post
সংবাদ

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। সিলেট-মদিনা হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি মোট ৫টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী ৪টি ফ্লাইট যাবে সিলেট থেকে জেদ্দা। এই ৫টি ফ্লাইটে সবমিলিয়ে ২ হাজার ৯৫ জন হজ্বযাত্রী পরিবহন করা হবে।

post
সংবাদ

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার। এই শ্রমবাজারে বাংলাদেশ থেকে আর কোনো অদক্ষ কর্মী নেওয়া হবে না বলে জানানো হয়েছে।বুধবার মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এখানে এক লাখ কর্মী কাজ করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানো এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে ‘ফ্রি ভিসা বলতে এখানে কিছু নেই। কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন, সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যাঁরা এ দেশে কর্মরত রয়েছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাঁদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

post
সংবাদ

এমপি আনার হত্যার কারণ জানতে নিবিড় তদন্ত চলছে : ডিবি প্রধান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদ। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবি প্রধান বলেন, এই ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। হারুন বলেন, নিহত এমপির মেয়ে ডরিন আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন, এরপর আর পাওয়া যায়নি। সেখানে কী ঘটেছে, সেটা শুনেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন ডরিন। মামলা কীভাবে, কোথায় করবেন...। তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। আমরা তাকে বলেছি শেরে বাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছেন। মামলাটি আজকের মধ্যেই হবে।

post
সংবাদ

আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটককৃত তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের নিশ্চিত করেছে, তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মন্ত্রী বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়। বাংলাদেশিরাই খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে। তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।

post
সংবাদ

নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বিজ্ঞপ্তি হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার সকালে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এসময়ে মন্ত্রী বলেন,একটা বিষয় পরিষ্কার,মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর, নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নতুন কিছু নয়। তবে বাংলাদেশের কাকে দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

post
সংবাদ

যুক্তরাষ্ট্র’র নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান আজিজ

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর, জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে। এছাড়া, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও, বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত, বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন, জেনারেল আজিজ আহমেদ। এর আগে ২০১২ সাল থেকে ৪ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি।

post
শিক্ষা

স্নাতকে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরামর্শ

বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কারিকুলাম হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। শিল্প, বাণিজ্য, গবেষণাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে স্নাতক স্তরে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে এক সেমিস্টার বাধ্যতামূলক ইন্টার্নশিপের সুযোগ রেখে কারিকুলাম হালনাগাদের পরামর্শ দেন তিনি। এছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যত সংখ্যক শিক্ষার্থীর ইন্টার্নশিপের সংযুক্তির সুযোগ রয়েছে, সেটি বিবেচনায় এনে উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থী ভর্তির বিষয় বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। সক্ষমতার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করলে মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি না হওয়ার শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেছেন ইউজিসি চেয়ারম্যান। ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। সোমবার (২০ মে) ইউজিসিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

post
সংবাদ

মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামের অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়। সোমবার (২০ মে) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সিমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী ও দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হকের মেয়ে। মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালতে এ রায় ঘোষণা করেন।

post
সংবাদ

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সাহাবুদ্দিনের শোক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২০ মে) ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে এ সংক্রান্ত শোকবার্তা পাঠানো হয়েছে। শোকবার্তায় রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।

post
এনআরবি চাকুরী

কর কমিশনারের কার্যালয়ে ১০১ জনের নিয়োগ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকায় ০৬টি পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ০১ মে ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ৪ ও ৫ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়ম: আগ্রহীরা কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭ ঢাকা এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৩ মে ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৩ জুন ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ২০ মে ২০২৪

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.