post
সংবাদ

মালয়েশিয়ায় গমনেচ্ছুদের প্রস্তুতির অনুরোধ মন্ত্রণালয়ের

মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের অতি দ্রুত প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী পাঠানো দেশ থেকে আগামী ৩১ মে-র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশে বাধ্যবাধকতা আরোপ করেছে। মালয়েশিয়া গমনে আগ্রহীদের সতর্ক করে বলা হয়, এমন অবস্থায়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকারের দেয়া ই ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাই করে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এসময় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ লেনদেন না করারও অনুরোধ করা হয়। ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঐ বিজ্ঞপ্তিতে।

post
সংবাদ

দেশে পৌঁছালো এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির একমাস পর দেশে পৌছাঁলো বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। দীর্ঘ যাত্রা শেষে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজটি। বিষয়টি জানিয়েছেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ। কুতুবদিয়ায় চুনাপাথরের কিছু চালান খালাস করে জাহাজটি ১৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর বন্দর জেটিতে আসবে এমভি আব্দুল্লাহ। এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে জিম্মিদশা থেকে মুক্ত নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহ বর্তমানে কুতুবদিয়ায় নোঙর করেছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের লাইটার জাহাজে করে মঙ্গলবার সরাসরি সদরঘাট কেএসআরএম জেটিতে নিয়ে আসা হবে। সেখানেই তাদের বরণ করা হবে।’ ‘নাবিকদের জেটিতে বরণ করার জন্য কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নাবিকদের স্বজনদের কেউ কেউ এসময় জেটিতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। তারা নাবিকদের বরণ করে নেবেন।’ -মিজানুল ইসলাম। জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান এসআর শিপিং সূত্রে জানা গেছে, মঙ্গলবার এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নেবে নতুন একটি নাবিক দল। বর্তমান নাবিকরা দীর্ঘ ভ্রমণ ও জিম্মিদশার ট্রমা কাটিয়ে ওঠার জন্য ছুটিতে যাবেন। তবে তারা মঙ্গলবারেই ছুটি পাচ্ছেন কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

post
সংবাদ

বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে কাজ করবে সৌদি

বাংলাদেশি ৩০ লাখ শ্রমিক সৌদি আরবে কাজ করে, তাদের জীবনমান উন্নয়নে দেশটির সরকার কাজ করবে এবং ভবিষ্যতে এই সুযোগ আরো বৃদ্ধি পাবে বলে তারা আশ্বাস দিয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিলো তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তাদের কাগজ রিনিউ করে দেয়া হবে।

post
সংবাদ

ভিসা আবেদন হয়নি ১৮ হাজার হজযাত্রীর

নির্ধারিত সময়ের পরও দুদফা বাড়ানো হয় চলতি বছরের হজের ভিসা আবেদনের সময়। কিন্তু শেষ দিন শনিবার ভিসা আবেদন হয়নি ১৮ হাজার হজযাত্রীর। সৌদি সরকার যদি ভিসা আবেদনের সময় না বাড়ায়, তবে তাদের চলতি বছর হজে যাওয়া অনিশ্চয়তায় পড়বে। তবে ভিসা আবেদনের সময় তৃতীয় দফা বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থায় হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ২১৮ জন। এর সঙ্গে হজ গাইড ও মোয়াল্লেম মিলে এ সংখ্যা ৮৫ হাজার ২৫৭ জন। সর্বশেষ তথ্য বলছে, শনিবার রাত নয়টা পর্যন্ত মোট ভিসা পেয়েছে ৬৭ হাজারের কিছু বেশি। সে হিসেবে এখনও ভিসা পায়নি ১৮ হাজার ২৩৭ জন। তবে রাত ১২ টায় শেষ হচ্ছে এবারের হজের ভিসা আবেদনের সময়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করতে নিবন্ধন করেছেন। ৯ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট।

post
সংবাদ

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের ওমান সফর

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওমান সফর করেছেন। বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম দলটির নেতৃত্ব দিচ্ছেন। সফররত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে। এছাড়াও ওমান স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাত করেন তারা। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে তৈরী পোশাক এবং জাহাজ আমদানির বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন কমান্ড্যান্ট সাইফুল আলম। ওমানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস্ অব ওমান জানান- সুলতানাত অব ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসি বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

post
সংবাদ

লালমনিরহাটে প্রবাসীর দৃষ্টিনন্দন মসজিদ

লালমনিরহাটে প্রায় পাচঁ কোটি টাকা ব্যয়ে কানাডিয়ান মডেলে মসজিদ নির্মাণ করলেন কানাডা প্রবাসী শেখ রোস্তম আলী। হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নে দৃষ্টিনন্দন এ মসজিদটি তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে ওসমান জামে মসজিদ কমপ্লেক্স। শুক্রবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন মসজিদটির উদ্বোধন করেন। এসময় সবাইকে মিথ্যা ছেড়ে সততার সাথে কাজ করার আহবান জানান তিনি। মসজিদটিতে প্রায় ১৫শো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। সেখানে মহিলাদের জন্যেও নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। 

post
সংবাদ

প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে

দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের নেয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে, দেশে কেউ গরীব থাকবে না বলেও জানান তিনি। সকালে টুঙ্গিপাড়ায় দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভাগ্য উন্নয়নে সর্বজনীন পেনশন প্রকল্পে নিজেদের যুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে, তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে, প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে কাজ করে যাচ্ছে তার সরকার। সরকারের নানা কর্মকাণ্ডের পাশাপাশি, পেনশন স্কিমে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া, প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে, খাদ্য উৎপাদন বৃদ্ধি,ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে, আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

post
সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জে, বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে, ভুক্তভোগীরা। শুক্রবার দুপুরে, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কারযালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ মামুন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম ও মারুফ জানান,গনিপুর এলাকার প্রতারক ইসমাঈল হোসেন, ইতালি পাঠানোর কথা বলে, তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা নেয়। কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। বর্তমানে তারা দেশে এসে টাকা ফেরত চাইলে উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সঠিক তদন্ত কোরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

post
সংবাদ

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট। হজ্ব যাত্রীদের স্বাগত জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন,যেকোনো প্রয়োজনে হাজীদের পাশে থাকবে দূতাবাস। এসময় বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান, বাংলাদেশি হজ যাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইটে, ৪১৫ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়, সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেন হাজীরা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী,জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান, মেজর জেনারেল ফয়সাল আল রাজিসহ অনেকে। এসময় রাষ্ট্রদূত বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস,কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন, সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে,পবিত্র হজ পালনের জন্য প্রথম দিনে ১৯৮৪ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

post
সংবাদ

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল

ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল বৃহস্পতিবার ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিল তাঁদের একজন। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিযুক্তির কথা জানিয়েছে। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বর্তমা‌নে তি‌নি বেইজিংয়ে মা‌র্কিন দূতাবা‌সে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন কর‌ছেন। মিল বেইজিংয়ে দা‌য়ি‌ত্ব পাল‌নের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এ নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনো কাটেনি। কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, এই টানাপোড়েনের মধ্যে মার্কিনিরা সম্ভবত নিজেদের অগ্রাধিকারে পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় সম্পর্কে স্থবিরতার মতো পরিস্থিতি তৈরি হয়।এই অবস্থায় বাংলাদেশ সরকারের সাথে ঝামেলা আপাতত একপাশে রেখে কী করে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিকগুলো এগিয়ে নেওয়া যায়, তারই একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। মিলের ম‌নোনয়ন এরই মধ্যে সি‌নেটে পাঠা‌নো হয়েছে। সি‌নে‌টে শুনানির পর মিলকে যোগ্য ম‌নে হ‌লে ত‌বেই ম‌নোনয়ন চূড়ান্ত ক‌রে রাষ্ট্রদূত ক‌রে তা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌বে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হ‌লে বর্তমান রাষ্ট্রদূত পিটার হা‌সের স্থলাভিষিক্ত হবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.