সৌদিতে ঠান্ডার সমস্যায় বাংলাদেশ
ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য সৌদি আরবে ক্যাম্প করেছে জাতীয় ফুটবল দল। ২ মার্চ ভোরে সৌদি আরবে পৌঁছানোর পর রোববার সন্ধ্যায় অনুশীলনে নামেন ফুটবলাররা। ঠান্ডা ও বাতাসের মধ্যে এক ঘণ্টা পর্যন্ত অনুশীলন করেন রাকিব হোসেন-তপু বর্মণরা।সৌদি আরব থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন,তায়েফের আবহাওয়া সৌদি আরবের অন্য শহর থেকে একটু ভিন্ন। এখানে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কিছুদিন আগে নাকি আরও বেশি ঠান্ডা পড়েছিল। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলার আগে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুশীলন করবে দল। মূলত উন্নত প্রশিক্ষণের জন্যই মধ্যপ্রাচ্যের দেশে যাওয়া। সেখানকার অনুশীলনের পরিবেশ এবং সুযোগ-সুবিধা দেখে খুশি কোচ ক্যাবরেরা। গত বছর জাতীয় দলের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। ২০২৪ সালে এই প্রথম একসঙ্গে এক ছাদের নিচে ফয়সাল আহমেদ ফাহিম-বিশ্বনাথ ঘোষরা। ২০২৩ সালের মতো এ বছরও দেশের মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় রহমত মিয়ার, গত বছর যেখানে শেষ করেছি, এবার সেখান থেকে শুরু করতে চাই। এ বছরে আরও একটু ভিন্ন উচ্চতায় যেতে পারি। এ জন্য আমাদের সবাইকে ডিটারমাইন্ড থাকতে বলেছেন কোচ।
