post
সংবাদ

শাহবাগে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল-সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।বুধবার (১৭ জুলাই) বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা এবং উপাচার্যের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।

post
সংবাদ

রায় বাতিল চেয়ে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষের

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। এই লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা করে। ফলে সরকারি চাকরিতে ১০ শতাংশ নারী কোটা, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ১০ শতাংশ জেলা কোটা বাতিল হয়ে যায়। পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাত জন হাইকোর্টে একটি রিট দায়ের করে। ওই রিটের শুনানি শেষে গত ৫ জুন সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এতে সরকারি চাকরিতে আবারও কোটা ফিরে আসে। আপিলে গেলে গত ৯ জুন হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ৪ জুলাই আপিল বেঞ্চ জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলাটির শুনানি শুরু হবে।

post
সংবাদ

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে কত সংখ্যক প্লাটুন মোতায়েন করা হয়েছে এখনো তা জানায়নি বিজিবি।

post
সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন। পাশাপাশি রেললাইনও অবরোধ করেছেন তারা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে।জানা গেছে, রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, টিএসসি, শাহবাগ, মিরপুর, বনানী, উত্তরা, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শনির আখড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের আগে থেকেই আন্দোলনে শামিল হন শিক্ষার্থীরা। বাংলানিউজের প্রতিবেদকরা ঢাকার বিভিন্ন স্থানের অবরোধের খবর জানাচ্ছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

post
সংবাদ

সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মহাখালীতে রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর থেকে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান। ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, অবরোধের কারণে দুটি ট্রেন মহাখালীর আশপাশে আটকা পড়েছে। ট্রেন দুটি না ছাড়লে এ রেলপেথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-পদ্মা সেতু রুট বাদে রাজধানীর সঙ্গে যাতায়াতে দেশের সব ট্রেন মহাখালীতে অবরুদ্ধ রেলপথটি ব্যবহার করে। অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমানে কার্যত বন্ধ রয়েছে।

post
সংবাদ

উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের "লিগাসি অ্যাওয়ার্ড-২০২৪" প্রদান

রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার (১৪ জুলাই) এক জমকালো আয়োজনের মাধ্যমে আগামীতে নেতৃত্ব দিবেন এমন তরুণ উদ্যোক্তা সদস্যকে প্রথমবারের মতো "লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪" প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে প্রথম এই এসোসিয়েশন উই এর ফাউন্ডার মেম্বার এবং সাধারণ সদস্যদের সন্তানদের মধ্যে থেকে মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই–বাছাই এর মাধ্যমে প্রথম বারের মতো ১০টা ক্যাটাগরিতে ১০ জন সদস্যকে এই পুরস্কার দেওয়া হয়। উইমেন এন্টারপ্রেনার্স বিজনেস "ফুড এন্ড বেভারেজ" ক্যাটাগরিতে পুরস্কার পান সুমি'স কিচেন এর স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি। বিভিন্ন ক্যাটাগরিতে অন্য যারা এই লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন তারা হলেন ফাইজা রহমান, বেনোজীর আইনুন, ফারজিন খান, ফেরদৌস জাহান, ফারহানা মুন্না, নিশাত খান, রিজওয়ানা শেখ, সিরাজুম মাসুদ, জোয়ানা খান। পুরস্কার প্রদান করেন বিশ্ব বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং জনপ্রিয় ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল। আরও উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ড: রুবিনা হুসেইন, উই এর বর্তমান প্রেসিডেন্ট সুলতানা সনিসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা। পুরস্কারপ্রাপ্ত সুমি বলেন, "যে কোন প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।"তার উদ্যোক্তা মা লায়লা জালালের হাত ধরেই উই এর মেম্বার হওয়া। তাই এই লিগ্যাসি এওয়ার্ড এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান তার মা লায়লা জালাল এবং উই এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত রোকেয়া আফজাল রহমানকে। সুমি উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন (WEA) এর জয়েন্ট সেক্রেটারি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (e-Cab) উইমেন এন্টারপ্রেনার্স ফোরামের কো-চেয়ারম্যান,বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (BFWE) এর বোর্ড মেম্বার এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স (BWCCI) এর সদস্য হিসেবে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

post
সংবাদ

‘অপতৎপরতা চালালে শক্ত হাতে দমন করা হবে’

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গে মতো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে- বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।সোমবার সকালে রাজধানীর হোসনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের, এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। হোসনী দালান এলাকায় ইন্সট্রুমেন্টাল চেকিং ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে।

post
সংবাদ

গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধের হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদন অর্থ ব্যয় না করে তা মানবজাতি বিশেষ করে মহিলা ও শিশুদের কল্যাণে কাজে লাগানোর আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,তিনি যেখানেই গেছেন সেখানেই গাজায় গণহত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

post
সংবাদ

জামিন পেলেন মিল্টন সমাদ্দার

প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মানবপাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই। গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়। পরে তাকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

post
সংবাদ

‘রাজাকার’ স্লোগান নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজেদের ‘রাজাকার’ বলে স্লোগান দেওয়া কোটা আন্দোলনকারীরা একাত্তরের গণহত্যা, মা-বোনের ওপর পাশবিক নির্যাতন এবং এদের সহায়তাকারী রাজাকারদের ভূমিকা সম্পর্কে জানে কি না সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাদের স্লোগানে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না।’ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে। লাখো মা-বোন নির্যাতিত। তাদের এই অবদান ভুললে চলবে না। পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে যখন রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার।’ তিনি বলেন, ‘তারা কি জানে একাত্তর সালের পচিশে মার্চ কি ঘটেছিল সেখানে? তিন’শ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে ধর্ষণ করেছিল। পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে গিয়েছিল। অনেক মেয়ে শাড়ি বা ওড়না নিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের সেগুলো পড়তে দেয়া হতো না। ওই এক কাপড়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের ওপর পাশবিক অত্যাচার করা হতো।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.