যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের উদ্যোগে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনটির পূর্ব লন্ডনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সর্বদলীয় কমিউনিটি নেতাদের সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠক পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান।
সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই। বার বার ওয়াদা করার পরও হাইকমিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা স্টিকার ও পাওয়ার অব এটর্নি দিতে ২০১৫ সালের এক আইন দেখিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। বাংলাদেশি পাসপোর্ট পেতে দেরি করা হচ্ছে। বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী বিনিয়োগকারীদের বাধাগ্রস্ত ও হয়রানি করা হচ্ছে। প্রবাসীদের জায়গা-সম্পত্তি বেহাত হচ্ছে। সম্প্রতি সাতজন ব্রিটিশ বাংলাদেশিকে এক মিথ্যা মামলায় আট দিনের জন্য কারাবরণ করতে হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্ড না থাকায় তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বক্তারা তা তুলে ধরেন। বাংলাদেশি পাসপোর্ট রিনিউ বা নতুনভাবে করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান তারা। নতুন প্রজন্মের সন্তানদের নো ভিসা স্টিকার না দেওয়ায় বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা এসব সমস্যার সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসবিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার ও আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা কামনা করেন।
বক্তারা বাংলাদেশিদের ব্রিটিশ পাসপোর্টকে এনআইডি কার্ড দেওয়ার আগ পর্যন্ত আইডি হিসাবে স্বীকৃতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
