post
অভিবাসন

ভিসার ফি একলাফে ২০৫০ শতাংশ বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র! কড়াকড়ি আনা হয়েছে নিয়মে!

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক ভিসার ফি। গত ৩১ জানুয়ারি এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। বুধবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এক ঘোষণায় জানা যায় যে, এইচ-১বি ভিসা এক লাফে ২০৫০ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই ফি অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। এগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত ফি কার্যকর হবে। শেষবার ২০১৬ সালে এই ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসাগুলির ফি বৃদ্ধি করা হয়েছিল। এতদিন এইচ-১বি ভিসার জন্য আবেদনের ফি ছিল ৪৬০ মার্কিন ডলার। ১ এপ্রিল থেকে এজন্য গুনতে হবে ৭৮০ ডলার। অন্যদিকে এই ভিসার রেজিস্ট্রেশনের জন্য ১০ডলারের পরিবর্তে ২১৫ মার্কিন ডলার দিতে হবে। এই নিয়ম অবশ্য কার্যকর হবে আগামী বছর থেকে। অন্য দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলির অন্যতম ভরসা এইচ-১বি ভিসা। প্রতি বছর এই ভিসার মাধ্যমে ভারত ও চীনের মতো দেশগুলি থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করে সেখানকার প্রযুক্তি সংস্থাগুলি। মার্কিন কোম্পানিগুলিতে বিদেশি লগ্নিকারী ও তাঁদের পরিবারের জন্য ১৯৯০ সালে ইবি-৫ ভিসা চালু করেছিল যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে লগ্নির পরিমাণ কমপক্ষে ৫ লক্ষ মার্কিন ডলার। ইবি-৫ ভিসার বর্তমান ফি ৩ হাজার ৬৭৫ মার্কিন ডলার। এপ্রিলের প্রথম দিন থেকে এর জন্য ১১ হাজার ১৬০ মার্কিন ডলার খরচ করতে হবে। অন্যদিকে বহুজাতিক সংস্থাগুলির কর্মী আদান প্রদানের জন্য তৈরি এল-১ ভিসা। এর সাহায্যে অন্য দেশ থেকে নির্ধারিত সময়ের জন্য কর্মীদের আমেরিকায় অবস্থিত অফিসে পাঠায় সংশ্লিষ্ট সংস্থা। এবার থেকে এই ভিসা পেতে ৪৬০ মার্কিন ডলারের পরিবর্তে ১ হাজার ৩৮৫ টাকা দিতে হবে। ভিসা ফি বেড়ে যাওয়ার কারণে এখন কেউ তার স্ত্রী কিংবা স্বামীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চাইলে তা ব্যয়বহুল হবে। পাশাপাশি এদেশে অবস্থানকালে দ্বিতীয় ধাপে কেউ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) মর্যাদায় যেতে চাইলে উল্লেখযোগ্য হারে ফি গুনতে হবে। আই-১৩০ ফর্মের মাধ্যমে যারা পারিবারিক পুনর্মিলন বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রীকে যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে ফি ২৬ শতাংশ বাড়িয়ে ৬৭৫ মার্কিন ডলার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারীই তার আত্নীয়কে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে ও গ্রিন কার্ড পাইয়ে দিতে এই আবেদন করেন। পরবর্তীতে যদি ওই আত্মীয় স্ট্যাটাস সামঞ্জস্য করতে অর্থাৎ গ্রিন কার্ড পেতে আবেদন করেন তখন তাকে গুনতে হবে ১৪৪০ মার্কিন ডলার। এক্ষেত্রে ভিসা ফি বাড়ানো হয়েছে ১৮ শতাংশ। এদিকে এইচ-১বি ভিসা পুনর্নবীকরণে জালিয়াতি এড়াতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে। এর আগে একজন ব্যক্তি বিভিন্ন সংস্থার হয়ে কাজ করার জন্য একাধিক আবেদন করতে পারতেন। যার ফলে নিয়মের ফাঁক গলে এই ভিসা নিয়ে প্রায়শই জালিয়াতির অভিযোগ উঠত। কিন্তু নতুন নিয়মে এখন থেকে একজন ব্যক্তি একটি আবেদনই করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর মিলিয়ে বাকি আবেদন স্বীকৃত হবে না। ২০২৫ সালের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এই নতুন নীতি কার্যকর হবে বলে জানা গিয়েছে। যাদের চাকরি ২০২৪-২৫ অর্থবর্ষের ১ অক্টোবরের পরে শুরু হবে, তারা এই নতুন নীতিতে আবেদন করবেন। ভিসার জন্য আবেদন জানানোর প্রাথমিক রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ মার্চ থেকে ২২ মার্চ। প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে বিভিন্ন সংস্থাকে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেয়া হয়। পাশাপাশি আরও ২০ হাজার ভিসা দেয়া হয় বেশি ডিগ্রি ধারক কর্মীদের। প্রতিটি ভিসার মেয়াদ তিন বছর এবং তা পরে আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়। সাম্প্রতিক বছরে সবথেকে বেশি সংখ্যক এইচ১বি ভিসা ব্যবহার করে আমেরিকায় কর্মী নিয়োগ করেছে ইনফোসিস, টিসিএস, অ্যামজন, মেটা, অ্যালফাবেট (গুগল-এর মালিক)।

post
অভিবাসন

দক্ষ শ্রমিকের বিকল্প নেই:প্রতিমন্ত্রী

দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠাতে পারলে, বিদেশিদের কাছে দেশের  ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।তিনি বলেন,বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ শ্রমিকের বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অডিটোরিয়মে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শেষে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ৪৯০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে বুকিত আমান আন্ডারকভার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। দেশটির অপরাধ বিভাগের নেতৃত্বে জেনারেল অপারেশন টিম ও সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, এ অভিযান পরিচালনা করে। অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য নেওয়া হয়। পরে পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়। আটকদের মধ্যে কয়েকজন অভিবাসী ওইসব এলাকার অ্যাপার্টমেন্টে থাকা বিদেশি গ্রাহকদের চাহিদা মেটাতে নিজ দেশ থেকে পণ্য এনে বিক্রি করতো।

post
অভিবাসন

জার্মানিতে নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে নতুন আইনের অনুমোদন

জার্মানিতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে এনে নতুন আইনের অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সেই সঙ্গে নতুন আইনে দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগও দেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর থাকলে যে কেউ নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।নাগরিকত্বের জন্য আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর থাকলে যে কেউ নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বুন্দেসতাগে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি। বিপক্ষে ভোট দেওয়া এমপিদের সবাই দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরের পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে তাদের কাছে বার্তা—জার্মানি তাদেরও দেশ। বর্তমানে জার্মানিতে বসবাসরত বিদেশিদের মধ্যে নাগরিকত্ব পাননি এমন লোকজনের সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা জার্মানির মোট জনসংখ্যার ১৪ শতাংশ। তাদের মধ্যে প্রায় ৫৩ লাখ মানুষ গত ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন।

post
অভিবাসন

ইউরোপের তিনটি দেশ থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত

সম্প্রতি ইউরোপের তিনটি দেশ থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত যাওয়াদের মধ্যে রয়েছেন ফ্রান্স থেকে ২১ জন, সাইপ্রাস থেকে ১৬ জন এবং গ্রিস থেকে ১৪ জন। ফ্রান্সের ২১ জনের মধ্যে কয়েকজনের ইউরোপের বৈধ কাগজপত্র ছিল। তারপরও তাদের জোর করে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ করে উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের বিভিন্ন দেশে। তারা প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন। এ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে চলেছে নানা আলোচনা-সমালোচনা। কমিউনিটি ব্যক্তিত্ব ও অভিবাসন অভিজ্ঞরা বলছেন, ফ্রান্সে কাগজবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর নজির খুব কম। সাধারণত বড় কোনো অপরাধ না করলে দেশে পাঠানো হয় না।আগে কোনো অনিয়মিত বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করলে প্যারিসের বাংলাদেশ দূতাবাসে নিয়ে আউট পাস চাইত। তখন দূতাবাসের পক্ষ থেকে তদন্তের কথা বলে সময় চাওয়া হতো। এসময়ের মধ্যে বিভিন্ন উপায়ে আইনজীবীর মাধ্যমে বাংলাদেশিকে ছাড়িয়ে আনা হতো। অথচ এখন ডিটেনশন সেন্টারে গিয়ে বাংলাদেশিদের লিস্ট করে আউট পাস দিয়ে দেশে ফেরত পাঠাতে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস।

post
অভিবাসন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে ও সেখানে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিশ্বের উচিত রোহিঙ্গা সংকট সমাধানের উপায় বের করা, যাতে তারা স্বদেশে ফিরে গিয়ে সেখানে একটি সুন্দর জীবনযাপন করতে পারে।’ যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজি-র চেয়ার বীরেন্দ্র শর্মা এমপির নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল রোববার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।  বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে শেখ হাসিনা বলেন, ২০১৭ সালে অমানবিক নির্যাতনের মুখে রোহিঙ্গাদের ব্যাপকভাবে দেশত্যাগের পর বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছিল। প্রধানমন্ত্রী আরো বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হলেও, ছয় বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও এই লক্ষ্যে কোনো ব্যবস্থা নেয়নি। কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিক আর্থিক সহায়তা কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং রোহিঙ্গারা এখন বাংলাদেশের মতো একটি ছোট দেশের জন্য বিশাল বোঝা হয়ে উঠছে।

post
অভিবাসন

ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত

কুয়েতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে। তবে থাকছে না আগের নিয়ম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন আনছে। ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন শুরু হবে।কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৬০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ দিনারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৮৫ বাংলাদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক, বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেছেন, ২৪ জানুয়ারি (বুধবার) রাজ্যের সেনাই এলাকায় বেশ কয়েকটি কারখানায় অপারেশন মাহির নামের এই অভিযানে সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই এমন বিদেশি কর্মীদের আটক করা হয়। ২০-৪৭ বছর বয়সী ৬৯ বাংলাদেশি পুরুষ, ৭ ভারতীয় পুরুষ, ৪ শ্রীলঙ্কার পুরুষ এবং এক মিয়ানমারের দম্পতিকে আটক করা হয়। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায়, জোহর ইমিগ্রেশন বিভাগের ১০০ জন এনফোর্সমেন্ট অফিসারের সমন্বয়ে অভিযান শুরু হয়। ‌‘সেনাইয়ের একটি কারখানায় অভিযান চালানো হয়। কারখানায় কর্মসংস্থানের অনুমতি ছাড়াই কাজ করার সন্দেহে বিদেশি অভিবাসীরা রয়েছে বলে জনসাধারণের তথ্যের পরে এনফোর্সমেন্ট ব্যবস্থা নেয়। অভিযান চলাকালীন সময়ে এনফোর্সমেন্ট অফিসাররা ৩২৮ বিদেশির কাগজপত্র চেক করে।বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থান করার কারণে আটক শ্রমিকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) লঙ্ঘন করা হয়েছে বলে জানান বাহারউদ্দিন।তিনি বলেন, আটকরা, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তাদের পাসপোর্টের শর্তাবলী লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সেনাইয়ের বেশ কয়েকটি খাদ্য ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালায় অভিবাসন বিভাগ। অভিযানে এনফোর্সমেন্ট অফিসাররা ১১০ বিদেশির কাগজপত্র চেক করার পর অভিবাসন অপরাধে ৪০ বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬, পাকিস্তানি ২, একজন নেপালি ও ১ জন ভারতের।একই দিনে (বুধবার) সেরেমবান এলাকায় স্থানীয় অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করে। তাদের মধ্যে অন্তত ১০ বাংলাদেশি রয়েছেন। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, নথিবিহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ। অভিযানের পর তিনি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে অভিবাসী শ্রমিকদের আটক করা হয়েছে। তারা মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন।আটকদের মধ্যে ৬৪ জনই মিয়ানমারের নাগরিক। ইন্দোনেশীয় ১৩, বাংলাদেশি ১০, ভারতীয় ৬, পাকিস্তানি ৯, শ্রীলঙ্কান ৬ এবং নেপালি ২ নাগরিকও রয়েছেন।কেনিথ তান আইক কিয়াং বলেন, বেশিরভাগ বিদেশি ওই এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নির্মাণ স্থাপনায় কাজ করতেন।

post
অভিবাসন

ইতালির মিলানে পিঠা উৎসব

ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী এবং দাওয়াত ইন্ডিয়ান রেস্টুরেন্টের কর্ণধার জিশা শ্যামের উদ্যোগে প্রথমবারের মতো মিলানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে সহযোগিতা করতে অংশ নেন আরও ১৮ নারী। মিলানে বসবাসকারী প্রত্যেক নারীরাই নিজ নিজ পরিচয় এবং নিজেদের দক্ষতা দিয়ে জায়গা করে নেয় প্রবাসে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মিলানের দাওয়াত রেস্টুরেন্টে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনেক পরিবার নিয়ে এই উৎসবে অংশ নেন। পিঠা উৎসবে দেশীয় স্বাদের নানা রকমের পিঠা পুলিসহ ভিন্ন ভিন্ন রসমলাই, বিভিন্ন অঞ্চলের পিঠা নিয়ে আসেন কয়েকজন নারী। প্রবাসে পরিবারকে সময় দিয়ে কর্মব্যস্ততার মধ্যও এমন একটি আয়োজন করতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগীত শিল্পী জিশা শ্যামকে। ইতালির বিভিন্ন শহরে শীতকালে অনেকেই এই পিঠা উৎসবের আয়োজন করলেও মিলানে এমন আয়োজন হয় না।পিঠা উৎসবে অংশ নেন জিশা শ্যাম, সুমাইয়া স্নিগ্ধা, সুমি কর্মকার, তামান্না লিপি, তানজিলা টুম্পা, স্বর্ণা দেব, রূপশ্রী পুরকায়স্থ, কথা আইস, আইতি রায়, ঝুমুর সুতোপা পাল, লিপি বনিক, ঝুমা রানী, জারা আফরোজা, শম্পা আক্তার ছাড়াও আরও কয়েকজন নারী। আগামীতে এই উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের কথা জানান অংশ্যগ্রহণকারী নারীরা। শেষে কেক কেটে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ১৮ দিনে বাংলাদেশিসহ চার হাজারেরও বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদনকেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। অভিযানে নতুন বছরের প্রথম ১৮ দিনে বাংলাদেশিসহ চার হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। জুসোহ বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পৃথক ৮৭০টি অভিযানে ৯ হাজার ১৬৯ অভিবাসী শ্রমিকের কাগজপত্র চেক করা হয়েছে। এরমধ্যে বৈধ কাজপত্র না থাকায় ৪ হাজার ২৬ জনকে আটক করা হয়। এছাড়াও এক হাজার ৪৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিশেষ এ অভিযানের মধ্যে অন্যতম ছিল কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা খ্যাত’ কোতারায়া বাংলা মার্কেট। এখানে প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.