপুয়া নিউগিনিতে নিহতের সংখ্যা ৩০০

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ব্যাপক এই ভূমিধসে ১১'শ এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এঙ্গা প্রদেশ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬'শ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত।

post
এনআরবি বিশ্ব

রাইসির মৃত্যুর ঘটনায় হামলার প্রমাণ পাওয়া যায়নি

ইরানের সামরিক বাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় কোনো নাশকতা বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। গত রোববার ইরানের উত্তরাঞ্চলে আজারবাইজানের সীমান্তের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে রাইসিকে বহনকারী হেলিকপ্টার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়, তাতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও ক্রুসহ আরও ছয় আরোহী ছিলেন। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রকাশ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ গুলি বা এ ধরনের কিছুর কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি, এটি উঁচু পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরণে আগুন ধরে যায়। কন্ট্রোল টাওয়ার ও ফ্লাইট ক্রুদের কথোপকথনেও সন্দেহ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি। তদন্ত এগিয়ে যাওয়ার পর আরও বিস্তারিত প্রকাশ করা হবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ফের ৩ জাহাজে হামলা চালালো হুতিরা

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরের তিনটি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্যসাগরের এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরাইলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনও হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এই মাসের শুরুর দিকে ইয়েমেনে হুতিদের নেতা আবদুল মালিক আল-হুতি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলি বন্দরে আসা সব জাহাজে আক্রমণ করবে হুতিরা। গেল বছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইসরাইলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী।

post
এনআরবি বিশ্ব

নীরব আগ্রাসনের প্রতিবাদে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে প্রবাসীরা

আধিপত্য বিস্তার ও নীরব আগ্রাসনের প্রতিবাদে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে প্রবাসীরা। মঙ্গলবার বার্লিনে এই বিক্ষোভে অংশ নেন প্রবাসীরা। দেশটির রাজধানী বার্লিনের ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জার্মান হিউম্যান রাইটস ডিফেন্ডার ও গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স ফর হিউম্যান রাইটস নামে প্রবাসী বাংলাদেশিদের দুটো সংগঠন। এসময় সংগঠন দুটোর শীর্ষ নেতা জিবিএইচআর এর আহবায়ক সামশুল আলম লিটন, মানবাধিকারকর্মী কাজী রেজাউল হক সাঈদ, সমাজকর্মী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার এর সদস্য আরিফ আহমেদ, প্রবাসী অধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. কবির হোসেন,সমাজ ও মানবাধিকারকর্মী আহমেদ নিজাম, প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য সভাপতি জামান সিদ্দিকী, প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত

চীনে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুর’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীনে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ট্যুরটি শাংতং প্রদেশের ছিংতাও শহরে আয়োজন করা হয়। শহরটিতে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য, বাহারি খাবার এবং সুন্দর সংস্কৃতি। বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এ ভ্রমণের আয়োজন করে সিপিসি ছিংতাও ওয়েস্ট কোস্ট নিউ এরিয়া ওয়ার্কিং কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহযোগিতা করে চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি। সফরের উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ছিংতাও শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেয়া।

post
এনআরবি বিশ্ব

পাপুয়া নিউগিনিতে ভূমিধস, মাটির স্তূপে ‘জীবন্ত কবর’ শতাধিকের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে বড় আকারে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দেশটির কাওকালাম গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। ভূমিধসে অন্তত ৫০টি বাড়ি ধ্বংস হয়েছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি। ফলে, এই ৫০টি বাড়িতে বসবাসকারী লোকজনদের মধ্যে অল্প কয়েকজন বাদে বাকি সবার মৃত্যু হয়েছে জীবন্ত অবস্থায় মাটিচাপা পড়ে। কাওকালাম গ্রামটির পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে, রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে।

post
এনআরবি বিশ্ব

রাখাইনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ করেছেন সেখানকার মানবাধিকার কর্মীরা। এর মাঝেই বৃহস্পতিবার জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক তদন্তকারীরা সংঘাতে বিপর্যস্ত রাখাইনের ক্রমবর্ধমান লড়াইয়ের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি আইআইএমএম এক বিবৃতিতে বলেছে, ‘‘রাখাইনে ঘটে যাওয়া সব ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ এবং সেখানে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কি না তা মূল্যায়ন করছে তারা।’’ ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সাথে জান্তা বাহিনীর সংঘাত বৃদ্ধি পায়। আরাকান আর্মি বলেছে, তারা রাখাইনের জাতিগত রাখাইন জনগোষ্ঠীর অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। রাখাইনে বর্তমানে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের প্রায় ৬ লাখ সদস্য রয়েছেন। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এই ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা আদালতে মামলা চলছে। আইআইএমএম বলেছে, ‘‘আমরা বুথিডং শহরে সহিংসতা বৃদ্ধি ও সম্পত্তি ধ্বংসসহ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের অসংখ্য ঘটনা যাচাই-বাছাই করছি।’’

post
এনআরবি বিশ্ব

জাতীয় নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের

জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। টেন ডাউনিং স্ট্রীটে দেয়া বক্তব্যে তিনি বলেছেন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এসময় জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঋসি সুনাক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তার সরকার সফলতার স্বাক্ষর রেখেছে। গত কয়েক সপ্তাহ ধরে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে চাপের মুখে ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এছাড়া লেবার দল বরাবর জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছিলো। প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণার পর লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। কনজারভেটিভ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তিনি আবারো বললেন তার দল ক্ষমতায় এলে দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সীমান্ত নিয়ন্ত্রণসহ সামাজিক অপরাধ দমন, শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়ানো এবং জ্বালানি বিল নিয়ন্ত্রণে আনবেন বলে ঘোষণা দিলেন। যদিও স্টারমারের বক্তব্যকে কাল্পনীক বলে মন্তব্য করেছেন ঋষি সুনাক। 

post
এনআরবি বিশ্ব

রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব ধরনর বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে। বুধবার ইরানি সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে। দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে কনসার্টও। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে। গত রোববার প্রেসিডেন্ট রাইসির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজার এ নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসিমুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জানাজাই আজ বুধবার পড়িয়েছেন খামেনি। রাইসির জানাজার নামাজে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। নারী ও পুরুষ উভয়ই কালো কাপড় পড়ে এসেছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.