post
শিক্ষা

এইচএসসির সব পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট নতুন সূচি

এইচএসসির সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। সেটিও স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে।

post
সংবাদ

নোয়াখালীতে প্রবাসীর বাড়ীতে হামলা-লুটপাট

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের ওমান প্রবাসী আফসার উদ্দিনের বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ভূক্তভোগী পরিবারটি।জানা যায়, প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলায় তার স্ত্রী, ভাই, ভাবি ও ভাতিজাসহ অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আফসারের বড় ভাই জাকের হোসেন বাদি হয়ে খোরশেদসহ ১২ জনের নাম উল্লেখ করে, নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়ায় যায়নি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

post
সংবাদ

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি আমিরাত

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর চাউর হয়েছে সেটি ‘গুজব’।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়েছে। কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেই সাথে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়।

post
সংবাদ

ভিক্ষু‌কের জা‌তিতে প‌রিণত কর‌তে এই হামলা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হল আর কিছুই না বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটা বোধহয়, এর পেছনের ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক।শনিবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটর) হাসপাতালে গিয়ে এ কথা বলেন তি‌নি। সেখানে তিনি গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধটা কী করেছি? আমার কি এটাই অপরাধ, মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি। আর সেই জায়গাগুলোতেই হামলা করতে হবে।’ তিনি বলেন, ‘আজকে এতগুলো মানুষের জীবনের ক্ষতি হলো, এতোগুলো পরিবারের ক্ষতি হল, এর দায়দায়িত্ব কাদের? তাদের বিচার এই দেশের মানুষের করতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশকে একটা জায়গা নিয়ে আসলাম। সেখানে দেখি, জ্বালাও-পোড়াও সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলো মানুষকে সেবা দেয় সেখানে।’ জনগণের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে মেট্রোরেলে মানুষ কত অল্প সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেই স্টেশনগুলো পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে আবার কষ্টে ফেলে দিলো, তাদের বিচার এ দেশের মানুষকেই করতে হবে। আমি শুধু সকলের সহযোগিতা চাই।’

post
সংবাদ

‘রবি-মঙ্গলবার ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে’

আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। জনপ্রশাসনমন্ত্রী বলেন, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিরকল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা ও আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার সীমিতভাবে চলে সরকারি অফিস। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

post
সংবাদ

মোবাইল ডেটা চালুর বিষয়ে জানা যাবে কাল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামীকাল রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকও ডাকা হয়েছে।আগামীকাল রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তারা। সেখানে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পলক বলেন, রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইলের ফোরজি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

post
সংবাদ

‘নিরাপত্তার জন্য ৩ সমন্বয়ক ডিবির হেফাজতে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে নিরাপত্তাজনিত কারণে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদ।শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিবিপ্রধান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি। তারা বিভিন্ন জায়গা, ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গা বলেছেন। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। তাদের ক্ষেত্রে আমরা সেটাই করছি। ডিবিপ্রধান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসা করেছি, তারা বলেছেন, সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। অন্যান্য নেতাদের সঙ্গে তাদের কী কথা হয়েছে, এগুলো জানার জন্য আমরা তাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের নিরাপত্তা দেব। এর আগে শুক্রবার হাসপাতালে থাকা নাহিদের স্বজনরা জানান, ওইদিন বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যায়। পরে আসিফ ও বাকেরকে তুলে নেয়।

post
সংবাদ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বিক্ষোভ-সমাবেশ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষেভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। মুন্সীগঞ্জে কয়েকটি স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। 

post
সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কোথাও কোথাও অগ্নিসংযোগ করতে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এদিকে কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতেও দেখা গেছে। সকল আদেশ উপেক্ষা করে হল না ছাড়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে,ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

post
সংবাদ

রায় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন প্রধানমন্ত্রী

কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন: প্রধানমন্ত্রীকোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন: প্রধানমন্ত্রী তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি আরও বলেন, একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.