post
সংবাদ

‘আগামী বছর থেকে সবাই আসবেন পেনশন স্কিমে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে। এ স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন ২০২৫ সালের ১ জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের ১ জুলাই থেকে পেনশনে যোগদানের বিষয়ে যে তথ্য ছিল, সেটা সঠিক নয়। তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি। সবার মতো তারাও ২০২৫ সালের ১ জুলাইয়ে পেনশন স্কিমে যোগ দেবেন, বিষয়টি নিশ্চিত করা হয়েছে।শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আকতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূঁইয়ার নেতৃত্বে ১৩ জন শিক্ষক প্রতিনিধি বৈঠকে অংশ নেন। শিক্ষকদের অন্য দাবিগুলো নিয়ে তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান হবে।

post
শিক্ষা

৩৬ শিক্ষক-কর্মচারীকে শোকজ করল মাউশি

স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিকের ৩৬ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বৃহস্পতিবার (১১ জুলাই) শোকজ করা শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করে মাউশি। বুধবার মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী চিঠিতে স্বাক্ষর করেন। অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে বলা হয়েছে। জানা যায়, চলতি বছরের এপ্রিলের মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়। চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ কর্তৃক Digital Monitoring System এর মাধ্যমে পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (মার্চ/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়। উক্ত পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার নিম্নোক্ত শিক্ষক/কর্মচারী পরিদর্শনকালীন অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

post
সংবাদ

দেশের উত্তর ও পুর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

দেশের উত্তর ও পুর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আবারো অবনতি। ফলে দুর্ভোগ রয়েছেন বন্যা কবলিত মানুষ।গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ,সদর,ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের লক্ষাধিক মানুষ ১০ দিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে।এদিকে, বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে দুর্গত এলাকায়। অন্যদিকে, সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে জলাবদ্ধতা দেখা দেয় মহানগরীর বিভিন্ন অংশে। ফলে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এছাড়াও, সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর তীরবর্তী শহরের নবীনগর,ষোলঘর, লঞ্চঘাট,বড়পাড়া,মল্লিকপুর’সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে।

post
সংবাদ

সিলেট সিটি মেয়রের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়

সিলেটে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান।সিলেট সিটি কর্পোরেশনের নগরভবনে এ আয়োজন করা হয়। এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সভাপতি ওলি খান। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের সহ সভাপতি জামাল উদ্দিন, মঈন উদ্দিন, কেন্ট শাখার সভাপতি এম কে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, রাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহনেওয়াজ ও মো শাহজাহান।

post
সংবাদ

‘কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তির পর সরকার পদক্ষেপ নেবে’

কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক। এসময় কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলেও মন্তব্য করেন জনপ্রশাসনমন্ত্রী। এছাড়া সরকারি কর্ম কমিশন-পিএসসি’র সাবেক গাড়িচালক আবেদ আলীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফরহাদ হোসেন।

post
সংবাদ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরআগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বেইজিং এ প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এরসাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। এছাড়া এই সফরে ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা হয়। 

post
সংবাদ

‘সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে’

২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বুধবার (১০ জুলাই) প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এই রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

post
সংবাদ

চোরাই পথে আসা ২০৭টি স্মার্টফোন উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে আনা আইফোনসহ ২০৭ স্মার্টফোন, একটি ম্যাকবুক ল্যাপটপ ও নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. শাকিল ও তার ভাই মো. শাহীন।বৃহস্পতিবার (১১ জুলাই) এসব তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন। ইমরান হোসেন বলেন, ভারতীয় নাগরিক শাহিন রোশান গত ২৭ মার্চ তার ব্যবহৃত আইফোন হারালে প্রায় তিন মাস পর গুগল লোকেশনের মাধ্যমে জানতে পারেন তার মোবাইল ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায়। পরে তিনি ২ জুলাই তার ব্যক্তিগত নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এবং মোবাইল উদ্ধারে সহযোগিতা চান। বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ভারতীয় নাগরিকের আইফোনের অবস্থান ও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় ৩ জুলাই অভিযান পরিচালনা করে পূর্ব রসুলপুরের একটি বাসা থেকে আইফোনটি উদ্ধার করা হয়। আর এ আইফোন উদ্ধারের সূত্র ধরে মো. শাকিল ও তার ভাই মো. শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, পার্সেলের মধ্যে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন ব্র্যান্ডের আইফোনসহ স্মার্টফোন দেশে এনে দোকানে বিক্রি করতো। তাদের বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের পুরাতন সচল ও অচল ১৩৮টি আইফোন, ১১টি রেডমি, ১২টি ভিভো, ১০টি স্যামসাং, ৭টি অপো, ৫টি রিয়েলমি, ২টি লাভা, ২টি গুগল ও একটি করে মোটরালা, নোকিয়া, পোকো ও ওয়ানপ্লাসসহ মোট ১৯০টি স্মার্টফোন এবং একটি পুরাতন অ্যাপল ব্রান্ডের ম্যাকবুক ল্যাপটপ ও চোরাই মোবাইল বিক্রির নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।

post
সংবাদ

কোইকার সাথে ১১৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-কোইকার সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন-এর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এ চুক্তি সাক্ষর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও কোইকার প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে। এছাড়া এসকল কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।

post
সংবাদ

কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ওবায়দুল কাদের

কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। পাশাপাশি জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করে আন্দোলনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এছাড়া শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.